Logo
Logo
×

লাইফস্কেপ ।  খেলা

১১ বছর পর ৪৬ বছর বয়সে ফুটবলে ফিরলেন রোনালদিনিয়ো

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬। ০৩:১৩ পিএম

১১ বছর পর ৪৬ বছর বয়সে ফুটবলে ফিরলেন রোনালদিনিয়ো

দীর্ঘ ১১ বছর পর আবার প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিয়ো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে খেললেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। প্রত্যাবর্তনের ম্যাচে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসানোর পাশাপাশি দলের ২-০ গোলের জয়েও অবদান রেখেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) ইতালির ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামে ফোরলির বিপক্ষে রাভেন্নার শুরুর একাদশে ছিলেন রোনালদিনিয়ো। দশ নম্বর জার্সি পরে পুরো প্রথমার্ধ খেলেন তিনি। বিরতির সময় মাঠ ঘুরে দর্শকদের উদ্দেশে হাত নাড়লে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান সমর্থকেরা।

ম্যাচের ৩৬তম মিনিটে জুলিও দোনাতির গোলে এগিয়ে যায় রাভেন্না। গোলটির আক্রমণ তৈরিতে ভূমিকা ছিল রোনালদিনিয়োর। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে সিমোনে রাব্বি আরও একটি গোল করলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সির হয়ে শেষবার প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছিলেন রোনালদিনিয়ো। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। দীর্ঘ বিরতির পর গত জুনে ইতালির ক্লাব রাভেন্নায় যোগ দেওয়ার খবর সামনে আসে।

রাভেন্নার কর্ণধার হোটেল ব্যবসায়ী ইগনাৎসিও চিপ্রিয়ানির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে রোনালদিনিয়োর। ক্লাবটির মালিকানায় তার নিজেরও অংশীদারত্ব রয়েছে। এই সম্পর্কের সূত্র ধরেই আবার পেশাদার ফুটবলে ফেরার সুযোগ তৈরি হয়।

গত ২০ আগস্ট রাভেন্না শহরে বিশেষ আয়োজনে তাকে ক্লাবের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পেশাদার খেলোয়াড়দের মতো শারীরিক পরীক্ষা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হন তিনি। এরপর অক্টোবরের শেষ দিকে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করে, নভেম্বরে মাঠে নামবেন ব্রাজিলিয়ান তারকা।

অবশেষে সেই প্রত্যাবর্তন বাস্তবে রূপ নেয়। বয়সের কারণে আগের মতো গতি ও ক্ষিপ্রতা না থাকলেও মাঠে তার উপস্থিতি সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে রোনালদিনিয়ো বলেন, আবার মাঠে নামা, সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে প্রস্তুতি নেওয়া এবং প্রতিযোগিতামূলক ফুটবলের পরিবেশে ফিরে আসা তার জন্য অসাধারণ অভিজ্ঞতা।

বিশেষ করে যেসব তরুণ ফুটবলার ছোটবেলায় তার খেলা দেখে বড় হয়েছেন, তাদের সঙ্গে একই দলে খেলতে পেরে আনন্দিত এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন রোনালদিনিয়ো। ক্লাব ফুটবলে তার সেরা সময় কাটে স্পেনের বার্সেলোনায়। ২০০৫ সালে জেতেন ব্যালন ডি’অর এবং পরের বছর বার্সেলোনার হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

ক্যারিয়ারে প্যারিস সাঁ জারমাঁ, বার্সেলোনা, এসি মিলানসহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। ইতালির রাভেন্না তার পেশাদার ক্যারিয়ারের নবম ক্লাব।

তবে এই প্রত্যাবর্তন এক ম্যাচেই শেষ হচ্ছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ভবিষ্যতে আবার মাঠে নামার সম্ভাবনা উড়িয়ে দেননি রোনালদিনিয়ো।

আরও ম্যাচ খেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্লাব প্রেসিডেন্ট ডাকলে অবশ্যই আবার মাঠে ফিরবেন।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে