প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ এএম
শেরেবাংলা ও রবীন্দ্রনাথের হারিয়ে যাওয়া এক ছবির খোঁজে
রবীন্দ্রনাথ ঠাকুর ও শেরেবাংলা এ কে ফজলুল হকের ঐতিহাসিক বৈঠক, কলকাতা, ১৯৩৭। ছবি: সংগৃহীত
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬। ০৭:০৭ পিএম
আপডেট: ১৬ নভেম্বর ২০২৬। ১৮:০৫ পিএম
অবিভক্ত বাংলার লাখ লাখ মানুষ বারবার তার উদাত্ত আহ্বানে সাড়া দিয়েছে। তাকে অনুসরণ করেছে। এ দেশের মাটি, আকাশ ও আদিগন্ত ফসলের খেতের সঙ্গে তার নাড়ির নিবিড় যোগাযোগ নিয়ে কোনো দিন কেউ প্রশ্ন তোলেনি। কে তিনি? শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক। তিনি বাংলার নিরীহ নিরন্ন নিপীড়িত ঋণগ্রস্ত কৃষক-প্রজার মুক্তির আন্দোলনের প্রধান নেতা। উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নায়ক। ২৬ অক্টোবর ছিল তার ১৫৪তম জন্মদিন।
শেরেবাংলা ও রবীন্দ্রনাথের বৈঠক
পাশাপাশি বসে আছেন দুই নক্ষত্র; বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক। ছবির ফ্রেমে আজ এত বছর পরও জীবন্ত হয়ে আছে তাদের সেই ঐতিহাসিক সান্নিধ্য। সাদা দাড়ির শুভ্রতায় ঢাকা কবিগুরুর বা হাতে চায়ের সাদা পেয়ালা ও পিরিচ। শেরেবাংলার দিকে তাকানো কবিগুরুর দৃষ্টি যেন গভীর কোনো ভাবনার কথা বলছেন। আর হালকা রঙের পোশাকে আবৃত শেরেবাংলা কিছুটা ঝুঁকে দুই হাত কোলের ওপর রেখে গভীর মনোযোগ দিয়ে শুনছেন কবিগুরুর বাণী।
রাজনীতি আর সাহিত্যের, চিন্তা আর কর্মের, কলম আর প্রশাসনের এই মেলবন্ধন বাঙালি সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য, বিরল ও চিরভাস্বর মুহূর্ত। একজন জাগিয়েছিলেন মানুষের অন্তরাত্মা, আর অন্যজন আজীবন লড়াই করেছেন সেই জাগ্রত মানুষের অধিকার আদায়ে।

শেরেবাংলা এ কে ফজলুল হক [২৬ অক্টোবর ১৮৭৩-২৭ এপ্রিল ১৯৬২]। ছবি: সংগৃহীত
এই ঐতিহাসিক আলোকচিত্রের সাথে প্রথম পরিচয় 'দ্য পাকিস্তান অবজারভার' পত্রিকার পাতায়। ১৯৬৩ সালের ২৭ এপ্রিল শেরেবাংলার প্রথম মৃত্যুবার্ষিকীর বিশেষ সংখ্যায় 'দ্য হিস্টোরিক লাহোর রেজ্যুলেশন' প্রবন্ধের ওপরে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি ছাপা হয়েছিল। বছরের পর বছর পেরিয়ে দীর্ঘ সময় পর আবার এই ছবির দেখা মেলে বরেণ্য ফটোসাংবাদিক খন্দকার কামরুল হুদার 'স্বাধীনতার সংগ্রাম ও শেখ মুজিব' গ্রন্থে। ১৯৯৫ সালের মার্চে প্রকাশিত সেই বইয়ের ২১ নম্বর পৃষ্ঠায় 'সংগৃহীত' হিসেবে মুদ্রিত ছবিটির নিচে লেখা ছিল '১৯৩৭ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক।
১৯৩৭ সালের সেই দিনটির পুঙ্খানুপুঙ্খ বিবরণ খুঁজতে এবং এই অমোঘ মুহূর্তটি কে, কোথায়, কীভাবে ক্যামেরাবন্দি করেছিলেন, জানতে চোখ বোলাই চার খণ্ডের নির্ভরযোগ্য 'রবি জীবনী'তে, যার রচয়িতা প্রভাতকুমার মুখোপাধ্যায়। কবির দরবারে আসা দেশ-বিদেশের গুণীজনদের নিখুঁত দিনলিপি যিনি লিখে রাখতেন, তার সেই মহাকাব্যের মতো গ্রন্থে বাংলার প্রধানমন্ত্রীর সাথে এই যুগান্তকারী বৈঠকের কোনো উল্লেখ না পেয়ে বিস্মিত হতে হয়।
ফজলুল হক জমিদারি প্রথা উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। ওদিকে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার পাটচাষিদের অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছিল। ব্রিটিশ পাটকলমালিকেরা এমন কিছু আইন করেছিল, যা এ দেশের পাটচাষি ও পাটকলশ্রমিকদের দুর্দশার কারণ হয়ে উঠেছিল। সেই সময় এক লাখ পাটকলশ্রমিক বেকার হয়ে পড়ে। তারা ধর্মঘটে অংশ নেয়। রবীন্দ্রনাথ পাটকলশ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী ফজলুল হকের সাথে দেখা করে পাটকলশ্রমিকদের দুঃখকষ্ট লাঘবে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছিলেন। এটা সেই ছবি।'
অলক বসু তার এই বক্তব্যের সপক্ষে নেপাল মজুমদার রচিত 'রবীন্দ্রনাথ : কয়েকটি রাজনৈতিক প্রসঙ্গ' [জানুয়ারি ১৯৯৯, দে'জ পাবলিশিং, কলকাতা] বইয়ের প্রসঙ্গ তুলে ধরেন। ১৯৩৭ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে কলকাতা, হাওড়া ও ভাগীরথীতে পাটকলশ্রমিকেরা লাগাতার ধর্মঘট শুরু করেন। এই ধর্মঘটে যোগ দেন পৌনে দুই লাখ শ্রমিক। ১ এপ্রিল ফজলুল হকের মন্ত্রিসভা গঠনের আগেই এই ধর্মঘট শুরু হয়। রবীন্দ্রনাথ তখন উত্তরাখণ্ড রাজ্যের পাহাড়ি শহর আলমোড়ায় গ্রীষ্মকালীন অবকাশযাপনে। সংবাদপত্রের মাধ্যমে তিনি শ্রমিকদের ধর্মঘটের কথা কিছু কিছু জেনে ব্যথিত হচ্ছিলেন।
কলকাতায় ফিরেই তিনি শ্রমিকনেতাদের মুখে সব শোনেন এবং ২৯ এপ্রিল ইউনাইটেড প্রেসের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য প্রেস বিবৃতির মাধ্যমে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। কবির এই মানবিক আহ্বানের ঠিক ১০ দিনের মাথায় প্রধানমন্ত্রী ফজলুল হকের দেওয়া কিছু আশাপ্রদ প্রতিশ্রুতির ওপর ভরসা রেখে ১০ মে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেন। এই ঐতিহাসিক আলোকচিত্রটি মূলত সেই আন্দোলনেরই এক নীরব সাক্ষী।
বাংলা একাডেমিতে ২০১২ সালের জুনে প্রকাশিত রবীন্দ্রনাথের এক দুর্লভ আলোকচিত্রের অ্যালবাম 'তুমি কি কেবলই ছবি'। ২৩০ পৃষ্ঠার অ্যালবামটির প্রকাশকও বাংলা একাডেমি। অ্যালবামের ১২১ নম্বর পৃষ্ঠায় 'গুণিজন ও রবীন্দ্রনাথ' অধ্যায়ে ছবিটি স্থান পেলেও ক্যাপশনে কেবল লেখা ছিল 'এ কে ফজলুল হকের সঙ্গে'। নিদারুণ এক সত্য উদ্ঘাটিত হয় যে ১৮৪টি অমূল্য আলোকচিত্রের এই বিশাল সংকলনে কোনো আলোকচিত্রীর নাম বা ক্রেডিট লাইন রাখা হয়নি, অথচ শিল্পকর্মগুলোর বেলায় তা যথাযথভাবে দেওয়া হয়েছিল।

শেরেবাংলার ব্যক্তিগত আলোকচিত্রী ডব্লিউ এ খান। ১৯৬৪ সালের ২০ আগস্ট ‘পাকিস্তান অবজারভার’-এ ছবিটি ছাপা হয়। ছবি: সংগৃহীত
অনুসন্ধানের চাকা আরও ঘোরে ১৯৬২ সালের জুন মাসে ঢাকার ইস্ট বেঙ্গল পাবলিশার্স থেকে প্রকাশিত বি ডি হাবীবুল্লাহর 'শেরেবাংলা' বইটির পাতায়। এই জীবনীগ্রন্থটি শেরেবাংলার জীবিতকালেই রচিত, কিন্তু প্রকাশ হয় তার মৃত্যুর দুই মাস পর। এই জীবনীকার ছিলেন শেরেবাংলার চির অনুগত রাজনৈতিক সঙ্গী। এই বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠার পর আলাদা আর্টপেপারে রবীন্দ্রনাথ ও শেরেবাংলার চিরচেনা ছবিটি ছাপা হয়। ক্যাপশনে লেখা হয় 'বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক ও কবিগুরু রবীন্দ্রনাথ'। ১৮৮ পৃষ্ঠায় এ বইয়ে রবীন্দ্রনাথ ও শেরেবাংলার ঐতিহাসিক বৈঠকের আর কোনো প্রসঙ্গ নেই। এ ছাড়া সিরাজউদ্দীন আহমেদ রচিত 'শেরেবাংলা এ কে ফজলুল হক', খোন্দকার আবদুল খালেক রচিত 'এক শতাব্দী' ও অমলেন্দু দের 'পাকিস্তান প্রস্তাব ও ফজলুল হক' গ্রন্থেও এই ছবির তথ্য নেই। তবে ২০১০ সালে প্রথমা থেকে প্রকাশিত ভূঁইয়া ইকবালের 'রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ' বইটির শুরুতেই ছাপা হয় ছবিটি। ক্যাপশনে 'রবীন্দ্রনাথের সঙ্গে এ কে ফজলুল হক' লেখা থাকলেও আলোকচিত্রীর নাম কিংবা সুনির্দিষ্ট সালের কোনো হদিস ছিল না। বইয়ের শেষাংশে 'মুসলমানদের সঙ্গে কবির যোগাযোগ খতিয়ান' শিরোনামে যে দীর্ঘ কালপঞ্জি দেওয়া আছে, তাতেও নেই ছবিটির নেপথ্য বিবরণ।
এ কে ফজলুল হকের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯৯ সালের ২৭ জানুয়ারি প্রকাশিত কলকাতা পৌর সংস্থার বাংলা মুখপত্র 'কলকাতা পুরশ্রী'র ফজলুল হক বিশেষ সংখ্যায়। সেখানে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় রচিত 'শের-য়ে-বাঙ্গালা' শিরোনামের প্রবন্ধে ছবিটি মুদ্রিত হলেও আলোকচিত্রীর হদিস নেই। ক্যাপশনে শুধু লেখা '১৯৩৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ফজলুল হক'। এর বাইরে নেই আর কোনো তথ্য। তবে গণেশ মুখোপাধ্যায়ের 'শিল্প-সংস্কৃতি দরদী ফজলুল হক' প্রবন্ধে ফুটে ওঠে এই দুই মহামানবের আত্মার গভীর টান। তিনি লিখেছেন, 'রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন হক সাহেব। কবির অন্তিম সময়ে সপ্তাহাধিক কাল সমস্ত প্রশাসনিক কাজকর্ম বাতিল করে দিয়ে জোড়াসাঁকো বাড়িতে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের কাছে শোনা যায়, কবি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তখন তার একখানি হাত হক সাহেবের দুটি হাতের মধ্যে আবদ্ধ ছিল।'
কবিগুরুর ব্যক্তিগত আলোকচিত্রী ছিলেন শম্ভু সাহা। ১৯৩৫ থেকে ১৯৪১ সাল পর্যন্ত তিনি শান্তিনিকেতনে কবিগুরুর অসংখ্য ছবি তুলে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছিলেন। নতুন আশা নিয়ে দুরুদুরু বুকে একদিন চোখ বোলাতে শুরু করি তার তোলা ছবি দিয়ে শান্তিনিকেতন থেকে প্রকাশিত দুটি অ্যালবামে। শিরোনাম 'ফেইসেজ অ্যান্ড প্লেসেজ অব বিশ্বভারতী' ও 'রবীন্দ্রনাথ টেগর'। রবীন্দ্রনাথের সঙ্গে মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর মতো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি থাকলেও শেরেবাংলার ছবিটি নেই সেখানে।
দেশভাগের পর থেকে যে ২৭ কে এম দাশ লেনের বাড়িটি শেরেবাংলার পদধূলিতে ধন্য হতো, ইতিহাস সেখানে আজ রিক্ত। ইতিহাসের সেই চেনা উঠোন আজ হারিয়ে গেছে আবাসন কোম্পানির নয়তলার কংক্রিটের অরণ্যে। 'শের' নামের সেই আধুনিক অ্যাপার্টমেন্টের পাহারাদার দীন ইসলাম জানালেন, 'এখানে শেরেবাংলার পরিবারের কেউ থাকেন না। বহু বছর আগে এই ভিটে বিক্রি করে তাঁরা গুলশানে চলে গেছেন। তাঁদের সঙ্গে কারও যোগাযোগ নেই।' মুহূর্তেই বুকটা হাহাকার করে উঠল। স্মৃতির এই ভাঙন মেনে নেওয়া বড় কঠিন। টিকাটুলীর সেই অচেনা ভিড় থেকে ফেরার পথে মনের কোণে ভেসে উঠল তাসনীম করীম বেবির কথা; শেরেবাংলার প্রপৌত্রী বড় দৌহিত্রী রাজিয়া বানুর সুযোগ্য কন্যা।

আপনজনদের সঙ্গে শেরেবাংলা [কায়সার হাউস, ঢাকা, ১৯৪১]। ছবি: ডব্লিউ এ খান
এই একটি ছবির ইতিহাস ও আলোকচিত্রী সন্ধানের দীর্ঘ যাত্রা আমাদের এক চরম ও বেদনাবিধুর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তবে এই ছবির যে নিজস্ব দৃশ্যভাষা, তা নিবিড়ভাবে পাঠ করলে ইতিহাসের এক নতুন ও বিস্ময়কর দুয়ার খুলে যায়। কবিগুরুর পরনে ঠাকুর পরিবারের সিগনেচার আলখাল্লা, মাথায় চেনা কালো লম্বা টুপি, চোখে ভারী ফ্রেমের চশমা; সব মিলিয়ে কেতাদুরস্ত এক বেশ। তার পাশেই সামান্য ঝুঁকে থাকা বাংলার বাঘ শেরেবাংলা, যার অবনত চোখের দৃষ্টিতে খেলা করছে প্রগাঢ় শ্রদ্ধা আর অতুলনীয় মনোযোগ।
রবীন্দ্রনাথের পেছনে ফুলে সজ্জিত সোফাটি যেন এই গাম্ভীর্যের মাঝেও এক টুকরো নান্দনিক রাজকীয়তার ছোঁয়া এনে দেয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঘরোয়া বা পারিবারিক আবহের চেয়ে এই ছবির পটভূমি অনেক বেশি আনুষ্ঠানিক, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে বৈঠকটি হয়তো অনুষ্ঠিত হয়েছিল অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ফজলুল হকের নিজ কার্যালয়েই। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণ যদি প্রধানমন্ত্রীর দপ্তরেই ঘটে থাকে, তবে এই মহাকাব্যিক মুহূর্তটিকে ক্যামেরার ফ্রেমে চিরকালের জন্য বন্দি করার কৃতিত্ব যার প্রাপ্য, তিনি আর কেউ নন, তখনকার প্রধানমন্ত্রী দপ্তরের নিবেদিতপ্রাণ সরকারি আলোকচিত্রী ডব্লিউ এ খান। ইতিহাসের সব ধোঁয়াশা ভেদ করে এই সুনিপুণ অনুমানটুকুই যেন আজ আমাদের প্রাপ্তির খতিয়ান।
পারিবারিক আবহে
২০১৬ সালের জানুয়ারির এক বিকেল। গুলশানের 'বেল এয়ার' অ্যাপার্টমেন্টের চারতলার এক নিভৃত ড্রয়িংরুমে জাকিয়া বানু; শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি। তার চোখের কোণে তখন আট দশকের জমে থাকা স্মৃতির নদী। কাঁপা কাঁপা হাতে পুরোনো পারিবারিক অ্যালবাম থেকে একটি সাদা-কালো ছবি বের করে আমার সামনে ধরলেন। চশমার কাচটা মুছে স্নিগ্ধ হেসে বললেন, 'এই ছবিটি তুলেছিলেন কে জানো?' নিজের প্রশ্নের পিঠে নিজেই যেন অতীতে ডুব দিলেন। বললেন, 'এই ছবিটি তুলেছিলেন তখনকার দিনের একজন নামকরা ফটোগ্রাফার ওয়াজেদ আলী খান। তবে ডব্লিউ এ খান নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। সংক্ষেপে তাকে সবাই ডাকতেন, ডব্লিউ খান। তিনি ছিলেন নানার পারসোনাল ফটোগ্রাফার। নানার বেশির ভাগ রাজনৈতিক ছবিই তার তোলা।'

শেরেবাংলার দৌহিত্রী জাকিয়া বানু [১২ মার্চ ১৯৩০—২১ জুন ২০২১]। ছবি: সাহাদাত পারভেজ
ক্যালেন্ডারের পাতা উল্টে যাই ১৯৪১ সালের এক টুকরো মেঘলা দিনে। অবিভক্ত বাংলার অপরাজেয় প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক তখন ছয় দিনের সফরে ঢাকায় এসেছেন। আস্তানা গেড়েছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী সিদ্দিক বাজারের 'কায়সার হাউস'-এ, যা ছিল তার ভাগনিজামাই সৈয়দ মোহাম্মদ তৈফুরের আপন আলয়। তার আগমনের আনন্দবার্তা নিমেষেই পৌঁছে গেল মুন্সিগঞ্জে। শেরেবাংলার জামাতা ও তৎকালীন মহকুমা প্রশাসক এ এইচ এম ওয়াজীর আলী তার দুই মাতৃহীন কন্যা রাজিয়া বানু ও জাকিয়া বানুকে নিয়ে দ্রুত ঢাকায় এলেন। এই মিলনের সমান্তরালে লুকিয়ে ছিল এক গভীর মনস্তাপ। ১৯৩৮ সালের এক অভিশপ্ত দিনে শেরেবাংলার বড় মেয়ে নাফিসী বেগম মাত্র ৩৩ বছর বয়সে আলসারে আক্রান্ত হয়ে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লাই তখন এসডিওর বাংলো। মেয়ের অন্তিমক্ষণে কলকাতা থেকে সি-প্লেনে করে তিনজন নামী চিকিৎসক নিয়ে ছুটে এসেছিলেন ব্যাকুল পিতা। কিন্তু চিকিৎসকেরা যখন নাফিসীর মৃদু হয়ে আসা নাড়ি ছুঁয়ে বলেছিলেন, 'স্যার, আমাদের বেশ দেরি হয়ে গেছে,' তখন ভেঙে পড়েছিল সেই মহিরুহের বুক। সেই বুকভাঙা শোকের পর থেকেই জামাতা ও দুই নাতনির জন্য শেরেবাংলার অন্তরে এক নদীসমান আর্দ্রতা জমা ছিল।
কায়সার হাউসের সদর দরজার সামনে সেদিন উৎসবের আবহ। গালিচা পাতা হয়েছে উঠোনে। ডব্লিউ খান তার রোলিফ্লেক্স ক্যামেরাটি বুকে চেপে ধরে পরম মায়ায় আলো-ছায়ার খেলা মেলাচ্ছেন। পাঁচটি চেয়ার সাজানো হলো নিপুণ সারিতে। ঠিক মাঝখানের রাজকীয় আসনে এসে বসলেন শেরেবাংলা নিজে। তার ডান পাশে স্থান নিলেন বড় ভাগনি হুরুন নেসা সারা তৈফুর ও তার জ্যেষ্ঠ কন্যা লুলু বিলকিস বানু। বাঁ পাশে বসলেন জামাতা ওয়াজীর আলী ও তার বড় মেয়ে রাজিয়া বানু। তাঁদের ঠিক পেছনে দাঁড়ালেন সৈয়দ মোহাম্মদ তৈফুর ও তার ভাগনে সৈয়দ হোসেইন আহমেদ। সবার পেছনে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রইলেন শেরেবাংলার দেহরক্ষী, গাড়িচালক আর বাবুর্চি। নিচের গালিচায় পরম শ্রদ্ধায় হাঁটু গেড়ে বসলেন তৈফুরের মেজ মেয়ে লায়লা আর্জুমান্দ বানু ও ভ্রাতুষ্পুত্র সৈয়দ মোহাম্মদ পারভেজ। ঠিক যখন ক্যামেরা ক্লিক করবে, তখনই ডব্লিউ খান খেয়াল করলেন আরে, পরিবারের দুই চঞ্চল কোকিল কোথায়? সারা তৈফুরের ছোট কন্যা মালকা পারভীন বানু ও ওয়াজীর আলীর ছোট কন্যা জাকিয়া বানু কোথাও নেই। চারদিকে শোরগোল পড়ে গেল, খোঁজাখুঁজি চলল হন্যে হয়ে। অবশেষে দেখা মিলল, বাড়ির বুড়ো আমগাছের মগডালে বসে দুই বোন দিব্যি খুনসুটি করছে! গাছ থেকে নামিয়ে এনে দ্রুত তাদের দুজনকে দাঁড় করিয়ে দেওয়া হলো ফ্রেমের দুই প্রান্তে। আর তখনই কালের বুকে অমর হয়ে গেল একটি ফ্রেম। জাকিয়া বানু সেই ছবির বুকে আঙুল ছুঁয়ে আবেগতাড়িত কণ্ঠে বললেন, 'তখন আমার আর মালকার বয়স ছিল ১১ বছর। আমি আর মালকা ছাড়া এই ছবির কেউ এখন আর বেঁচে নেই।'

স্বাক্ষরদানের পর কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকেন শেরেবাংলা। তাঁর পেছনে ফজলুল হক হলের ছাত্রনেতারা [ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০ সেপ্টেম্বর ১৯৬১]। ছবি: খন্দকার কামরুল হুদা
সৈয়দ মোহাম্মদ তৈফুরের ছবির ওপর তর্জনী রাখলেন জাকিয়া বানু। বললেন, 'এই ছবির প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।' এরপর একে একে বলে গেলেন প্রতিটি নক্ষত্রের উজ্জ্বল পরিচিতি–'আমার ফুফা ঢাকার অভিজাত সমাজে বিদ্বান ব্যক্তিরূপে সমাদৃত ছিলেন। তিনি বাংলার বিখ্যাত দরবেশ সাইয়্যিদ ইবরাহিম দানিশমান্দের বংশধর ও এ দেশের নারী জাগরণের একজন অগ্রপথিক ছিলেন। আমার ফুফু সারা তৈফুর নারী মুক্তি, সমাজসংস্কার ও লেখালেখির কারণে 'কাইজার-ই-হিন্দ' পুরস্কার পেয়েছিলেন। তাঁদের বড় মেয়ে লুলু বিলকিস বানু ভিকারুননিসা স্কুলের প্রথম প্রধান শিক্ষক। মেজ মেয়ে লায়লা আর্জুমান্দ বানু ও ছোট মেয়ে মালকা পারভীন বানু উচ্চাঙ্গসংগীতশিল্পী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন। সৈয়দ মোহাম্মদ পারভেজ ছিলেন 'সাপ্তাহিক চিত্রালী'র প্রতিষ্ঠাতা সম্পাদক। আমার বড় বোন জাকিয়া বানু মাত্র ২৮ বছর বয়সে ১৯৫৪ সালে এমএলএ নির্বাচিত হয়েছিলেন। সত্তরের নির্বাচনে এমএনএ ও তিয়াত্তরে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে একমাত্র নারী। আমার বাবা ছিলেন কবি জীবনানন্দ দাশের ঘনিষ্ঠ বন্ধু; তাঁরা প্রেসিডেন্সি কলেজে সহপাঠী ছিলেন। দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিক্ষাবিস্তারে অবদান রাখায় ব্রিটিশ সরকার তাঁকে খান বাহাদুর উপাধি দিয়েছিল। আর আমি উপমহাদেশের অন্যতম সংগীতজ্ঞ ওস্তাদ সন্তোষ সেনগুপ্তের কাছে গানের তালিম নিই। ১৬ বছর রবীন্দ্রসংগীত চর্চা করেছি।' কথা শেষে জাকিয়া বানু জানালেন, ছবির আদি প্রিন্টটি রয়েছে মালকা পারভীনের পুত্র, ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের কাছে। ইমরান রহমানই আদি ছবিটির ইমেজ আমাকে ই-মেইলে পাঠান।
জাকিয়া বানুর সন্ধান পাওয়ার পেছনেও রয়েছে এক অদ্ভুত নিয়তির গল্প। আমি যে স্কুলে পড়েছিলাম, তার নাম ছিল 'ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চবিদ্যালয়', যা ১৯৩৭ সালে মুন্সিগঞ্জের গজারিয়াতে তাঁর বাবার হাত ধরেই প্রাণ পেয়েছিল। বিদ্যালয়টি অঙ্কুরেই ধ্বংস করার হীন চেষ্টায় মেতেছিল এক প্রভাবশালী জমিদারের নিয়োগকৃত কয়েকজন নায়েব। তখন ত্রাতা হয়ে বিদ্যালয়টির হাল ধরেন মুন্সিগঞ্জের এসডিও ওয়াজীর আলী। ২০১৬ সালে আমার রচিত বই 'একটি বিদ্যালয় বৃত্তান্ত' প্রকাশিত হয়। বইয়ে সেই ইতিহাস লিপিবদ্ধ করার সুবাদে শেরেবাংলার উত্তরসূরিদের খুঁজতে গিয়ে কেটে গিয়েছিল দীর্ঘ চার বছর! শেরেবাংলার দ্বিতীয় ঘরের পুত্র এ কে ফাইজুল হকের ছেলে এ কে ফাইয়াজুল হক রাজুর কাছে আশাপ্রদ তথ্য না পেয়ে একদিন আমার চাচাতো ভাই সরকারের সাবেক যুগ্ম সচিব খুরশীদ আলমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। তিনিই খোঁজ দিলেন তাঁর একসময়কার সহপাঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও শেরেবাংলার ঘনিষ্ঠ আত্মীয় শাহনাজ হুদার, যিনি লায়লা আর্জুমান্দ বানুর একমাত্র কন্যা। পরম কাক্সিক্ষত দূত হয়ে শাহনাজ হুদাই আমার হাতের মুঠোয় এনে দেন জাকিয়া বানুর অমূল্য সন্ধান।
প্রথম যেদিন জাকিয়া বানুর সঙ্গে ফোনে কথা হয়, আমার পরিচয় পেয়ে ওপাশ থেকে তাঁর হৃদয়ের বাঁধভাঙা আবেগ আর কান্নার আওয়াজ শুনতে পেলাম। পরদিনই তাঁর ড্রয়িংরুমে যখন পা রাখলাম, মায়াময় এই মহীয়সী ও বিদুষী নারী আমাকে বললেন, 'তুমি তো দেখি আমার নাতনিদের বয়সী। এখন থেকে আমাকে "দাদি" বলে ডাকবে।' মজা করে বললেন, 'আমার নানা আদর করে আমাকে "নানি" ডাকতেন।' আমি বললাম, 'শেরেবাংলা যাঁকে নানি ডাকতেন তাঁকে দাদি বলতে পারাটা তো সৌভাগ্যের ব্যাপার।' যখন শুনলেন আমি ছবি তুলি, গর্ব করে বললেন তাঁর প্রয়াত স্বামী কাজী আলাউদ্দীনও এক শৌখিন আলোকচিত্রী ছিলেন। মানুষের রক্তের সম্পর্কই সব না, আত্মার সম্পর্ক বলেও একটা ব্যাপার আছে। জাকিয়া বানু সেদিন আমাকে তাঁর আত্মায় ঠাঁই দিয়েছিলেন। সেই থেকে প্রতি সপ্তাহে আমার ফোনের অপেক্ষায় থাকতেন তিনি। একটু দেরি হলেই অভিমান করতেন। মাঝে মাঝে আমি তাঁকে দেখতে যেতাম গুলশানের সেই বাড়িতে। তিনি শেরেবাংলার জীবনের এমন সব না-বলা গল্প বলতেন, যা শুনলে মনে হতো কোনো পবিত্র উপাখ্যান শুনছি।
এই ছবির নেপথ্যে থাকা আলো-ছায়ার সেই জাদুকর ডব্লিউ এ খানের জীবনটাও যেন এক রূপকথা। আজকের প্রজন্ম এই পথিকৃৎকে প্রায় ভুলেই গেছে। জাকিয়া বানুর স্মৃতিকথায় উঠে না এলে হয়তো মহাকালের অতলেই হারিয়ে যেতেন অবিভক্ত বাংলার এই নামকরা ফটোগ্রাফার। ডব্লিউ এ খানকে খুঁজতে গিয়ে পেলাম সামান্য কিছু তথ্য। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) মুখপত্র 'মাসিক ফটোগ্রাফি'তে 'বাংলাদেশের আলোকচিত্র সাংবাদিকতার সেকাল-একাল' শিরোনামে তিন পর্বের একটি ধারাবাহিক প্রবন্ধ লেখেন ষাটের দশকের খ্যাতিমান ফটোসাংবাদিক আবদুল মতিন। পত্রিকাটির মার্চ, ১৯৯৩ সংখ্যায় তাঁর শেষ পর্বের প্রবন্ধ পাঠে জানা যায়, কলকাতায় জন্ম নেওয়া এই মানুষটির জীবন ছিল ভীষণ বৈচিত্র্যময়। প্রথম জীবনে তিনি ছিলেন সাধারণ এক দর্জি দোকানের কারিগর ও পরবর্তী সময়ে টেইরালিং মাস্টার। কিন্তু এক বন্ধুর দেওয়া 'কোডাক বক্স ক্যামেরা' তাঁর জীবনের সুতো কেটে আলোর পথ দেখাল। কাপড়ের মাপ ছেড়ে তিনি মগ্ন হলেন আলোর মাপে। ওই সময় কলকাতা থেকে 'দৈনিক আজাদ'-এর প্রকাশনা শুরু হয়। আজাদে যোগ দিয়ে রাজনৈতিক সভা-সমাবেশের ছবি তুলতে তুলতেই একদিন তিনি শেরেবাংলার নজরে আসেন এবং ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলার অফিশিয়াল ফটোগ্রাফার নিযুক্ত হন। দেশভাগের পর নিঃসঙ্গ এই মানুষটি ঢাকায় এসে পিআইডির ফটো সেকশনের গোড়াপত্তন করেন। ব্যক্তিগত জীবনে চিরকুমার এই আলোর ফেরিওয়ালা নিঃসঙ্গ অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন।

ফজলুল হক হলের আজীবন সদস্যপদের খাতায় স্বাক্ষর করেন শেরেবাংলা। পাশে মোহাম্মদ ইয়াকুব মিয়া ও সৈয়দ নজমুল হক [ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০ সেপ্টেম্বর ১৯৬১]। ছবি: খন্দকার কামরুল হুদা
ডব্লিউ খানের ছবি তোলার এক চমকপ্রদ বর্ণনা পাওয়া যায় সাংবাদিক ফয়েজ আহমদের 'মধ্যরাতের অশ্বারোহী' গ্রন্থের 'ফেরে নাই শুধু একজন' প্রবন্ধে। এই গ্রন্থের ১৪৬ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, 'সরকারি ফটোগ্রাফারদের মধ্যে ডব্লিউ খান নামে পরিচিত একজন ফটোগ্রাফার ছিলেন, যাঁর ছবি তোলার অনেক কাহিনি আছে। তাঁর ছবি তোলার স্টাইলটাই ছিল আলাদা। বেশির ভাগ সময়েই তিনি দুহাতে মাথার ওপর রোলিফ্লেক্স ক্যামেরা উল্টো করে তুলে আকাশের দিকে ঘাড় বাঁকিয়ে ছবি তুলতেন। সময়ও নিতেন একটু অধিক। ফলে তিনি আসল সাবজেক্ট প্রায় হারাতেন। অর্থাৎ তাৎক্ষণিক তোলার মতো বিষয়টি বিলম্বের ফলে ফসকে যেত। পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী নূরুল আমীন কিন্তু খান সাহেবের এই ক্যামেরা অ্যাক্রোব্যাটস উপভোগ করতেন; এমনও দেখা গেছে যে, মুখ্যমন্ত্রী দর্জি দোকানের প্রাক্তন কাটার খান সাহেবকে একই ছবি তোলার দু-তিনবার চান্স দিয়েছেন।'
এই বিচিত্র মানুষের প্রতিকৃতি দেখার তীব্র তৃষ্ণা থেকে পুরোনো পত্রিকার পাতা ওল্টাতে ওল্টাতে ১৯৬৪ সালের ২০ আগস্টের দ্য পাকিস্তান অবজারভারের সপ্তম পৃষ্ঠায় খুঁজে পাই 'ফটোগ্রাফার অন ওয়ে টু লন্ডন' শিরোনামে একটি সংবাদ। সেখানে লেখা 'পূর্ব পাকিস্তান সরকারের সিনিয়র ফটোগ্রাফার ও শৌখিন সিনেমাটোগ্রাফার মি. ডব্লিউ খান আজ বৃহস্পতিবার চিকিৎসার জন্য লন্ডনে রওনা হচ্ছেন।' সেই খবরের সঙ্গে ছাপা হয় তাঁর একটি পাসপোর্ট সাইজ ছবি। বহুমূত্র ও পেশির স্নায়ুরোগে আক্রান্ত হয়ে তিনি ওই সময় লন্ডনের বিখ্যাত সেন্ট নিকোলাস হাসপাতালের নিউরো বিশেষজ্ঞ ডাক্তার এস কারানির তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছিলেন। পাকিস্তান অবজারভারে ছবিটি ছাপা না হলে বাংলার ইতিহাসকে ফ্রেমে ধরে রাখা এই ক্ষণজন্মা মানুষের মুখাবয়ব হয়তো চিরকাল অন্ধকারের আড়ালেই রয়ে যেত।
শেষ সভায় বাংলার বাঘ
১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর। বাংলার ইতিহাসের এক সোনালি অথচ গভীর বিষাদমাখা অপরাহ্ণ। লাঠিতে ভর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আঙিনায় পা রাখলেন ৮৭ বছর বয়সী এক সিংহপুরুষ। তিনি বাংলার মুকুটহীন সম্রাট শেরেবাংলা এ কে ফজলুল হক। ১৯৫৮ সালের ৩১ মার্চ লাটগিরির চাকরির অবসানের পর বার্ধক্য আর জরা যাঁকে দীর্ঘদিন জনসভা থেকে দূরে রেখেছিল, আজ তিনি এসেছেন শুধু প্রিয় ছাত্রদের ব্যাকুল ভালোবাসার টানে। এটিই ছিল মহৎ এই নেতার জীবনের শেষ আনুষ্ঠানিক জনসভা।

শেরেবাংলার এই ঐতিহাসিক বাড়িটির এখন আর অস্তিত্ব নেই [ঢাকা, ১৯৫৪]। ছবি: জেমস বার্ক/লাইফ ম্যাগাজিন
হলের সামনের সবুজ বাগিচায় পাতা হয়েছিল একটি সাধারণ কাঠের টেবিল, যার ওপর বিছানো শুভ্র খাদি কাপড়ের চাদরটি যেন এক চিরন্তন বাংলার আবহ তৈরি করেছিল। পেছনে পাতা তিনটি সাধারণ চেয়ার। সাদা পায়জামা, পাঞ্জাবি আর মাথায় রুমি টুপি পরা সেই চিরচেনা রাজকীয় অবয়ব; তবে আজ শরীরে জড়িয়েছেন গরম পুলওভার আর বুকে খেলা করছে বার্ধক্যের ক্লান্তি। তিনি এসে বসলেন মাঝখানের প্রধান চেয়ারটিতে। গলায় শুভ্র ফুলের মালা আর বাঁ হাতে শক্ত করে ধরা বেতের লাঠিটি যেন এক ক্ষয়ে যাওয়া মহান সাম্রাজ্যের জীবন্ত প্রতীক। শেরেবাংলার বাঁ পাশে বসা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. কে জে নিউমেনের স্ত্রী এবং ডান পাশে রাখা তাঁরই তুলিতে আঁকা নেতার এক বিশাল তৈলচিত্র যেন চারপাশে এক অদ্ভুত মোহময়তার সৃষ্টি করেছিল। পেছনে তখন স্নেহাতুর ছাত্রনেতাদের ভিড়।
ঠিক সেই মুহূর্তে ব্যক্তিগত সচিব মোহাম্মদ ইয়াকুব মিয়া ও ছাত্রনেতা সৈয়দ নজমুল হক—যাঁরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য শহীদ হন—একটি ঝরনা কলম ও আজীবন সদস্যপদের খাতাটি পরম শ্রদ্ধায় মেলে ধরলেন নেতার সামনে। কম্পিত কিন্তু দৃঢ় হাতে ইংরেজিতে নিজের ঐতিহাসিক স্বাক্ষরটি করলেন শেরেবাংলা। ঠিক তখনই, বিকেলের ম্লান আলোয় দৈনিক আজাদের আলোকচিত্রী খন্দকার কামরুল হুদার মিডিয়াম ফরম্যাট ক্যামেরার শাটারে চিরকালের জন্য বন্দী হয়ে গেল ইতিহাসের এক অবিস্মরণীয় মহাকাব্যিক দলিল। পরদিন ঢাকার প্রতিটি পত্রিকার প্রথম পাতাজুড়ে শোভা পেয়েছিল এই অশ্রুসিক্ত দৃশ্য।
দৈনিক আজাদ, সংবাদ, পাকিস্তান অবজারভার ও মর্নিং নিউজে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় অনুষ্ঠানের শুরুতে প্রভোস্ট অধ্যাপক সফীউল্লাহ তাঁকে কিছু বলার আকুল অনুরোধ করলেন। বাংলার সেই পরিচিত বজ্রকণ্ঠ আর শোনা গেল না। শেরেবাংলা ধীর লয়ে শুধু বলেন, তিনি আজ বক্তৃতা দিতে আসেননি; ছাত্ররা যে তাঁকে মনে রেখেছে, এই প্রীতিটুকু জানাতেই তাঁর আসা। এরপর আর কোনো শব্দ বের হলো না, আবেগের তীব্রতায় রুদ্ধ হয়ে গেল সেই মহান কণ্ঠ, চোখ বেয়ে নেমে এলো অশ্রুধারা। উপাচার্য ড. মাসুদ হোসেন, ড. নিউমেন ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের চোখের সামনেই রচিত হলো এক চিরন্তন ইতিহাস। জীবনীকার বি ডি হাবীবুল্লাহর ভাষায়, 'এই-ই তাঁর জীবনের শেষবারের মতো জনসভায় যোগদান' —বাংলার বাঘের এক নীরব, অশ্রুসিক্ত রাজকীয় বিদায়।
শেরেবাংলার শেষ দিনগুলো
জীবনীকার বি ডি হাবীবুল্লাহর লেখা 'শেরেবাংলা'র ১৮০ নম্বর পৃষ্ঠায় ধরা পড়েছেন এক ভিন্ন শেরেবাংলা, ১৯৬১ সালের ডিসেম্বরের প্রথমার্ধে এসে যাঁর তেজোদীপ্ত দেহের জৌলুশ শুকিয়ে গেছে, হারিয়ে গেছে স্মৃতির খেই। কখনো নিজের গৌরবময় অতীত মনে করে মৃদু হাসছেন, আবার পরক্ষণেই বর্তমানের অসহায়ত্ব আর ভবিষ্যতের অনিশ্চয়তায় কেঁদে উঠছেন। অবুঝ শিশুর মতো আকুতি করছেন, 'আমি চাখার যাবো, বাবা-মায়ের কবর জিয়ারত করব।' সামনে তরল খাদ্য দেখে কখনো বা আক্ষেপ করছেন, 'হাতীর দরকার কলার বাগান, সে কি পানি খেয়ে বাঁচতে পারে?'

রোগশয্যায় শেরেবাংলা। পাশে ভাতুষ্পুত্র সৈয়দ আজিজুল হক নান্না মিয়া, পুত্র এ কে ফায়জুল হক, ‘শেরেবাংলা’ জীবনীগ্রন্থের প্রকাশক এস এম আজিজুল হক ও এক নার্স [ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ২৯ মার্চ ১৯৬২]। ছবি: খন্দকার কামরুল হুদা
১৯৬২ সালের ২৮ মার্চ গভীর রাতে কিডনির তীব্র যন্ত্রণায় আক্রান্ত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে ভিআইপি কেবিনে তন্দ্রাচ্ছন্ন নেতার এক বিষাদময় ছবি তোলেন খন্দকার কামরুল হুদা, যা ৩০ মার্চ দৈনিক আজাদের প্রথম পাতায় ছাপা হয়। একই আলোকচিত্রীর তোলা আরেকটি ফ্রেমে বন্দি হয় এক দমবন্ধ করা মুহূর্ত, হাসপাতালের বিছানায় শায়িত শেরেবাংলার নাকে অক্সিজেনের নল; শিয়রে গভীর চিন্তায় মগ্ন আঠারো বছরের কিশোর পুত্র এ কে ফাইজুল হক। পাশেই ভ্রাতুষ্পুত্র সৈয়দ আজিজুল হক নান্না মিয়া আর জীবনীগ্রন্থের প্রকাশক এস এম আজিজুল হকের চোখে প্রিয়জন হারানোর তীব্র শঙ্কা। আর শেরেবাংলার শরীরে যত্নের পরশ বুলিয়ে দিচ্ছেন এক নার্স। জীবনীগ্রন্থে স্থান পাওয়া এই মন খারাপ করা ছবিটিই নেতার শেষ দিনগুলোর নীরব সাক্ষী।
ডা. মুহম্মদ ইব্রাহিম, ডা. শামসুদ্দিন, ডা. মান্নান ও ডা. রউফের অক্লান্ত চেষ্টায় তিন সপ্তাহে মূত্রাশয়ের রোগ সারলে তিনি বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। কিন্তু হাসপাতাল থেকে সৌভাগ্যের প্রতীক তাঁর সেই প্রিয় নীলা পাথরযুক্ত সোনার আংটিটি হারিয়ে যাওয়ায় গভীর উৎকণ্ঠায় বুক ভেঙে বলেন, 'আমার আর সময় নাই।' এপ্রিলের শেষ সপ্তাহে হঠাৎ ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তীব্র যন্ত্রণায় হাত দুটি আকাশের দিকে তুলে আকুতি করতেন, 'আল্লাহ! আর কষ্ট সহ্য হয় না, আমাকে তোমার কাছে তুলে নাও।' অবশেষে ২৭ এপ্রিল, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে চিরতরে চোখ বুজলেন তিনি।
