Logo
Logo
×

অর্থনীতি ।  পুঁজিবাজার

এনভিডিয়াকে পেছনে ফেলে বাজারমূল্যে আবারও শীর্ষে অ্যাপল

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬। ০১:৩৯ পিএম

এনভিডিয়াকে পেছনে ফেলে বাজারমূল্যে আবারও শীর্ষে অ্যাপল

বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান আবারও দখল করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। শুক্রবার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৮ ট্রিলিয়ন ডলারে। একই সময়ে চিপ নির্মাতা এনভিডিয়ার বাজারমূল্য কমে হয়েছে প্রায় ৪ দশমিক ৮৬ ট্রিলিয়ন ডলার। ওই দিন এনভিডিয়ার শেয়ারদর ৩ দশমিক ৫ শতাংশ কমেছে। খবর রয়টার্স।

এর মাধ্যমে গত বছরের এপ্রিলের পর আবারও বাজারমূল্যের দিক থেকে শীর্ষস্থান ফিরে পেল অ্যাপল। বাজার বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

গত বছরের অক্টোবরে বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছিল এনভিডিয়া। এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের জোয়ারে সে সময় কোম্পানিটির শেয়ারদর দ্রুত বাড়ে এবং বাজারমূল্যের দিক থেকে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানকে ছাড়িয়ে যায়।

তবে বিশ্লেষকদের মতে, অ্যাপলের শীর্ষে ওঠাকে এনভিডিয়ার দুর্বলতার ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো তৈরিতে ব্যবহৃত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) বাজারে এখনো এনভিডিয়ার অবস্থান সবচেয়ে শক্তিশালী।

তাদের ভাষ্য, এই পরিবর্তন মূলত বিনিয়োগকারীদের কৌশলগত অবস্থান বদলের প্রতিফলন। এতদিন এআই খাতের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে এনভিডিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন বিনিয়োগকারীরা প্রযুক্তি খাতের অন্যান্য বড় কোম্পানির সম্ভাবনাও নতুন করে মূল্যায়ন করছেন।

বিআরআই ওয়েলথ ম্যানেজমেন্টের বিনিয়োগ বিভাগের প্রধান টনি মেডোজ বলেন, একসময় অ্যাপলকে এআই প্রতিযোগিতায় পিছিয়ে থাকা প্রতিষ্ঠান হিসেবে দেখা হতো, কারণ নিজস্ব এআই প্রযুক্তি উন্নয়নে কোম্পানিটি তুলনামূলক কম বিনিয়োগ করেছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই ধারণায় পরিবর্তন আসতে শুরু করেছে।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে