Logo
Logo
×

খবর ।  দেশ

পূজার পাঁচ দিনের ছুটিতে ফাঁকা ঢাকা, টার্মিনাল-স্টেশনে যাত্রীদের ভিড়

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬। ০৫:০৩ পিএম

পূজার পাঁচ দিনের ছুটিতে ফাঁকা ঢাকা, টার্মিনাল-স্টেশনে যাত্রীদের ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশে রাজধানী ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ। ঘরমুখো যাত্রীদের চাপে বাস টার্মিনাল ও রেলস্টেশনে ভিড় বাড়লেও ঢাকার সড়কগুলোতে যানবাহনের চাপ কমেছে। ফলে চিরচেনা যানজটের নগরীতে চলাচলে স্বস্তি ফিরেছে।

সোমবার (১৯ অক্টোবর) ছিল ছুটির আগের শেষ কর্মদিবস। ওই দিন থেকেই অনেকে বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করেন। মঙ্গলবারও (২০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।

যানবাহনের চাপ কম থাকায় রাজধানীর এক স্থান থেকে অন্য স্থানে তুলনামূলক কম সময়ে পৌঁছাতে পারছেন যাত্রীরা। তবে টার্মিনাল ও স্টেশনে গিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাপন কুমার সরকার সিরাজগঞ্জে গ্রামের বাড়ি যাওয়ার জন্য মহাখালী বাস টার্মিনালে আসেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে টার্মিনাল পর্যন্ত অন্য দিনের তুলনায় সহজেই পৌঁছাতে পেরেছেন। কিন্তু সেখানে এসে প্রচণ্ড ভিড় দেখতে পান।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েফউদ্দীন আহমেদও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার ভাষ্য, সাধারণ দিনে কুড়িল এলাকা পার হতে যে সময় লাগে, মঙ্গলবার তার চেয়ে অনেক কম সময়ে বের হতে পেরেছেন। তবে রেলস্টেশনে পৌঁছে যাত্রীদের ব্যাপক ভিড় দেখতে পান।

বেসরকারি চাকরিজীবী মাশরাফি শোভন সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার উদ্দেশে কমলাপুর রেলস্টেশনে গিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে বাড়ি না গিয়ে ফিরে আসেন। মঙ্গলবার আবারও যাত্রার সিদ্ধান্ত নেন তিনি।

অন্যদিকে ঝালকাঠিগামী যাত্রী তন্ময় চন্দ্র জানান, সায়েদাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত ভিড় থাকায় সেখান থেকে বাসে উঠতে পারেননি। পরে দোলাইরপাড় থেকে বাস ধরেন।

দীর্ঘ ছুটিতে ধর্ম-বর্ণনির্বিশেষে অনেকেই রাজধানী ছেড়ে বাড়ি যাচ্ছেন বলে জানান তিনি।

এদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানিয়েছেন, পূজার ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানীর সড়কে গাড়ির চাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে যান চলাচল নিয়ন্ত্রণও সহজ হয়েছে।

রাজধানীর যানজট কমাতে দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি। এর মধ্যে নির্দিষ্ট স্কুলবাস চালু, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো এবং বাস টার্মিনালগুলো রাজধানীর বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর যানজট পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন পুলিশের এই কর্মকর্তা।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে