প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
বাংলাবাজার পত্রিকা প্রতিবেদন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬। ০৪:২৮ পিএম
আপডেট: ০৪ অক্টোবর ২০২৬। ১৬:৩৪ পিএম
গল্পটার শুরু একজন বহুমুখী প্রতিভাধর মানুষকে দিয়ে—উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তিনি ছিলেন একাধারে বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক, সংগীতজ্ঞ, জ্যোতির্বিদ, চিত্রশিল্পী এবং বিশিষ্ট প্রকাশক। ১৯১৩ সালে শিশু-কিশোরদের মন জয় করতে তিনি প্রকাশ করা শুরু করেন ‘সন্দেশ’ পত্রিকা, যার প্রথম সম্পাদকও ছিলেন তিনি নিজে।
কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস! পত্রিকা চালুর মাত্র দুই বছরের মাথায়, ১৯১৫ সালে উপেন্দ্রকিশোর না ফেরার দেশে চলে যান। তখন সেই ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদনার ভার বর্তায় তার সুযোগ্য পুত্র সুকুমার রায়ের ওপর। সুকুমার রায়ও বাংলা শিশুসাহিত্যের এক বরপুত্র—যার হাত ধরে জন্ম নিয়েছিল ‘আবোল-তাবোল’ এবং ‘হ-য-র-ল’-এর মতো কালজয়ী সব সৃষ্টি।
বাবার ছায়ায় ‘সন্দেশ’ হয়ে উঠল এক অনন্য পত্রিকা, যেখানে একের পর এক প্রকাশ পেতে লাগল অসাধারণ সব শিশুসাহিত্য। আর ঠিক এই সোনালী সময়েই, ১৯২১ সালের ২রা মে জন্ম নিল সুকুমার রায়ের একমাত্র পুত্র—সত্যজিৎ রায়। বাংলা সিনেমা জগতের সেই উজ্জ্বল নক্ষত্র, যার মুকুটে আজ বিশ্ব সিনেমার শীর্ষ আসনও শোভা পায়। প্রশ্ন হলো, বিখ্যাত এই রায় পরিবারের সন্তান কীভাবে সাহিত্যকে ছাড়িয়ে সেলুলয়েডের এক রহস্যময় জাদুকরি দুনিয়া জয় করে নিলেন?

সত্যজিৎ রায়-এর একটি বিখ্যাত ক্লাসিক ক্যান্ডিড পোর্ট্রেট। ছবি: অমল মুখোপাধ্যায়।
ছায়া হয়ে ওঠার আগেই নিয়তি কেড়ে নিল বাবাকে। সত্যজিতের বয়স যখন মাত্র তিন বছর, তখনই অকালে মারা গেলেন সুকুমার রায়। অবুঝ সন্তানকে নিয়ে মহাশঙ্কটে পড়লেন মা সুপ্রভা দেবী। পিতৃহীন এই সন্তানকে মানুষ করতে তাকে পাড়ি দিতে হয়েছে বহু কঠিন সংগ্রাম।
বড় হয়ে ১৯৩৬ সালে সত্যজিৎকে পাঠানো হলো প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান পড়ার জন্য। দু’বছর বিজ্ঞান পড়ার পর তৃতীয় বর্ষে এসে তিনি বিষয় বদলে মন দিলেন অর্থনীতিতে। কিন্তু বিজ্ঞান কিংবা অর্থনীতি—কোনোটিই তার মন গলাতে পারল না। একসময় সব বইখাতা শিকেয় তুলে রেখে তিনি ঘরের দরজা-জানালা বন্ধ করে ডুব দিলেন সিনেমা আর ক্লাসিক্যাল মিউজিকের দুনিয়ায়।
সিনেমা দেখতে দেখতে তার মনের চোখ খুলে গেল। তিনি আবিষ্কার করলেন, সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা তাকে টানে না; বরং তাকে চুম্বকের মতো টানে পরিচালনার জাদুকরি শিল্প। তার মাথার মধ্যে একে একে গেঁথে গেল আর্নস্ট লুবিচ, জন ফোর্ড, ফ্রাঙ্ক কাপরা এবং উইলিয়াম ওয়য়েলারের মতো কিছু জগদ্বিখ্যাত পরিচালকদের নাম। সিনেমার পাশাপাশি তার সমান আগ্রহ ছিল ভিজ্যুয়াল আর্ট বা দৃশ্যশিল্পে। আর এই ভিজ্যুয়াল আর্টের নিখুঁত দক্ষতাই পরবর্তীতে তার জীবনের প্রথম চাকরিটি জুটিয়ে দিয়েছিল।

প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক রাগুবীর সিং-এর তোলা সত্যজিৎ রায়ের একটি অত্যন্ত বিখ্যাত পোর্ট্রেট।
সময় গড়ায়। ১৯৩৯ সালে সত্যজিৎ রায় প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন এবং ঘোষণা দিলেন যে, তিনি আর গতানুগতিক পুঁথিগত পড়াশোনা চালিয়ে যেতে চান না। ছেলের এমন কথায় হতভম্ব হয়ে মা সুপ্রভা দেবী প্রশ্ন করলেন, — “পড়াশোনা না করলে খাবি কী?” দৃঢ়তার সাথে সত্যজিৎ উত্তর দিলেন, — “সবাই যেভাবে খায়, সেভাবেই খাবো। চাকরি করব। সেই বেতনে খাবো।” মা চিন্তিত গলায় বললেন, — “এখন তোকে কে চাকরি দেবে?”
সত্যজিৎ তার অসাধারণ ভিজ্যুয়াল আর্টের কিছু নমুনা সুপ্রভা দেবীকে দেখালেন। সুপ্রভা দেবী ছেলের শিল্প দেখে মুগ্ধ হলেন, তবে সত্যজিৎকে চাকরি করার অনুমতি দিলেন না। সত্যজিতের ইচ্ছা না থাকলেও তাকে পাঠিয়ে দিলেন কবিগুরুর নিজ হাতে গড়া প্রতিষ্ঠান শান্তিনিকেতনে।
১৯৪০-১৯৪১ সাল হলো সত্যজিৎ রায়ের শান্তিনিকেতন পর্যায়। এই শান্তিনিকে্তনেই তার সামনে প্রাচ্যের শিল্পের অপার সৌন্দর্য উন্মোচিত হয়। তিনি শিল্পের গভীরে প্রবেশ করার সুযোগ পেলেন। নিখুঁত শিল্পের আবাসভূমি শান্তিনিকেতনের পরিবেশ তাকে মুগ্ধ করল। শান্তিনিকেতনে তার আর্টের শিক্ষক ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখার্জি। বিনোদ বিহারীর অসাধারণ প্রতিভার প্রভাব সত্যজিতের জীবনে ছিল। তার প্রমাণ ১৯৭২ সালে প্রকাশিত ‘The Inner Eye’ ডকুমেন্টারিটি, যা সত্যজিৎ বিনোদ বিহারীকে নিয়ে বানিয়েছিলেন।

১৯৭২ সালে সত্যজিৎ রায়ের তৈরি বিখ্যাত প্রামাণ্যচিত্র 'দ্য ইনার আই' এর দৃশ্য বা শুটিং চলাকালীন তোলা ছবি।
শান্তিনিকেতনে আরও যে দুটি কাজ তার পরিচালক জীবনের ভিত হিসেবে সহায়ক ছিল, তার প্রথমটি হলো—তিনি সেখানকার এক ইংরেজি অধ্যাপকের সংগ্রহে থাকা পাশ্চাত্য সংগীত শুনতেন। দ্বিতীয়ত, শান্তিনিকেতনের লাইব্রেরিতে বসে বসে সিনেমার তত্ত্বীয় বই পড়তেন।
১৯৪২ সালের ডিসেম্বরে সত্যজিৎ পুনরায় কলকাতায় ফিরলেন। সেদিন প্রথমবারের মতো কলকাতা জাপানিদের দ্বারা বোমা হামলার শিকার হয়েছিল। ১৯৪৩ সালের এপ্রিলে সত্যজিৎ রায় ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডি জে কিমারে মাত্র ৮০ টাকা বেতনের বিনিময়ে জুনিয়র ভিজ্যুলাইজার হিসেবে যোগ দেন। তার অসাধারণ কাজের জন্য এই সংস্থায় তিনি ভালো সমাদর পেলেন। সে সময় সত্যজিৎ অসাধারণ কিছু টাইপোগ্রাফির কাজ করলেন। ইতোমধ্যে তার সিনিয়র কলিগ ডি. কে. গুপ্ত ‘সিগনেট প্রেস’ নামে পাবলিশিং হাউস খুলে ফেললেন। সত্যজিৎ জড়িয়ে গেলেন সিগনেট প্রেসের সঙ্গে। সিগনেট প্রেসে সত্যজিতের কাজ ছিল বইয়ের প্রচ্ছদ ডিজাইন করা। তিনি তার শৈল্পিক দক্ষতা দিয়ে স্বাধীনভাবে একের পর এক বইয়ের ডিজাইন করতে থাকলেন।
একদিন একটা বইয়ে তার চোখ আটকে গেল। ডি. কে. গুপ্ত তার হাতে একটি বাংলা ক্লাসিক ধরিয়ে দিয়ে বললেন, এই বইটির নাম ‘পথের পাঁচালী’, আমরা এর একটি শিশুতোষ সংস্করণ বের করব। নাম হবে ‘আম আঁটির ভেঁপু’, আপনি খুব সুন্দর করে প্রচ্ছদ করবেন। কোনো এক বিচিত্র কারণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ সত্যজিতের মনে ধরে গেল। কিন্তু তিনি তখনও জানতেন না, তার বানানো প্রথম ছবি হবে এই বইয়ের গল্পকে ঘিরেই, এবং সেই ছবি কান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাবে।

১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের বিশ্ববিখ্যাত চলচ্চিত্র “পথের পাঁচালী” এর একটি দৃশ্য । ছবি : সুব্রত মিত্র।
১৯৪৭ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল শেষ হয়েছে। এর প্রভাব তখন সারা বিশ্বের মতো কলকাতাতেও। মার্কিন সেনা দিয়ে কলকাতা তখন ভরপুর। এ সময় সত্যজিৎ চিদানন্দ দাশগুপ্ত ও অন্যদের সাথে মিলে কলকাতা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করে ফেললেন। তারা মার্কিন সেনাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে হলিউডের ছবি সংগ্রহ করতে লাগলেন এবং সেগুলোর প্রদর্শনী করতে লাগলেন। কলকাতা ফিল্ম সোসাইটির প্রদর্শনী করা প্রথম ছবি ছিল ‘Battleship Potemkin’। এর কিছুদিন পরেই সত্যজিৎ সিনেমা নিয়ে পত্রপত্রিকায় আর্টিকেল প্রকাশ করতে লাগলেন এবং ছবির সমালোচনাও শুরু করলেন।
একসময় সিনেমার চিত্রনাট্য ব্যাপারটা তার আগ্রহের স্থান দখল করে নেয়। তিনি যখনই কোনো গল্প বা উপন্যাস নিয়ে ছবি বানানো হবে বলে খবর পেতেন, তিনি সেই গল্প/উপন্যাস জোগাড় করে নিজে সেটার চিত্রনাট্য লিখে ফেলতেন। তারপর ছবি তৈরি হয়ে গেলে নিজের চিত্রনাট্যের সঙ্গে ছবির চিত্রনাট্য মিলয়াতেন। কখনো কখনো ছবি দেখে নিজের চিত্রনাট্যে পরিবর্তন আনতেন। এভাবে একটু একটু করে সিনেমার গভীরে প্রবেশ করতে লাগলেন তিনি।

১৯৭৯ সালের বিখ্যাত চলচ্চিত্র 'জয় বাবা ফেলুনাথ' -এর শুটিং চলাকালীন সময়ে তোলা । ছবি: সংগৃহীত
১৯৪৯ সালে সত্যজিৎ তার দূর সম্পর্কের বোন ও দীর্ঘদিনের বান্ধবী বিজয়া দাসকে বিয়ে করলেন। তাদের ঘরে ছেলে সন্দীপ রায়ের জন্ম হলো। এই সন্দীপ রায়ও একজন সফল নির্মাতা। ১৯৪৯ সালে জঁ রেনোয়ার নামক এক বিখ্যাত ফরাসি পরিচালক কলকাতায় আসলেন তার ‘রিভার’ নামক চলচ্চিত্রের জন্য শুটিং স্পট খুঁজতে। তার এই অভিযানে সঙ্গী হিসেবে যুক্ত হলেন সত্যজিৎ। তারা চলচ্চিত্র নিয়ে বিচিত্র আলোচনা করতেন। সত্যজিৎ রায় তাকে বাংলার দারিদ্র্য ও সৌন্দর্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে পথের পাঁচালীর প্রসঙ্গ তুললেন। তিনি বোঝানোর চেষ্টা করলেন এই গল্পে ছবি বানানো হলে তা বাংলার গ্রামীণ নৈসর্গের এক অসাধারণ উপস্থাপন হবে। সিনেমা নিয়ে সত্যজিতের আগ্রহ আর জ্ঞান রেনোয়াকে মুগ্ধ করল। তিনি সত্যজিৎকে চমকে দিয়ে বললেন, “মিস্টার রায়, পথের পাঁচালী গল্পটা অসাধারণ, আর তার চেয়েও অসাধারণ ব্যাপার হবে যদি আপনি পরিচালকের গদিতে বসে পথের পাঁচালীকে ছবির ফ্রেমে বন্দি করতে পারেন।” সত্যজিৎ রায় ধাঙ্কার মতো খেলেন! কী বলবে বুঝতে পারলেন না। তবে কথাটি তার মনে গেঁথে গেল।
১৯৫০ সাল, চাকরিসূত্রে সত্যজিৎ রায় গেলেন লন্ডনে। সাথে তার স্ত্রী বিজয়াও রয়েছেন। তিনি ছয় মাস লন্ডনে বসে শ্রেষ্ঠ পরিচালকদের অসংখ্য ছবি দেখলেন। ভিক্টোরিয়া ডি সিকার ‘বাইসাইকেল থিভস’ দেখে প্রচণ্ড মুগ্ধ হলেন। তিনি তার সিনেমা আর্টেলকেসের সংকলন ‘Our films, their films’ এর ভূমিকাতে লিখেছেন, “All through my stay in London, the lessons of Bicycle Thieves and neo-realist cinema stayed with me”। ‘বাইসাইকেল থিভস’ তাকে বিশ্বাস করতে বাধ্য করল যে সম্পূর্ণ আনাড়ি অভিনেতা অভিনেত্রী এবং অতি সাধারণ স্থানে শুটিং করেও বাস্তবধর্মী অসাধারণ ছবি বানানো সম্ভব।
লন্ডনে বসেই তিনি মনস্থির করলেন, কলকাতায় ফিরে তিনি ‘পথের পাঁচালী’ বানাবেন। তিনি তার নোটবুকে ‘পথের পাঁচালী’ প্রজেক্টের টুকিটাকি নোট করতে শুরু করলেন।

শুটিং চলাকালীন সময়ে তোলা আউটডোরের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
১৯৫০ সাল! পথের পাঁচালীর শুটিং শুরু হলো। অতি সাধারণ যন্ত্রপাতি, সাধারণ আয়োজন। অভিনেতা অভিনেত্রী কেউই পেশাদার নয়। তারপরেও একটা সিনেমা বানানো চাট্টিখানি কথা নয়। মাঝপথে পড়লেন অর্থসংকটে। স্ত্রী বিজয়ার গহনা থেকে শুরু করে নিজের সংগৃহীত বইপত্র বিক্রি করে সিনেমাটি বানানো শেষ করলেন।
১৯৫৫ সালের কলকাতায় বসুশ্রী সিনেমা হলে মুক্তি পেল পথের পাঁচালী। শুরুতে একটু ধীরগতির হলেও ৩ সপ্তাহে গিয়ে বক্স অফিসে সাফল্য লাভ করল পথের পাঁচালী। পথের পাঁচালী কান ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হলো। ১৯৫৬ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ ফিল্ম নির্বাচিত হলো। দেশে বিদেশে অসংখ্য পুরস্কার জয় করে নিল সত্যজিতের কালজয়ী এই ছবি। প্রেসিডেন্সি কলেজ থেকে করুণ মুখ করে বাড়ি ফিরে আসা সেই সাধারণ ছেলেই কিনা নিজের প্রথম ছবি দিয়ে ভারতীয় সিনেমাকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়।

সত্যজিৎ রায়-এর শুটিং চলাকালীন তোলা একটি অত্যন্ত বিখ্যাত পোর্ট্রেট। ছবি: নিমাই ঘোষ।
পথের পাঁচালীর সাফল্যের পরে তৈরি করলেন অপরাজিতা। অপরাজিতা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পেলো গোল্ডেন লায়ন পুরস্কার। এটি ছিল অপু ত্রিলজির দ্বিতীয় ছবি। প্রথমটি পথের পাঁচালী। ত্রিলজির শেষ ছবি অপুর সংসার যা লন্ডন চলচ্চিত্র উৎসবে জিতে নেয় শ্রেষ্ঠ পুরস্কার। সত্যজিতের চলচ্চিত্র নির্মাণ চলতেই থাকলো। একে একে তৈরি করলেন, কাঞ্চনজঙ্ঘা (১৯৬২), অভিযান (১৯৬২), মহানগর (১৯৬৩), চারুলতা (১৯৬৮), নায়ক (১৯৬৬), গুপী গাইন বাঘা বাইন (১৯৬৯) ইত্যাদি অপূর্ব সব সৃষ্টি। নায়ক সিনেমায় দেখালেন পর্দার আড়ালে নায়কের ট্র্যাজেডি। ‘গুপী গাইন বাঘা বাইন’ রূপকথা আর বাস্তবের মিশেলে তৈরি করলেন এক অপূর্ব শিশু কিশোর চলচ্চিত্র। প্রতিটা ছবিতেই অপূর্ব সব সংগীতের ব্যবহার করলেন যে, সংগীতগুলোর নেপথ্যে ছিলেন তিনি নিজেই। ফাঁকে ফাঁকে চলতে থাকলো ফেলুদা আর প্রফেসর শঙ্কুর কালজয়ী কমিকস। অসাধারণ কিছু গল্পও লিখেছেন সত্যজিৎ। পার্ফেকশন ছিল তার প্রতিটি কাজে। তার কাজ দেখে স্যার রিচার্ড এটেনবড়ো বলেছিলেন, “সত্যজিতের যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে তা হলো প্রতিটি বিষয়ের প্রতি তার সূক্ষ্ম দৃষ্টি। একমাত্র চ্যাপলিন ছাড়া আর কারও সত্যজিতের মতো সিনেমার বহুমুখী প্রতিভা আছে কিনা সন্দেহ।”
পরিচালক জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন সত্যজিৎ। ১৯৫৬ সালে পথের পাঁচালী দিয়ে আন্তর্জাতিক পুরস্কারের তালিকা শুরু হয়। তা শেষ হয় ১৯৯২ সালের ৩০ মার্চ এ। স্পিলবার্গ, কপোলা, নিউম্যানসহ চলচ্চিত্র জগতের ৭০ জন বিখ্যাত মানুষ ১৯৯২ সালের অস্কারে তাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড দেওয়ার সুপারিশ করেন। সেই সুপারিশ গ্রহণ করা হয়। জীবনের অন্তিম মুহূর্তে হাসপাতালে শুয়ে তিনি খবর পান তাকে দেওয়া হয়েছে হলিউডের সর্বোচ্চ সম্মান অস্কার!

সত্যজিৎ রায়-এর কলকাতার বিশপ লেফ্রয় রোডের স্টাডি রুমে তোলা একটি কালার পোর্ট্রেট । ছবি: সংগৃহীত
এর ২৩ দিন পর তার নিজের জীবনের চলচ্চিত্রের সমাপ্তি ঘটে। তিনি বাংলা চলচ্চিত্রের আগন্তুক, চলে গেলেন মহারাজা হয়ে।
এই পৃথিবীতে বাস করে সত্যজিৎ রায়ের ছবি না দেখা, চন্দ্র-সূর্য না দেখার মতোই অদ্ভুত ঘটনা। —জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়া
Life, films and filmmaking of Satyajit Ray
Satyjit Ray | Amitav Ghosh
Satyajit Ray (1921–1992) | IMDB
Ray the Artist the Sketches of Satyajit Ray | Cinemaazi

