দেশের কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের ডিজিটাল লেনদেনের আওতায় আনতে যৌথ উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান (আইএফপিআরআই)। এ উদ্যোগের মাধ্যমে কৃষি খাতে ডিজিটাল লেনদেন বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্র্যাক ব্যাংকের ইমপ্যাক্ট-ড্রিভেন এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন’-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে আর্থিক সহায়তা দিচ্ছে গেটস ফাউন্ডেশন।
দুই বছর মেয়াদি পরীক্ষামূলক এই উদ্যোগ চলবে ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত। প্রকল্পের আওতায় ৫০ হাজার কৃষক এবং ১ হাজার ৫০০ কৃষি উপকরণ বিক্রেতাকে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ব্যাংকটি জানিয়েছে, কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের ডিজিটাল লেনদেনের তথ্য সংরক্ষণ করা হবে। পরে সেই লেনদেনের ইতিহাস বিশ্লেষণ করে তাদের ঋণ পাওয়ার যোগ্যতা মূল্যায়ন করা হবে।
এর ফলে এত দিন অনানুষ্ঠানিক উৎসের ওপর নির্ভরশীল কৃষক ও কৃষি উপকরণ ব্যবসায়ীদের জন্য ব্যাংকসহ প্রাতিষ্ঠানিক উৎস থেকে অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সম্প্রতি এ বিষয়ে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং আইএফপিআরআইয়ের মহাপরিচালক জোহান সোয়িনেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব হোলসেল ব্যাংকিং শাহীন ইকবাল উপস্থিত ছিলেন।
আইএফপিআরআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র রিসার্চ ফেলো ড. কেট অ্যাম্বলার, বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মুগ্ধ মহজাব এবং রিসার্চ ফেলো ও প্রকল্পপ্রধান ড. মেহরাব বখতিয়ার।