Logo
Logo
×

ইনসাইট ।  চেঞ্জমেকার

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভুক সিইও, কে এই বাঙালি?

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬। ০৮:০৫ পিএম

আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬। ১৫:৩৭ পিএম

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভুক সিইও, কে এই বাঙালি?

গ্লোবাল ফিন্যান্স আর রিয়েল এস্টেটের কঠিন দুনিয়ায় শুধু নিয়ম মেনে চলা নয়, বরং পুরো খেলাটাই বদলে দিয়েছেন এক বাঙালি। তিনি শঙ্খ মিত্র। কলকাতার জাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে আজ তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি) ওয়েলটাওয়ার ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

কলকাতা থেকে ওয়াল স্ট্রিট

কলকাতা থেকে কলম্বিয়া বিজনেস স্কুল, এই যাত্রাটা মিত্রের ক্যারিয়ারের একদম শুরুর গল্প। অডিট জায়ান্ট প্রাইসওয়াটারহাউসকুপার্সে (পিডব্লিউসি) কাজ শুরু করেছিলেন সাধারণভাবেই, কিন্তু আসল ধার দেখা যায় ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে গিয়ে। সিটাডেল ইনভেস্টমেন্ট গ্রুপ আর ফিডেলিটি ইনভেস্টমেন্টসে সিনিয়র অ্যানালিস্ট হিসেবে কাজ করার পর মিলেনিয়াম ম্যানেজমেন্টে রিয়েল এস্টেট সিকিউরিটিজ পোর্টফোলিও ম্যানেজার হিসেবে একটা পুরো টিম সামলেছেন; কমার্শিয়াল রিয়েল এস্টেট কোম্পানির বটম-আপ আন্ডাররাইটিং, সিকিউরিটি সিলেকশন, কোয়ান্টিটেটিভ পোর্টফোলিও আর রিস্ক ম্যানেজমেন্ট— সবটাই। 


শঙ্খ মিত্র। ছবি: ন্যারিট


২০১৬ সালে মিত্র যোগ দেন ওয়েলটাওয়ারে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এরপর একে একে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ইনভেস্টমেন্টস), এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ২০১৮ সাল থেকে চিফ ইনভেস্টমেন্ট অফিসার আর ভাইস চেয়ার-চিফ অপারেটিং অফিসার হয়ে ২০২০ সালের ৫ অক্টোবর তিনি বসেন সিইওর চেয়ারে। সরিয়ে দেন তখনকার সিইও টমাস জে ডিরোসাকে, যিনি ছয় বছরেরও বেশি সময় ধরে কোম্পানি চালিয়েছিলেন। বোর্ডের স্বাধীন পরিচালক জেফ্রি ডোনাহু তখন বলেছিলেন, মিত্রের বিনিয়োগ আর অপারেশনাল দক্ষতাই কোম্পানিকে শক্ত জায়গায় দাঁড় করিয়েছে।

প্রথাগত রিয়েল এস্টেট ব্যবসায় প্রযুক্তির ছোঁয়া আনার ক্ষেত্রে মিত্রের নাম আলাদা করে বলতে হয়। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেশিন লার্নিং আর স্ট্যাটিসটিক্যাল লার্নিং নিয়ে তার আগ্রহ প্রবল। ইট-কাঠ-পাথরের ভবনের হিসাব নয়, বরং ডেটা আর প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়াটাই তার ট্রেডমার্ক।


টেসলা সিইও ইলন মাস্ক। ছবি ইলাস্ট্রেশন: বাংলাবাজার

ওয়েলটাওয়ার সিইও শঙ্খ মিত্র। ছবি ইলাস্ট্রেশন: বাংলাবাজার


বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভুক সিইও

শঙ্খ মিত্রের বার্ষিক কম্পেনসেশন প্যাকেজের অংক ২০২৫ সালের হিসেবে দাঁড়িয়েছে প্রায় ৮২১ মিলিয়ন ডলার; ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী যা তাকে বানিয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভুক সিইও, শুধু ইলন মাস্কের পরেই (মাস্কের প্যাকেজ ১৫৮ বিলিয়ন ডলার)। এই বিশাল অংকের ৯৯ শতাংশই স্টক অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত, আর তার একটা বড় অংশ নির্ভর করছে ওয়েলটাওয়ারের বাজারমূল্য পাঁচ বছরে ৪৫ শতাংশ বাড়ানো আর প্রধান স্টক মার্কেট বেঞ্চমার্কগুলোকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য পূরণের ওপর।

বোর্ড ও মেন্টরশিপ

ব্যবসার বাইরেও মিত্রের অবস্থান বেশ শক্ত জায়গায়। তিনি পাবলিক স্টোরেজের (এনওয়াইএসই:পিএসএ) বোর্ড অব ট্রাস্টির সদস্য, ন্যারিট অ্যাডভাইজরি বোর্ড অব গভর্নরসের সদস্য, আর ইউটি সাউথওয়েস্টার্ন মেডিকেল সেন্টারের প্রেসিডেন্টস অ্যাডভাইজরি বোর্ডের ট্রাস্টি। শুধু পুঁজি আর মুনাফার হিসাব নয়; তরুণ পেশাজীবীদের গড়ে তোলার কাজেও মিত্র বেশ আন্তরিক। নিজের টিমের মেন্টরিং করাটাকে তিনি নিজের অন্যতম বড় অর্জন বলে মনে করেন।



তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়েলটাওয়ার ইনক, কলম্বিয়া বিজনেস স্কুল, ইন্ডিয়াস্পোরা






যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে