বিগত ফ্যাসিবাদের সময় ক্ষমতাকে প্রশ্ন না করে গণমাধ্যমের মানুষেরা যেভাবে তোষামোদীতে ব্যস্ত ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে এখনো তা দেখতে হচ্ছে- এ কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রবিবার সকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেছেন মন্ত্রী।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বানও জানান তিনি।
মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার।
তিনি আরো বলেন, আন্দোলন অনেক হয়েছে। এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা ব্যবস্থা চালু করা প্রয়োজন যাতে আর সহিংসতার পথে যেতে না হয়৷
সবকিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বিরোধীদলকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদী বিরাজ করছে উল্লেখ করে সরকারমন্ত্রী বলেন, "তোষামোদী, মোসাহেবি—এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই...দেখতে হয়। রাজনীতিতে একই ঘটনা ঘটে। আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং রং। আমরা কেন জানি না জাতিগতভাবে বেরিয়ে আসতে পারছি না।"
এ থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বলেন, এত স্বল্প সময়ে ১৬ বছরের অপকর্ম থেকে জাতিকে শোধরানো সম্ভব নয়।