Logo
Logo
×

অর্থনীতি ।  টেক ও কম্যুনিকেশন

অ্যানথ্রপিক প্রধান দারিও আমোদেইয়ের আয় ১ কোটি ৮০ লাখ ডলার

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬। ১২:৫১ পিএম

আপডেট: ০৭ অক্টোবর ২০২৬। ১২:৫৫ পিএম

অ্যানথ্রপিক প্রধান দারিও আমোদেইয়ের আয় ১ কোটি ৮০ লাখ ডলার

ক্লড এআই নির্মাতা অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ২০২৫ সালে সব মিলিয়ে ১ কোটি ৮০ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছেন। তাঁর আয়ের বড় অংশ এসেছে কোম্পানির শেয়ার, স্টক অ্যাওয়ার্ড ও অন্যান্য সুবিধা থেকে।

অ্যানথ্রপিকের শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতির নথিতে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি চলতি বছরের শরৎ বা তার আগেই আইপিওতে যেতে পারে। সম্ভাব্য বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর আমোদেইয়ের পারিশ্রমিক অ্যালফাবেট ও অ্যামাজনের প্রধান নির্বাহীদের চেয়ে বেশি ছিল। তবে ওরাকল ও এনভিডিয়ার শীর্ষ নির্বাহীদের তুলনায় তা কম।

আমোদেইয়ের বার্ষিক মূল বেতন তাঁর মোট পারিশ্রমিকের তুলনায় অনেক কম। চলতি বছরের জুলাইয়ে তাঁর এবং অ্যানথ্রপিকের প্রেসিডেন্ট ও তাঁর বোন দানিয়েলা আমোদেইয়ের বার্ষিক বেতন দ্বিগুণ করে ১৪ লাখ ডলার করা হয়েছে।

২০২৫ সালে দানিয়েলা আমোদেই মোট ১ কোটি ৬৪ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছেন। ভাই-বোন দুজনের পারিশ্রমিকের বড় অংশই ছিল স্টক ও অপশন অ্যাওয়ার্ড।

এ বছর অ্যানথ্রপিকের পরিচালনা পর্ষদ তাঁদের আরও রেস্ট্রিক্টেড স্টক ইউনিট দেওয়ার অনুমোদন দিয়েছে। এর একটি অংশ কোম্পানিতে কাজের মেয়াদের সঙ্গে এবং আরেকটি অংশ সম্ভাব্য আইপিওর সঙ্গে যুক্ত।

প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা কৃষ্ণা রাও ২০২৫ সালে ৭ লাখ ২০ হাজার ২৫০ ডলার আয় করেছেন। ২০২৪ সালে যোগ দেওয়ার সময় তাঁকে ১৪ লাখ শেয়ার কেনার অপশন দেওয়া হয়েছিল। গত বছর তিনি ৩ লাখ ৮৫ হাজার ২৮৫ ডলার মূল্যের অপশন নগদায়ন করেন।

প্রযুক্তি নির্বাহীদের আয় কত

যুক্তরাষ্ট্রে শীর্ষ নির্বাহীদের পারিশ্রমিকের সঙ্গে সাধারণ কর্মীদের আয়ের ব্যবধান গত কয়েক বছরে আরও বেড়েছে। শ্রমিক সংগঠন এএফএল-সিআইওর হিসাবে, এসঅ্যান্ডপি ৫০০ কোম্পানির প্রধান নির্বাহীদের গড় বার্ষিক পারিশ্রমিক গত বছর ২১ শতাংশ বেড়ে ২ কোটি ২৮ লাখ ডলারে দাঁড়িয়েছে।

তবে এই গড় হিসাবের মধ্যে টেসলার প্রধান ইলন মাস্কের মতো ব্যতিক্রমী বিশাল শেয়ারভিত্তিক পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়নি।

নির্বাহী পারিশ্রমিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য ২ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে আমোদেইয়ের ১ কোটি ৮০ লাখ ডলার পারিশ্রমিক তুলনামূলকভাবে কম। তবে আইপিওর পর তাঁর প্রকৃত শেয়ার মালিকানার পরিমাণ প্রকাশ হলে তাঁর মোট সম্পদের প্রকৃত চিত্র আরও পরিষ্কার হবে।

অ্যানথ্রপিকের একাধিক সহপ্রতিষ্ঠাতা থাকায় আইপিও থেকে তৈরি হওয়া সম্পদের অংশ অন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-সিইওদের তুলনায় আমোদেইয়ের ক্ষেত্রে কিছুটা কম হতে পারে।

২০২৫ সালে প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের পারিশ্রমিকে বড় ব্যবধান দেখা গেছে। ওরাকলের কো-সিইও ক্লেটন মাগুইর্ক ৬২ কোটি ৭৫ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছেন।

অন্যদিকে স্পেসএক্সের প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্কের ঘোষিত বার্ষিক পারিশ্রমিক ছিল ৫৪ হাজার ৮০ ডলার। তবে তাঁর মতো প্রতিষ্ঠাতা-নির্বাহীদের বড় অংশের সম্পদ মূল বেতনের পরিবর্তে কোম্পানির শেয়ার মালিকানা থেকে আসে।

অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ২০২৫ সালে ১ কোটি ৯ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছেন। এর মধ্যে ব্যক্তিগত নিরাপত্তার পেছনেই ব্যয় হয়েছে ৮৮ লাখ ডলার। তবে শেয়ারের মূল্যবৃদ্ধিসহ ‘প্রকৃত প্রদত্ত পারিশ্রমিক’ হিসাবে তাঁর আয় ছিল ২১ কোটি ৩৯ লাখ ডলার।

অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসির বার্ষিক পারিশ্রমিক ছিল ২১ লাখ ডলার। তবে প্রকৃত প্রাপ্তির হিসাবে তাঁর আয় দাঁড়ায় ১ কোটি ৩২ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহীদের ক্ষেত্রে বার্ষিক বেতনের চেয়ে শেয়ার মালিকানাই বেশি গুরুত্বপূর্ণ। কোম্পানির মূল্য বাড়লে তাঁদের সম্পদের পরিমাণও দ্রুত বাড়ে।

অ্যানথ্রপিক জানিয়েছে, নির্বাহীদের পারিশ্রমিক কাঠামোয় বেতন, ইক্যুইটি অ্যাওয়ার্ড ও অন্যান্য সুবিধার সমন্বয় রয়েছে। তবে আইপিও নথিতে প্রতিষ্ঠাতাদের শেয়ার মালিকানার সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি।

আমোদেই ভাই-বোনসহ অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতারা তাঁদের মালিকানাধীন ইক্যুইটির ৮০ শতাংশ দাতব্য কাজে দেওয়ার অঙ্গীকারও করেছেন। দারিও আমোদেই এর আগে লিখেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ থেকে তৈরি সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় ধনী ব্যক্তিদের বিশেষ নৈতিক দায়িত্ব রয়েছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে