মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমা কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি পুরস্কার পেয়েছে। সিনেমাটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। এ ছাড়া সেরা চিত্রগ্রহণের পুরস্কার পেয়েছেন জোয়াহের মুসাভভির এবং সেরা সংগীতের পুরস্কার পেয়েছেন রাশীদ শরীফ শোয়েব।
এর আগে ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ার সেরা ছবি হিসেবে ক্রিটিকস অ্যাওয়ার্ড পেয়েছিল ‘রইদ’।
সিনেমাটিতে ‘সাধুর বউ’ চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। সিনেমা মুক্তির আগেই তাঁর লুক নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়। মুক্তির পর অভিনয় দিয়েও প্রশংসা পান তিনি। এবার এই সিনেমার জন্যই প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো পুরস্কার পেলেন এই অভিনেত্রী।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তুষি বলেন, ‘আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।’
‘রইদ’ পরিচালক মেজবাউর রহমান বলেন, ‘অসাধারণ সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ‘রইদ’ আরও পুরস্কার পেল। সিনেমাটি মুক্তির পর থেকেই অভিনেত্রী নাজিফা তুষিকে নিয়ে অনেক কথা হচ্ছিল। তাঁর অভিনয়ের প্রশংসা করছিলেন সবাই। এবার আন্তর্জাতিকভাবে তাঁর পুরস্কার পাওয়ায় ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সিনেমাটোগ্রাফি নিয়েও কথা হচ্ছিল, মিউজিক নিয়েও আলাদা করে প্রশংসা ছিল। তাঁরা দুজন এবার পুরস্কার পেলেন। এটি আমাদের জন্য আনন্দের।’
৩০ সেপ্টেম্বর শুরু হওয়া মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়েছে গতকাল। উৎসবটির ১২তম আসরে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। সিনেমাটি এ বছর কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কার পেয়েছিল।