Logo
Logo
×

খবর ।  অপরাধ

নোয়াখালীতে ককটেল ফাটিয়ে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬। ০১:২৫ পিএম

নোয়াখালীতে ককটেল ফাটিয়ে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি দোকানে ঢুকে জামায়াতে ইসলামীর এক কর্মীকে গুলি করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৩৭)। তিনি বেগমগঞ্জ উপজেলার ১ নম্বর আমানউল্লাহপুর ইউনিয়নের জিনু মার্কেটের একজন মুদি ব্যবসায়ী। তার বুক ও পেটে গুলি লেগেছে।

রবিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে জিনু মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, রাতে একদল সশস্ত্র ব্যক্তি মুখোশ পরে বাজারে প্রবেশ করে। প্রথমে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর হামলাকারীরা নিজাম উদ্দিনের মুদিদোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। হামলার পরপরই মুখোশধারী ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত নিজাম উদ্দিনকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নোয়াখালী জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

পরে রাতেই অ্যাম্বুলেন্সে করে নিজাম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ জামায়াতের

এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে অভিযোগ করেছে স্থানীয় জামায়াতে ইসলামী।

দলটির বেগমগঞ্জ উপজেলা শাখার আমির আবদুজ জায়েদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা হামলায় জড়িত।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো উসকানি ছাড়াই নিজাম উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

এর আগেও নিজাম উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছিল বলে দাবি করেন জামায়াতের এই নেতা।

হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

তবে হামলায় ছাত্রলীগ বা যুবলীগের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল জিনু মার্কেটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, হামলাকারীদের পরিচয় শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে