Logo
Logo
×

অর্থনীতি ।  পণ্যবাজার

দাম বেড়েছে আগাম শীতের সবজির, অপরিবর্তিত মাছ-মাংস-ডিম

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬। ০১:২২ পিএম

দাম বেড়েছে আগাম শীতের সবজির, অপরিবর্তিত মাছ-মাংস-ডিম

চলতি সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে আগাম শীতের সবজি শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। তুলনামূলক কম দামে পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সাধারণ সবজি ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা ৫০ থেকে ৬০ টাকা কেজি পাওয়া গেলেও দেশি শসার দাম ৮০ থেকে ১০০ টাকা। কাঁচা মরিচ মানভেদে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারেও দামে তেমন পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দামও আগের উচ্চমূল্যেই রয়েছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৫৫ টাকা এবং চারটি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও প্রায় একই চিত্র। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা এবং বাইম ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা ও শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের শিং আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারভেদে মাছের দামে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য রয়েছে। মাছের আকার এবং জীবিত বা মৃত হওয়ার ওপরও দামের পার্থক্য হচ্ছে।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে