Logo
Logo
×

অর্থনীতি ।  শিল্প ও বাণিজ্য

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬। ০১:৪৫ পিএম

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে গণঅনশনে বসেছেন বন্দরের শ্রমিকরা।

সোমবার বেলা ১১টার পর চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে গণঅনশন অনুষ্ঠিত হচ্ছে।

কর্মসূচি চলাকালে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকারকে সময় দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ না আসায় তারা অনশন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

সরকারকে আলোচনার জন্য আরও সময় দিতে চান জানিয়ে তিনি বলেন, এরপরও আলোচনা শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জিবুতিসহ বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার নজির তুলে ধরে এনসিটির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক নেতা মো. ইব্রাহিম খোকন বলেন, এনসিটি পরিচালনার জন্য হওয়া চুক্তিতে কী কী শর্ত রয়েছে, সে বিষয়ে শ্রমিকদের পাশাপাশি দেশের সাধারণ মানুষও জানে না। সরকার যেন অবিলম্বে চুক্তিটি বাতিল করে, সেই দাবি জানান তিনি।

গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের পক্ষে কোম্পানিটির চেয়ারম্যান ঈসা কাজিম চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষরের পর ওই দিন বিকেলেই চট্টগ্রাম বন্দর ভবনের মূল প্রবেশপথের কাছে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকেই চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

গণঅনশনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম, বন্দর রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব ফজলুল কবীর মিন্টু এবং বাসদ নেতা আল কাদেরী জয় ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

আন্দোলনকারীরা বলছেন, এনসিটি পরিচালনার চুক্তি বাতিল এবং বন্দর শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না এলে সামনে আরও কঠোর কর্মসূচির দিকেও যেতে পারেন তারা।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে