হজ এজেন্সিগুলোর কমিশন বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
শনিবার ১ আগস্ট রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য নির্ধারণের মাধ্যমে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। ফলে ক্ষমতায় আসার পাঁচ মাসের মধ্যেই হজযাত্রীদের বিমান টিকিটের খরচ ৩৬ হাজার ৮০০ টাকা কমানো সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সৌদি আরব সরকারের আরোপিত বিমান টিকিট-সংক্রান্ত কর কমানোর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এতে ভবিষ্যতে হজযাত্রীদের ব্যয় আরও কমানোর সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হজ কার্যক্রমে সম্পৃক্ত সবাইকে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, "হজ শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি পবিত্র ইবাদত। এ কাজে কোনো ধরনের অনিয়ম বা অন্যায় করলে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে—এ বিষয়টি সবার মনে রাখা উচিত।"
তিনি বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সরকার, হাব এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে সাবেক মন্ত্রী হারুনার রশিদ মুন্নুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংগঠনের নেতৃবৃন্দ, হজ এজেন্সির প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শনিবার সমাপ্ত হয়। মেলায় বিভিন্ন হজ ও ওমরাহ প্যাকেজ, নিবন্ধন, ভ্রমণ-সংক্রান্ত তথ্য ও সেবার বিষয়ে দর্শনার্থীদের পরামর্শ দেওয়া হয়।