প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ এএম
আবর্জনার ব্যবসায় বিল গেটসের ২৯ বিলিয়ন ডলারের সম্পদ
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬। ০১:৪২ পিএম
আপডেট: ১৮ নভেম্বর ২০২৬। ১৯:১০ পিএম
- শেয়ার
- Messenger
- Telegram
- Threads
বিল গেটস। ছবি: নিউইয়র্ক টাইমস
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের জন্য পরিচিত মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। অথচ তার সম্পদের একটি বড় অংশ এসেছে এমন এক ব্যবসা থেকে, যা জলবায়ুদূষণের অন্যতম উৎস। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ল্যান্ডফিল পরিচালনাকারী প্রতিষ্ঠান রিপাবলিক সার্ভিসেসে তার ৩৮ শতাংশ মালিকানা রয়েছে, যার বাজারমূল্য প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলার।
প্রতিষ্ঠানটির বিভিন্ন ল্যান্ডফিল থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস নিঃসরণের তথ্য উঠে এসেছে এক অনুসন্ধানে। পরিবেশদূষণ কমানোর প্রতিশ্রুতি দিলেও প্রতিষ্ঠানটি নিঃসরণ নিয়ন্ত্রণে যথেষ্ট কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
২০১৫ সালের নভেম্বরে প্যারিস জলবায়ু সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানির গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন গেটস। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে পরিচ্ছন্ন জ্বালানি গবেষণার অন্যতম উদ্যোক্তা হিসেবে প্রশংসা করেন।
সম্মেলনে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলো পরিচ্ছন্ন জ্বালানি গবেষণায় বিনিয়োগ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেয়। গেটস নিজেও দুই ডজনের বেশি বিলিয়নেয়ারকে সঙ্গে নিয়ে ভূতাপীয় শক্তি, নতুন ধরনের পারমাণবিক চুল্লি ও কার্বন অপসারণ প্রযুক্তিতে অন্তত ২০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন।
কিন্তু একই সময়ে বর্জ্য ব্যবস্থাপনার মতো দূষণসংশ্লিষ্ট একটি শিল্পে তার বিনিয়োগ ছিল আরও বেশি। প্যারিস সম্মেলনের সময়ই রিপাবলিক সার্ভিসেসের প্রধান শেয়ারহোল্ডার ছিলেন তিনি। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটিতে তার মালিকানা আরও বেড়েছে।
বর্জ্যের ব্যবসায় বিপুল মুনাফা
১৯৯৯ সালের নভেম্বরে রিপাবলিক সার্ভিসেসের ৫ শতাংশ শেয়ার কেনেন বিল গেটস। এরপর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৩০ গুণ বেড়েছে। এই বিনিয়োগ থেকে তিনি ব্যক্তিগতভাবে প্রায় ২৬০ কোটি ডলার লভ্যাংশ পেয়েছেন।
তখন বিশ্বের শীর্ষ ধনী গেটস তার সম্পদের বড় অংশ নিরাপদ ও স্থিতিশীল খাতে বিনিয়োগের দায়িত্ব দিয়েছিলেন ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপক মাইকেল লারসনকে। আবর্জনা ব্যবস্থাপনার ব্যবসায় নিয়মিত চাহিদা থাকায় এই খাতকে লাভজনক বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়ে থাকতে পারে।
২০০৬ সালে জলবায়ুবিজ্ঞানীদের সঙ্গে আলোচনার পর গ্রিনহাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আরও সচেতন হন গেটস। পরে ২০১৫ সালে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির উন্নয়নে ব্রেকথ্রু এনার্জি উদ্যোগ চালু করেন।
তবে মিথেন নিঃসরণের অন্যতম উৎস ল্যান্ডফিল নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের মোট মিথেন নিঃসরণের এক-পঞ্চমাংশ পর্যন্ত আসে ল্যান্ডফিল থেকে। রিপাবলিক সার্ভিসেসের কার্যক্রম থেকে প্রতিবছর যে পরিমাণ জলবায়ুদূষণ হয়, তা প্রায় ৩০ লাখ পেট্রলচালিত গাড়ির নিঃসরণের সমান।
মিথেন স্বল্পমেয়াদে কার্বন ডাই-অক্সাইডের তুলনায় প্রায় ৮০ গুণ বেশি তাপ আটকে রাখতে পারে। বৈশ্বিক উষ্ণায়নের প্রায় এক-তৃতীয়াংশের জন্য এই গ্যাস দায়ী। ফলে মিথেন নিঃসরণ কমানো জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্বপূর্ণ উপায়।
নিঃসরণ নিয়ন্ত্রণে অনিয়মের অভিযোগ
ল্যান্ডফিলে মাটির নিচে পচনশীল বর্জ্য থেকে মিথেন তৈরি হয়। বড় ল্যান্ডফিলগুলোয় বিশেষ কূপ ও পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস সংগ্রহ করে পুড়িয়ে ফেলা হয় অথবা প্রক্রিয়াজাত করে জ্বালানি হিসেবে বিক্রি করা হয়।
রিপাবলিক সার্ভিসেসের টেক্সাসের ম্যাককার্টি রোড ল্যান্ডফিলে প্রায় ৫০০টি কূপ ব্যবহার করে গ্যাস সংগ্রহ করা হয়। তবে এই প্রযুক্তি থাকা সত্ত্বেও বিভিন্ন স্থাপনায় নির্ধারিত সীমার অতিরিক্ত মিথেন নিঃসরণের অভিযোগ পাওয়া গেছে।
২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার পরিদর্শকরা প্রতিষ্ঠানটির প্রায় ২০০টি ল্যান্ডফিলের মধ্যে অন্তত ৩৯টি পরীক্ষা করেছেন। এসব স্থাপনায় ১ হাজার ৪০০টির বেশি সমস্যাপূর্ণ স্থান শনাক্ত হয়েছে। কোথাও কোথাও মিথেনের ঘনত্ব নির্ধারিত সীমার ১০০ থেকে ৩০০ গুণ পর্যন্ত পাওয়া গেছে, যা বিস্ফোরণের ঝুঁকি তৈরি করেছিল।
২০২৪ সালের সেপ্টেম্বরে পরিবেশ সুরক্ষা সংস্থা জানায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ল্যান্ডফিলে পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের নিয়ম লঙ্ঘিত হচ্ছে। সংশ্লিষ্ট তালিকার প্রায় এক-পঞ্চমাংশ স্থাপনা রিপাবলিক সার্ভিসেসের।
প্রতিষ্ঠানটির মুখপাত্র রব লিট জানিয়েছেন, পরিবেশ ব্যবস্থাপনায় তাদের শত শত কর্মী নিয়োজিত রয়েছেন। কোনো সমস্যা শনাক্ত হলে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
এদিকে ২০১৯ সালে রিপাবলিক সার্ভিসেস ২০৩০ সালের মধ্যে নিঃসরণ ৩৫ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ২০২১ সালে আন্তর্জাতিক মানদণ্ড কঠোর হওয়ার পর নতুন লক্ষ্য গ্রহণে পিছিয়ে যায় প্রতিষ্ঠানটি।
নতুন মানদণ্ড পূরণে গ্যাস সংগ্রহের অবকাঠামো উন্নয়নে ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ প্রয়োজন হতে পারত। প্রতিষ্ঠানের সাবেক এক কর্মীর মতে, এই ব্যয় বাড়লে শেয়ারহোল্ডারদের মধ্যে মুনাফা বিতরণের সুযোগ কমে যেত।
গেটসের বিনিয়োগ ব্যবস্থাপক মাইকেল লারসন ২০০৯ সাল থেকে রিপাবলিক সার্ভিসেসের পরিচালনা পর্ষদে রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ৩৮ শতাংশ মালিকানা থাকায় প্রতিষ্ঠানের পরিবেশনীতি ও বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্তে গেটসের প্রভাব রাখার যথেষ্ট সুযোগ রয়েছে।
পরিবেশবান্ধব নীতির বিরোধিতায় প্রতিষ্ঠান
২০১৯ সালে জ্বালানি তেল ও গ্যাস কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়েছিলেন বিল গেটস। জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে মুনাফা করার পরিবর্তে বিকল্প প্রযুক্তিতে বিনিয়োগের কথা জানিয়েছিলেন তিনি। তবে রিপাবলিক সার্ভিসেসের শেয়ার ধরে রেখেছেন।
প্রতিষ্ঠানটি ল্যান্ডফিলের মিথেন নিঃসরণ পর্যবেক্ষণে স্যাটেলাইট ও ড্রোন ব্যবহারের বাধ্যবাধকতার বিরোধিতা করেছে। বর্জ্য ব্যবস্থাপনা খাতের কয়েকটি সংগঠনের দাবি, এসব প্রযুক্তি এখনো যথেষ্ট নির্ভরযোগ্য ও ব্যয়সাশ্রয়ী নয়।
এ ছাড়া জৈব বর্জ্য ল্যান্ডফিলে ফেলা কমানোর কেন্দ্রীয় নীতিরও বিরোধিতা করেছে প্রতিষ্ঠানটি। অথচ পচনশীল বর্জ্য আলাদাভাবে ব্যবস্থাপনা করলে মিথেন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
জার্মানি ১৯৯৩ সালে পচনশীল বর্জ্য ল্যান্ডফিলে ফেলা বন্ধের উদ্যোগ নেওয়ার পর দেশটির এই খাতের মিথেন নিঃসরণ ৯০ শতাংশের বেশি কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে কমেছে প্রায় ৪০ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় খাদ্যের উচ্ছিষ্ট ও বাগানের বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করে কম্পোস্ট তৈরির বাধ্যবাধকতা রয়েছে।
তবে রিপাবলিক সার্ভিসেসের সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর একটি ল্যান্ডফিলে বর্জ্য ফেলা। ফলে এই ব্যবসার প্রচলিত কাঠামো পরিবর্তনে প্রতিষ্ঠানটির আর্থিক স্বার্থ বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
গেটসের জলবায়ুবিষয়ক বিনিয়োগ প্রতিষ্ঠানের কয়েকজন সাবেক কর্মী জানিয়েছেন, রিপাবলিক সার্ভিসেসে তার বিপুল বিনিয়োগের বিষয়টি তারা জানতেন না। তাদের কেউ কেউ মনে করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গেটস আন্তরিক হলেও তার সব বিনিয়োগের দৈনন্দিন সিদ্ধান্তে ব্যক্তিগত সম্পৃক্ততা নাও থাকতে পারে।
তবে গেটসের বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রিপাবলিক সার্ভিসেসের পরিচালনা পর্ষদে পরিবেশদূষণ, আইনি বিষয় ও নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেন। এসব বিষয়ে গেটস ব্যক্তিগতভাবে কতটা অবগত ছিলেন, তা স্পষ্ট নয়।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিপুল অর্থ বিনিয়োগের পাশাপাশি নিজের মালিকানাধীন প্রতিষ্ঠানের দূষণ নিয়ন্ত্রণেও তিনি ভূমিকা রাখবেন কি না, সেই প্রশ্নই এখন সামনে এসেছে।
