Logo
Logo
×

অর্থনীতি ।  শিল্প ও বাণিজ্য

বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬। ০৮:০৮ পিএম

বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা

বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়াতে তৈরি পোশাকের বাইরে হালকা প্রকৌশল ও যন্ত্রপাতিসহ নতুন খাত যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের বিষয়েও আলোচনা করেছেন দুই দেশের কর্মকর্তারা।

রবিবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

এ সময় বহুপক্ষীয়তাবাদ সমুন্নত রাখতে বাংলাদেশ ও কানাডার একসঙ্গে কাজ করার উপায় নিয়েও আলোচনা হয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ ও বৈঠকের আশা প্রকাশ করা হয়।

বৈঠকে কানাডায় বসবাসরত এক লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর অবদানের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় কানাডার অব্যাহত সহযোগিতার জন্যও তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান। জবাবে কানাডার হাইকমিশনার রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনে দেশটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কানাডার সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে কৃষি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার একটি কাঠামো তৈরির সম্ভাবনার কথাও তুলে ধরেন কানাডার হাইকমিশনার।

এ ছাড়া জ্বালানি সহযোগিতা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে