Logo
Logo
×

লাইফস্কেপ ।  ফ্যাশন

ভারতের সিরিজ জয়ের নেপথ্যে অভিনেত্রী সামরিন, কে তিনি?

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬। ০৪:২৭ পিএম

আপডেট: ১৬ নভেম্বর ২০২৬। ১৬:৩৪ পিএম

ভারতের সিরিজ জয়ের নেপথ্যে অভিনেত্রী সামরিন, কে তিনি?

সামরিন কৌর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ জয়ের পর আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী ও মডেল সামরিন কৌর। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতীয় পেসার আর্শদীপ সিং নিজের সাফল্যের কৃতিত্বের বড় একটি অংশ দিয়েছেন হবু স্ত্রী সামরিনকে। তার দাবি, মাঠের বাইরে সামরিনের সমর্থন ও অনুপ্রেরণা তাকে ভালো খেলতে সাহায্য করে।

রোববার (১৫ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২২ রানে জয় পায় ভারত। এর মধ্য দিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জেতে সফরকারীরা। ম্যাচে ৩০ রান দিয়ে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্শদীপ। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান তিনি।

পুরস্কার গ্রহণের পর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে সামরিনের প্রশংসা করেন আর্শদীপ। তিনি জানান, ভালো একজন জীবনসঙ্গী পাওয়া তার জন্য সৌভাগ্যের। সামরিন সব সময় তাকে সমর্থন করেন এবং মানসিকভাবে ইতিবাচক থাকতে সাহায্য করেন।

আর্শদীপের ভাষায়, মাঠের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে মাঠের বাইরে একজন ক্রিকেটার নিজেকে কীভাবে সামলাচ্ছেন, তার ওপর। আর সেই জায়গায় সামরিনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিতে হবু স্ত্রীকে দেখতে পাওয়াটা ছিল তার জন্য বিশেষ আনন্দের।

নিউজিল্যান্ডের সৈকতে বিয়ের প্রস্তাব

গত ১১ নভেম্বর নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইয়ের সমুদ্রসৈকতে সামরিনকে বিয়ের প্রস্তাব দেন আর্শদীপ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে কয়েকটি ছবি প্রকাশ করেন তারা।

ছবির ক্যাপশনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আনন্দ প্রকাশ করেন এই জুটি। সেখানে ১১ নভেম্বর ২০২৬ তারিখটিও উল্লেখ করেন তারা।

বিয়ের প্রস্তাব দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে আর্শদীপ বলেন, মুহূর্তটি নিয়ে তিনি বেশ নার্ভাস ছিলেন। তবে সমুদ্রসৈকতের সুন্দর পরিবেশ পুরো অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলেছে।

দুজনের বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি বিনোদন অঙ্গনেও সামরিনকে নিয়ে আগ্রহ বেড়েছে।

অর্শদীপ সিং ও সামরিন কৌর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

কে এই সামরিন কৌর?

সামরিন কৌর ভারতের একজন অভিনেত্রী ও মডেল। জম্মু-কাশ্মীরে জন্ম নেওয়া সামরিন ছোটবেলা থেকেই ফ্যাশন ও মডেলিংয়ের প্রতি আগ্রহী ছিলেন। তবে শুরুতে বিনোদনজগতে ক্যারিয়ার গড়ার নির্দিষ্ট পরিকল্পনা ছিল না তার।

১৭ বছর বয়সে মডেলিং শুরু করেন সামরিন। ২০১৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অডিশন দেন। জম্মু-কাশ্মীরের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে রাজ্য পর্যায়ের ফাইনালিস্ট হন তিনি।

এক সাক্ষাৎকারে সামরিন জানিয়েছিলেন, শখের বশেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে সুযোগ পাওয়ার পর মডেলিংয়ের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়।

পড়াশোনাতেও মনোযোগী ছিলেন সামরিন। পুনের সিম্বায়োসিস কলেজ অব আর্টস অ্যান্ড কমার্স থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। পড়াশোনার পাশাপাশি চালিয়ে গেছেন মডেলিং।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সিনেমার আগে সংগীতের ভিডিওতে অভিনয় করে পরিচিতি পান সামরিন। হিন্দি ও পাঞ্জাবি গানের একাধিক ভিডিওতে কাজ করেছেন তিনি।

বিশেষ করে র‍্যাপার বাদশাহর জনপ্রিয় গান ‘বাউলা’র ভিডিওতে তার উপস্থিতি আলোচিত হয়। গানটিতে বাদশাহর সঙ্গে অভিনয় করেন সামরিন।

এ ছাড়া জুবিন নটিয়ালের ‘তুঝে ভুলনা তো চাহা’ গানের ভিডিওতেও দেখা গেছে তাকে। কাশ্মীরের গুলমার্গসহ বিভিন্ন স্থানে গানটির শুটিং হয়েছিল। শীতের মধ্যে কয়েক দিন ধরে কাজ করার অভিজ্ঞতাকে স্মরণীয় বলে উল্লেখ করেছিলেন সামরিন।

গুরু রনধাওয়া, জ্যাস মানক ও মনিন্দর বুট্টারের মতো শিল্পীদের সংগীতের ভিডিওতেও কাজ করেছেন তিনি।

সিনেমায় ক্রিকেটারের বাগদত্তা, বাস্তবেও একই গল্প

সংগীতের ভিডিওর পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সামরিন। দিলজিৎ দোসাঞ্জ অভিনীত পাঞ্জাবি সিনেমা ‘সর্দার জি ২’-তে শাইনি চরিত্রে দেখা যায় তাকে।

২০১৯ সালে পুনিত মালহোত্রা পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমায় অভিনয় করেন তিনি। টাইগার শ্রফ, অনন্যা পান্ডে ও তারা সুতারার সঙ্গে এই ছবিতে বন্দনা চাওলা চরিত্রে ছিলেন সামরিন।

তার অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজগুলোর একটি কবির খান পরিচালিত ‘৮৩’। ভারতের ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনসহ একাধিক তারকা অভিনয় করেন।

সিনেমাটিতে সামরিন অভিনয় করেন সিমরান চরিত্রে, যিনি ভারতীয় ক্রিকেটার বলবিন্দর সিং সান্ধুর বাগদত্তা।

পর্দায় ক্রিকেটারের বাগদত্তার চরিত্রে অভিনয়ের পাঁচ বছর পর বাস্তব জীবনেও একজন ভারতীয় ক্রিকেটারের জীবনসঙ্গী হতে চলেছেন সামরিন।

একই সময়ে জি ফাইভের আইনি থ্রিলার ‘নেইল পলিশ’-এও অভিনয় করেন তিনি। অর্জুন রামপাল ও মানব কৌল অভিনীত ছবিটিতে চারু রায়না চরিত্রে দেখা যায় তাকে।

অভিনয় নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন সামরিন। তার ইচ্ছা, এমন চরিত্রে অভিনয় করা, যা গল্পের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারীপ্রধান চলচ্চিত্রে শক্তিশালী চরিত্রে কাজ করতে চান তিনি।

আর্শদীপের সঙ্গে সম্পর্কের শুরু যেভাবে

আর্শদীপ সিংয়ের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার আগে জনপ্রিয় ইউটিউবার আশিষ চঞ্চলানির সঙ্গে সামরিনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে দুজনই সেই গুঞ্জন অস্বীকার করে নিজেদের ভালো বন্ধু বলে জানিয়েছিলেন।

আর্শদীপ ও সামরিনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় ২০২৬ সালের আইপিএল মৌসুমে। পাঞ্জাব কিংসের ম্যাচে গ্যালারিতে সামরিনকে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে জল্পনা বাড়ে।

পরে ধর্মশালায় একসঙ্গে ছুটি কাটানোর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ২৬ জুলাই সামরিনের সঙ্গে দুটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে সম্পর্কের বিষয়টি সামনে আনেন আর্শদীপ। ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখেন, ‘মাই পারসন’।

এরপর আর নিজেদের সম্পর্ক গোপন রাখেননি তারা। গত ১১ নভেম্বর নিউজিল্যান্ডে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন আর্শদীপ।

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়ের পর সামরিনকে নিজের সাফল্যের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে আবারও আলোচনায় এসেছেন এই ভারতীয় পেসার।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে