Logo
Logo
×
এআই বুমে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, ৮০ বিলিয়ন ডলার

সেমিকন্ডাক্টর ঘাটতি হওয়ায় স্যামসাংয়ের মতো কোম্পানির বিক্রি আরও বেড়েছে। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

অর্থনীতি ।  টেক ও কম্যুনিকেশন

এআই বুমে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, ৮০ বিলিয়ন ডলার

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬। ১২:৫৯ পিএম

আপডেট: ০৮ অক্টোবর ২০২৬। ১৩:৩৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারে ব্যবহৃত মেমোরি চিপের চাহিদা দ্রুত বাড়ছে। আর এতে স্যামসাং ইলেকট্রনিকসের ত্রৈমাসিক মুনাফা এক বছরের ব্যবধানে প্রায় নয় গুণ বাড়তে যাচ্ছে।

দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটির হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে তাদের পরিচালন মুনাফা বেড়ে ১০৭ দশমিক ৪ ট্রিলিয়ন ওনে পৌঁছাবে, যা প্রায় ৬১ বিলিয়ন পাউন্ড বা ৮০ বিলিয়ন ডলারের সমান।

এটি হবে টানা চতুর্থ প্রান্তিক, যখন স্যামসাং রেকর্ড মুনাফা করবে।

স্থানীয় প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্স ও যুক্তরাষ্ট্রের মাইক্রনের সঙ্গে স্যামসাংও বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতাদের একটি। এনভিডিয়ার মতো এআই কোম্পানির জন্য প্রয়োজনীয় চিপ উৎপাদনে এসব প্রতিষ্ঠানের বড় ভূমিকা রয়েছে।

গ্যালাক্সি ফোল্ড ও এস২৬ স্মার্টফোন নির্মাতা স্যামসাং আগস্টে বাজারে আনা নতুন ফোল্ডিং ডিভাইস থেকেও অতিরিক্ত আয় পাবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ আর্থিক ফল অক্টোবরের শেষে প্রকাশ করা হবে।

দক্ষিণ কোরিয়ার কিছু বড় কোম্পানি বিস্তারিত আর্থিক প্রতিবেদন প্রকাশের আগে বিনিয়োগকারীদের ধারণা দিতে প্রাথমিক মুনাফার পূর্বাভাস প্রকাশ করে।

বাইরের বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় এসব হিসাবকে সাধারণত বেশি নির্ভরযোগ্য ধরা হয়, কারণ এগুলো কোম্পানির নিজস্ব অভ্যন্তরীণ তথ্যের ভিত্তিতে তৈরি।

এআই উন্নয়নে প্রয়োজনীয় কম্পিউটার চিপের বৈশ্বিক চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এর ফলে এই প্রযুক্তির সঙ্গে যুক্ত চিপ নির্মাতাদের আয় ও শেয়ারদর দুটোই ঊর্ধ্বমুখী হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে চাহিদার এই উল্লম্ফন বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর ঘাটতি তৈরি করেছে। এতে স্যামসাংয়ের মতো কোম্পানির বিক্রি আরও বেড়েছে। চলতি বছরের শুরুতে শেয়ারবাজারে স্যামসাংয়ের মূল্যায়ন ১ ট্রিলিয়ন ডলার বা প্রায় ৭৫৭ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যায়।

চিপ ও এআই খাতে বিনিয়োগও দ্রুত বেড়েছে। গুগল, অ্যামাজন ও মেটাসহ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টগুলো চলতি বছর এআই প্রকল্পে ৬৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

জুনে দক্ষিণ কোরিয়া আগামী কয়েক বছরে দেশটির চিপ উৎপাদন সক্ষমতা বাড়াতে স্যামসাং ও এসকে হাইনিক্সের নেতৃত্বে অন্তত ৮৮০ বিলিয়ন ডলারের প্রকল্প পরিকল্পনা ঘোষণা করে।

জাপান, চীন ও তাইওয়ানের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোও এআইয়ের চাহিদা বাড়তে থাকায় চিপ কারখানায় বিপুল বিনিয়োগ করছে।

তবে এই চাহিদা বৃদ্ধির আরেকটি প্রভাবও আছে। চিপের ঘাটতির কারণে স্যামসাংসহ বিভিন্ন কোম্পানি দাম বাড়িয়েছে। ফলে স্মার্টফোন ও কম্পিউটারের মতো পণ্যের দামও আরও বেড়ে যাচ্ছে।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে