Logo
Logo
×

লাইফস্কেপ ।  বিনোদন

অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে এখন কী করছেন রাত্রি?

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬। ০৭:১৩ পিএম

আপডেট: ০৪ নভেম্বর ২০২৬। ১৫:২৮ পিএম

অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে এখন কী করছেন রাত্রি?

নব্বইয়ের দশকের শেষ দিকে বাংলাদেশের টেলিভিশন নাটকে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন সুরাইয়া হুদা রাত্রি। একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন তিনি। কিন্তু ক্যারিয়ারের সাফল্যের মধ্যেই পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করছেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করছেন রাত্রি। কর্মব্যস্ত জীবন কাটলেও অভিনয়জীবনের স্মৃতি এবং দর্শকদের ভালোবাসা এখনো তাকে আনন্দ দেয়।

নব্বইয়ের দশকের শেষ দিকে ‘ধূসর বসন্ত’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় রাত্রির। এরপর অভিনয় করেন মুক্তিযুদ্ধের গল্পনির্ভর নাটক ‘আত্মাহুতির পালা’য়। এতে তার সঙ্গে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা গোলাম মুস্তাফা।

নাটকটি প্রচারের পরই দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান রাত্রি। অভিনয়ের প্রস্তাব আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে। এমনকি চলচ্চিত্রের পরিচালকেরাও তাকে বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব দেন।

অভিনয়জীবনের সেই সময়ের স্মৃতিচারণা করে রাত্রি বলেন, ‘আত্মাহুতির পালা নাটকটি প্রচারিত হওয়ার পর আমার ক্যারিয়ার পুরোপুরি বদলে যায়। চারদিক থেকে অনেক সাড়া পাই। সেই সঙ্গে সিনেমার অনেক পরিচালক তখন আমাকে বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব দেন। বাসায়ও পরিচালকেরা আসতে শুরু করেন। কিন্তু সিনেমায় অভিনয় করা হয়নি।’

শুরুর দিকে টেলিভিশন নাটকে অভিনয়ের বিষয়েও পরিবারের আপত্তি ছিল বলে জানান তিনি। একটি নাটকে অভিনয় করবেন—এমন কথা বলেই পরিবারের সম্মতি নিয়েছিলেন রাত্রি।

পরবর্তী সময়ে ‘রাতের পাখি’ নামের এক ঘণ্টার নাটকে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা আজিজুল হাকিম। নাটকটি দর্শকপ্রিয়তা পাওয়ার পর এই জুটি আরও কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেন।

এ ছাড়া ‘আগন্তুক’ টেলিফিল্ম ও ‘হীরামন’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হন রাত্রি।

অভিনয় করেন মামুনুর রশীদের পরিচালনায় ‘দানব’ ধারাবাহিক নাটকে। সেখানেও তার বিপরীতে ছিলেন আজিজুল হাকিম।

রাত্রি বলেন, ‘দানব নাটকে অভিনয় করে সবার কাছ থেকে প্রশংসা পেয়েছি। যতগুলো নাটকে অভিনয় করেছি, সবগুলোর জন্যই দর্শকদের ভালোবাসা পেয়েছি।’

জনপ্রিয়তার মধ্যেই যুক্তরাষ্ট্রে চলে যান এই অভিনেত্রী। তবে দেশ ছাড়ার ছয় বছর পর একবার বাংলাদেশে ফিরে আবারও অভিনয়ে অংশ নেন তিনি।

সেবার নির্মাতা এস এ হক অলিকের পরিচালনায় ‘জল পড়ে পাতা নড়ে’ ধারাবাহিক নাটকে অভিনয় করেন রাত্রি।

সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘ওই বছর বিমানবন্দর থেকে নেমেই সোজা শুটিং করতে গিয়েছিলাম। ছয় বছর পর দেশে ফিরেও দেখেছি, অনেকেই আমার অভিনীত নাটকগুলোর কথা মনে রেখেছেন।’

রাত্রি জানান, একসময় নিউইয়র্কেও তার অভিনীত নাটকের সিডি পাওয়া যেত। প্রবাসী দর্শকেরা তাকে চিনতে পারতেন এবং বিভিন্ন নাটকের নাম উল্লেখ করে কথা বলতেন।

তিনি বলেন, ‘ওই সময় তো নাটকের সিডি পাওয়া যেত। নিউইয়র্কে আমার অভিনীত নাটকের সিডি বিক্রি হতো। অনেকেই আমাকে বিভিন্ন নাটকের নাম ধরে ধরে বলতেন। ভালো লাগত।’

দেশের বাইরে দীর্ঘদিন থাকার পরও দর্শকেরা তাকে মনে রেখেছেন, এটিই তার কাছে বিশেষ আনন্দের।

রাত্রির কথায়, ‘দেশ থেকে অনেক দূরে আছি। অনেক দিন হলো বিদেশে আছি। তারপরও মানুষের ভালোবাসা পাই। অনেকেই আমাকে মনে রেখেছেন। কেউ যখন বলেন, “রাত্রি না? আপনার নাটক দেখেছি”, তখন আনন্দ পাই। অন্য রকম ভালো লাগা কাজ করে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে কেমন সময় কাটছে, এমন প্রশ্নের উত্তরে রাত্রি জানান, একটি ওষুধ কোম্পানিতে চাকরি করছেন তিনি। কাজের ব্যস্ততা থাকলেও ভালো আছেন।

তিনি বলেন, ‘এখানে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করি। অনেক ব্যস্ত থাকতে হয়। তারপরও ভালো আছি। অনেক বছর হয়ে গেছে এখানে এসেছি। যেখানে আছি, সেখানে অনেক বাঙালি আছেন।’

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে