Logo
Logo
×

লাইফস্কেপ ।  মিউজিক

নিরাপত্তা ছাড়পত্র না মেলায় স্থগিত পাকিস্তানি শিল্পীদের দুই কনসার্ট

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬। ১২:৫২ পিএম

নিরাপত্তা ছাড়পত্র না মেলায় স্থগিত পাকিস্তানি শিল্পীদের দুই কনসার্ট

পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুটি বড় কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, সব প্রস্তুতি শেষ হলেও নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় অনুষ্ঠান দুটির অনুমতি মেলেনি।

২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘মাহাক্স রিপাবলিক’ কনসার্ট হওয়ার কথা ছিল। এর পরদিন ২৬ সেপ্টেম্বর পূর্বাচলের সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে আয়োজন করা হয়েছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশের ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’।

‘মাহাক্স রিপাবলিক’-এর এক আয়োজক জানিয়েছেন, কনসার্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং শিল্পীদের অগ্রিম পারিশ্রমিকও দেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করতে হচ্ছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথাও বলেছেন তিনি।

২৫ সেপ্টেম্বরের কনসার্টে পাকিস্তানের ‘ভয়েস অব জুনুন’, ‘জাল দ্য ব্যান্ড’ ও ‘রক্সেন’-এর পারফর্ম করার কথা ছিল। তাঁদের সঙ্গে বাংলাদেশের নেমেসিস, লেভেল ফাইভ, শিরোনামহীন ও নগর বাউল জেমস একই মঞ্চে গান পরিবেশন করার কথা ছিল।

অন্যদিকে প্রাইম ওয়েভ কমিউনিকেশনের আয়োজনে পরদিন কাভিশের কনসার্ট হওয়ার কথা ছিল পূর্বাচলে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেই আয়োজনও স্থগিত করা হয়েছে।

তবে দর্শকদের জন্য কনসার্ট দুটি পুরোপুরি বাতিল করা হয়নি। আয়োজকেরা জানিয়েছেন, স্থগিত হওয়া আয়োজনগুলোর নতুন তারিখ দ্রুত ঘোষণা করা হবে।

এই দুই আয়োজনের পাশাপাশি বিদেশি শিল্পীদের নিয়ে পরিকল্পিত আরও তিনটি কনসার্টও স্থগিত হয়েছে বলে জানা গেছে। ফলে ঢাকায় বিদেশি শিল্পীদের একাধিক কনসার্টের আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে