দীর্ঘ আড়াই বছর পর বড় পরিসরে একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে তার বিশেষ একক কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’।
তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে বৈচিত্র্যময় সুর, সংগীতায়োজন ও স্বতন্ত্র গায়কীর মাধ্যমে শ্রোতাদের কাছে আলাদা অবস্থান তৈরি করেছেন বাপ্পা মজুমদার। দীর্ঘ ক্যারিয়ারে নিয়মিত দলগত ও বিভিন্ন যৌথ আয়োজনে মঞ্চে উঠলেও বড় পরিসরে তার একক কনসার্টের সংখ্যা তুলনামূলক কম।
এর আগে ২০২২ সালে প্রথমবার একক কনসার্টে গান পরিবেশন করেন এই শিল্পী। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় একক আয়োজন। গত বছরের জুলাইয়ে ছোট পরিসরেও একটি একক শো করেছিলেন তিনি। তবে বড় আয়োজনের মাধ্যমে দীর্ঘ সময় পর আবারও এককভাবে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন বাপ্পা।
‘মুনলাইট মেলোডিজ’
আগামী ৯ অক্টোবরের কনসার্টটির নাম দেওয়া হয়েছে ‘মুনলাইট মেলোডিজ’। ম্যাভিক্সের আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনসার্টের ঘোষণা এরই মধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
গত ১৩ সেপ্টেম্বর রাতে নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের পোস্টার প্রকাশ করেন বাপ্পা মজুমদার। একই সঙ্গে ভক্তদের ক্যালেন্ডারে ৯ অক্টোবরের তারিখটি মনে রাখার আহ্বান জানান তিনি।
বর্তমানে নতুন গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও সুর নিয়ে কাজ করছেন বাপ্পা। সংগীতের নানা পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও ধরে রেখেছেন তিনি।
এদিকে ‘মুনলাইট মেলোডিজ’ কনসার্টের টিকিট বিক্রি, মূল্য ও অন্যান্য নিয়মাবলি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আয়োজকদের পক্ষ থেকে শিগগিরই টিকিটসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
কনসার্টের ঘোষণা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও আগ্রহ প্রকাশ করছেন বাপ্পা মজুমদারের ভক্তরা। দীর্ঘ অপেক্ষার পর বড় পরিসরে প্রিয় শিল্পীর একক পরিবেশনা দেখার সুযোগ ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।