বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬। ১২:২৮ পিএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬। ১৬:৪১ পিএম
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনে নয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ছয়জন। হতাহতদের উদ্ধারে কাজ চলছে।
নিহতরা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। আগুনে রিসোর্টটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা পর্যটক বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, উদ্ধারকাজ এখনো চলমান এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
এরপর পোড়া ভবনের ভেতরে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস।
আগুন লাগার সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে চার থেকে পাঁচজন নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। তবে বাকিদের অবস্থান ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ কারণে ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা জানতে উদ্ধারকারী দল রিসোর্টের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে।
অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যাচ্ছে না এবং তারা সেখান থেকে চলে গেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আগুন কীভাবে শুরু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা হয়নি।