Logo
Logo
×
টেইলর সুইফট যেভাবে হয়ে উঠলেন ‘চলমান জিডিপি’

এক যুগ পরেও ফিরে যাওয়া যায় শুরুতে। সিএমএ পুরস্কারের মঞ্চে ২০০৬ সালের প্রথম অ্যালবামের 'আওয়ার সং' গেয়ে ভক্তদের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেলেন টেইলর সুইফট। ছবি: সিন্ডি অর্ড/গেটি ইমেজেস

লাইফস্কেপ ।  মিউজিক

টেইলর সুইফট যেভাবে হয়ে উঠলেন ‘চলমান জিডিপি’

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬। ০৭:০৩ পিএম

আপডেট: ২১ নভেম্বর ২০২৬। ১৪:০২ পিএম

গানের জগতের মহাতারকা টেইলর সুইফট এখন শুধু গায়িকা নন, অর্থনীতিরও এক বড় চালিকাশক্তি। তিনি যে শহরে কনসার্ট করেন, সেখানে হোটেল, রেস্তোরাঁ, ফ্লাইট আর শপিং মল ভরে যায় ভক্তদের ভিড়ে। কিন্তু এই গল্পের শুরুটা কোনো স্টেডিয়ামে নয়, পেনসিলভানিয়ার এক ছোট শহরে।

জন্ম আর বেড়ে ওঠা

টেইলর অ্যালিসন সুইফটের জন্ম ১৯৮৯ সালের ১৩ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ওয়েস্ট রিডিংয়ে। বাবা স্কট সুইফট স্টকব্রোকার, মা অ্যান্ড্রিয়া মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠানের সাবেক বিপণন কর্মকর্তা। ১৯৯২ সালে জন্ম হয় ছোট ভাই অস্টিনের।

শৈশবের বড় অংশ কেটেছে রিডিংয়ের কাছে পরিবারের ক্রিসমাস গাছের খামারের পরিবেশে, যেটা বাবা কিনেছিলেন এক মক্কেলের কাছ থেকে। সুইফট নিজেই বলেছেন, ২০১৯ সালের 'ক্রিসমাস ট্রি ফার্ম' গানটি তার সেই শৈশব থেকেই এসেছে। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় পরিবার চলে যায় পাশের শহর উইওমিসিংয়ে। নতুন স্কুলে কাউকে চিনতেন না, একাকী লাগত। গরমের ছুটি কাটত নিউ জার্সির স্টোন হারবারে, সেখানে এক কফির দোকানে গান গাইতেন। 

এক যুগ পরেও ফিরে যাওয়া যায় শুরুতে। সিএমএ পুরস্কারের মঞ্চে ২০০৬ সালের প্রথম অ্যালবামের 'আওয়ার সং' গেয়ে ভক্তদের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেলেন টেইলর সুইফট। ছবি: সিন্ডি অর্ড/গেটি ইমেজেস

ফিরিয়ে দেওয়া থেকে ফিরে আসা

১১ বছর বয়সে মায়ের সঙ্গে ন্যাশভিলে গিয়ে নমুনা-টেপ নিয়ে ঘুরলেও কোনো সংগীত-প্রতিষ্ঠান তাকে নেয়নি। ১৩ বছর বয়সে আরসিএ রেকর্ডসের সঙ্গে প্রশিক্ষণ-চুক্তি হয়। কিন্তু অন্যের লেখা গান গাওয়ার চাপ আর অনির্দিষ্ট অপেক্ষায় ১৪ বছর বয়সে তিনি নিজেই সেটা ছেড়ে দেন। সে বছরই মেয়ের ভবিষ্যতের জন্য পরিবার চলে যায় টেনেসির হেন্ডারসনভিলে, ন্যাশভিলের কাছে। যোগ দেন তখন সদ্য শুরু হওয়া বিগ মেশিন রেকর্ডসে।

‘গান লেখাই আমার জীবনের কেন্দ্র’

২০২৬ সালের ২৮ এপ্রিল নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন প্রকাশ করে “৩০ জন সেরা জীবিত আমেরিকান গীতিকার” তালিকা, যাতে ২৫০ জনের বেশি সংগীত-বিশেষজ্ঞের ভোট আর ছয় সমালোচকের মত ছিল। তালিকায় জায়গা পেয়ে সুইফট লস অ্যাঞ্জেলেসে প্রায় আধঘণ্টার এক সাক্ষাৎকার দেন, নিয়েছেন সাংবাদিক জো কস্কারেলি। জানুয়ারিতে ঘোষিত সংগীতকার হল অব ফেমের ২০২৬ সালের তালিকায় তিনি সবচেয়ে কমবয়সী নারী সদস্য।

সুইফট জানান, গান লেখা শুরু ১২ বছর বয়সে। ১৪ বছরে সনির প্রকাশনা চুক্তির পর স্কুল শেষে অর্ধেক লেখা গান আর হুক নিয়ে ন্যাশভিলের মিউজিক রোতে যেতেন। ভয় ছিল, কেউ যেন তাকে “কৌশলে ঢুকে পড়া ছোট মেয়ে” না ভাবে। তাই চেয়েছিলেন, তার গান যেন অন্য শিল্পীদের কাছে প্রস্তাব না করা হয়। কান্ট্রি সংগীতে তাকে টেনেছে গল্প বলার ঢং, যাকে তিনি বলেছেন “গল্প বলার সময়ের কাঠামো”। অনুপ্রেরণা নিয়েছেন দ্য চিকসের ‘গুডবাই আর্ল’, জিনি সি রাইলির ‘হার্পার ভ্যালি পিটিএ’ থেকে। আর শব্দের ধার এসেছে ইমো ও পপ-পাংক থেকে, ড্যাশবোর্ড কনফেশনালের ক্রিস ক্যারাবা ও ফল আউট বয়ের পিট ওয়েন্টজের কাছ থেকে।

লেখার কৌশল নিয়েও খুলে বলেছেন তিনি। ফোনের টুকিটাকি অ্যাপে শব্দ, প্রশ্ন আর বাক্যাংশের একটা ফাইল রাখেন, বছরের পর বছর ধরে। একটা শব্দের পাশে তার বিপরীত বসাতে ভালোবাসেন, কারণ মানুষ নিজেই নানা বিরোধী গুণে ভরা। পাশাপাশি দুই শব্দের একই বর্ণ তার প্রিয়, তবে একটি শব্দ যে বর্ণে শেষ হয়, পরেরটি সেই বর্ণে শুরু হওয়া এড়ান। ‘আওয়ার সং’-এ “লো” বদলে “স্লো” করেছিলেন এ কারণেই। আর ব্রিজকে তিনি বর্ণনা করেছেন ছবির মতো করে। প্রথম অংশে ছবি আঁকা শুরু, ধুয়োতে মর্মকথা, আর ব্রিজে কয়েক পা পিছিয়ে এসে পুরো ছবিটা দেখা। সঙ্গী জ্যাক অ্যান্টনফের সঙ্গে এর কিছু ব্রিজকে তিনি বলেন ‘রান্ট ব্রিজ’, অর্থাৎ আবেগের তীব্র উচ্ছ্বাসের ব্রিজ।

‘অল টু ওয়েল’-এর জন্মের গল্পও বলেছেন। ‘স্পিক নাউ’ ট্যুরের এক শব্দ-পরীক্ষায় মন খারাপ নিয়ে একই চার সুর বাজাতে বাজাতে ১০ মিনিট ধরে মনের কথা বলে গেছেন। তার মা শব্দ-কর্মীদের জিজ্ঞেস করেন, রেকর্ড হয়েছে কি না। হয়েছিল। ‘এলিজাবেথ টেইলর’ গানটি এসেছে ২০২৪ সালে গাড়িতে বসে, হলিউডের কিংবদন্তিকে নিয়ে ট্র্যাভিস কেলসিকে বলতে বলতে হঠাৎ সুর এসে যায়। সমালোচনাকে তিনি জ্বালানি বলেছেন, আর ‘কোন গান কার কথা’ এই হিসাব কষাটা তার অপছন্দ। তার কথা, গান তো তিনি নিজে লিখেছেন, প্রাক্তন প্রেমিকরা নয়।

সম্পূর্ণ নিজের লেখা ‘স্পিক নাউ’-কে তিনি লেখকজীবনের মোড় বলেছেন, যেখানে নিজের স্বজ্ঞার ওপর আস্থা রাখতে শিখেছেন। আর ১৭ বছরে মন খারাপ করে ঘরে বসে লিখেছিলেন ‘লাভ স্টোরি’, কারণ বয়সে বড় এক ছেলের সঙ্গে ডেটে যেতে বাবা-মা দেননি।

অপমান আর ধাক্কা

২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর এমটিভি ভিডিও পুরস্কার অনুষ্ঠানে ‘ইউ বিলং উইথ মি’-র জন্য সেরা নারী ভিডিওর পুরস্কার নিতে উঠেছিলেন ১৯ বছরের সুইফট। বক্তব্য শুরু করতেই মঞ্চে উঠে মাইক্রোফোন কেড়ে নেন কানইয়ে ওয়েস্ট, বলেন বিয়ন্সের ভিডিও আরও ভালো ছিল। পরে ওয়েস্ট ক্ষমা চেয়েছেন, আর বিয়ন্সে নিজের পুরস্কার নিতে উঠে সুইফটকে মঞ্চে ডেকে নেন।

আসল ধাক্কা আসে ২০১৯ সালে। স্কুটার ব্রাউনের কোম্পানি বিগ মেশিন কিনে নেয়, সঙ্গে সুইফটের প্রথম ছয়টি অ্যালবামের মূল রেকর্ডিংয়ের স্বত্বও। সুইফট বলেছেন, তিনি জেনেছেন ঘোষণার খবরেই। পরে ব্রাউন সেগুলো বিক্রি করেন বিনিয়োগ প্রতিষ্ঠান শ্যামরক ক্যাপিটালের কাছে। 

২০২৩ সালের জুন মাসে ওহাইওর সিনসিনাটিতে পেকর স্টেডিয়ামের মঞ্চে পারফর্ম করছেন টেইলর সুইফট। যে কনসার্ট ট্যুরটি সুইফটকে বিলিয়নেয়ারে পরিণত করেছে, তা এই সপ্তাহান্তেই শেষ হতে যাচ্ছে। (টেইলর হিল, টিএএস২৩/গেটি ইমেজেস, সিএনএন-এর সৌজন্যে)

মাস্টারস্ট্রোক

সুইফট আদালতের লড়াইয়ে আটকে থাকেননি। পুরনো অ্যালবামগুলো নিজের কণ্ঠে নতুন করে রেকর্ড করে নাম দেন ‘টেইলরস ভার্সন’। ভক্তরা সেগুলোই লুফে নেয়। ২০২১ ও ২০২৩ সালে বেরোয় ফিয়ারলেস, রেড, স্পিক নাউ ও ১৯৮৯। এরপর ২০২৫ সালের ৩০ মে তিনি ঘোষণা করেন, শ্যামরকের কাছ থেকে সব স্বত্ব কিনে নিয়েছেন। দাম প্রকাশ করেননি, গণমাধ্যমের হিসাবে প্রায় ৩৬০ মিলিয়ন ডলার। সুইফট বলেছেন, ইরাস ট্যুরের সাফল্য আর ভক্তদের উচ্ছ্বাসই এটা সম্ভব করেছে। এখনো রিপুটেশন ও প্রথম অ্যালবামের ‘টেইলরস ভার্সন’ প্রকাশের অপেক্ষায় ভক্তরা। প্রথম অ্যালবাম পুরোপুরি নতুন করে রেকর্ড হয়েছে বলে সুইফট নিশ্চিত করেছেন। ২০২৬ সালের ২৪ অক্টোবর সেই অ্যালবামের ২০ বছর পূর্ণ হয়েছে, তিনি ওয়েবসাইটে শ্রদ্ধা জানালেও প্রকাশের তারিখ ঘোষণা করেননি।

রেকর্ডের হিসাব

২০২৩ সালের ১৭ মার্চ শুরু হওয়া ‘ইরাস ট্যুর’ শেষ হয় ২০২৪ সালের ৮ ডিসেম্বর, ভ্যাঙ্কুভারে। পাঁচ মহাদেশে ১৪৯টি শো, সব শোর সব টিকিট বিক্রি। দর্শক এক কোটি এক লাখেরও বেশি, টিকিট বিক্রি ২০৭ কোটি ডলারের বেশি, গড়ে আসনপ্রতি ২০৪ ডলার। এটি ইতিহাসের প্রথম দুই বিলিয়ন ডলারের ট্যুর, আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ। ট্যুর শেষে কর্মীদের তিনি বোনাস দিয়েছেন মোট ১৯৭ মিলিয়ন ডলার। ২০২৩ সালের জুলাইয়ে কনসার্টের তথ্য-সংস্থা পোলস্টার ধারণা করেছিল, ট্যুর পরের বছর ১ বিলিয়ন ছুঁতে পারে। শেষ পর্যন্ত সেটা ছাড়িয়েছে দ্বিগুণ।

শুধু যুক্তরাষ্ট্রেই ভক্তদের খরচ ধরা হয়েছে প্রায় ৫ বিলিয়ন ডলার। এটা জিডিপিতে যোগ হওয়া অঙ্ক নয়, ভক্তদের সরাসরি খরচের হিসাব। যুক্তরাষ্ট্রের ভ্রমণ সমিতি বলছে, পরোক্ষ খরচ ধরলে অঙ্কটা ১০ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। গণমাধ্যম এই প্রভাবের নাম দিয়েছে ‘সুইফটোনমিক্স’।

ফেডের প্রতিবেদনে সুইফট

২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ফিলাডেলফিয়া অফিস তাদের ‘বেইজ বুক’ প্রতিবেদনে উল্লেখ করে, মে ছিল শহরের হোটেল ব্যবসার জন্য মহামারির পর সবচেয়ে ভালো মাস, মূলত সুইফটের কনসার্টে আসা ভক্তদের কারণে। সিনসিনাটিতে শহরকেন্দ্রের হোটেলগুলো ২৬ লাখ ডলারের বেশি আয় করেছে, আশপাশের হ্যামিল্টন কাউন্টিতে ৫৩ লাখ ডলারের বেশি। শিকাগোর পর্যটন সংস্থা জানিয়েছে, জুনের প্রথম সপ্তাহান্তে হোটেল দখলের রেকর্ড ভেঙেছে। 

মঞ্চের আলোয় টেইলর সুইফট। ২০২৩ সালের ১৯ মে ম্যাসাচুসেটসের ফক্সবরোতে 'ইরাস ট্যুরের' এক শোতে। ছবি: ব্রেন্ট গোল্ডম্যান, এমএ

সিঙ্গাপুরের বাজি

দক্ষিণ-পূর্ব এশিয়ায় সুইফটের একমাত্র গন্তব্য ছিল সিঙ্গাপুর, ২০২৪ সালের ২ থেকে ৯ মার্চ, ছয়টি শো। দেশটির পর্যটন বোর্ড আয়োজক সংস্থাকে অনুদান দিয়েছিল, আর প্রধানমন্ত্রী লি সিয়েন লুং পরে স্বীকার করেন, অন্য কোথাও না যাওয়ার শর্তে সুইফটকে ‘প্রণোদনা’ দেওয়া হয়েছে। অঙ্ক প্রকাশ করা হয়নি, তিনি শুধু বলেছেন গুঞ্জনের চেয়ে অনেক কম। থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, শো প্রতি ২ থেকে ৩ মিলিয়ন ডলার। প্রতিবেশী দেশগুলো এতে ক্ষুব্ধ হয়।

সিঙ্গাপুরের সংস্কৃতিমন্ত্রীর দাবি, প্রত্যাশিত অর্থনৈতিক লাভ অনুদানের চেয়ে বেশি। একটি ব্যাংকের এক অর্থনীতিবিদের হিসাবে পর্যটন আয় হতে পারে ৩৫ থেকে ৫০ কোটি সিঙ্গাপুর ডলার। তবে সবাই একমত নন। এক অস্ট্রেলীয় পরামর্শক সংস্থার প্রধান অর্থনীতিবিদ বলেছেন, নিট প্রভাব এর চেয়ে অনেক কম হতে পারে। ২০২৬ সালে প্রকাশিত একটি গবেষণাও বলছে, ‘সুইফটোনমিক্স’ নতুন কোনো মডেল নয়, বরং পুরনো ‘সুপারস্টার অর্থনীতির’ বিশাল সংস্করণ।

আবার রেকর্ড

২০২৫ সালের ৩ অক্টোবর বেরোয় ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিক্রি ৪০ লাখ ২ হাজার ইউনিট, যা ১৯৯১ সালে লুমিনেট তথ্য-সংস্থার হিসাব শুরুর পর সর্বোচ্চ। এতে অ্যাডেলের ‘২৫’-এর রেকর্ড ভেঙেছে। অবশ্য অ্যালবামটির ৩৮টি ভিন্ন সংস্করণ ছিল, যা বিশ্লেষকদের মতে বিক্রি বাড়াতে সাহায্য করেছে। ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষে সুইফট ঘোষণা করেন নতুন সংস্করণ ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’, যাতে আছে চারটি নতুন গান। এর আগে প্রকাশ পায় একক গান ‘পেশেন্ট জিরো’।

এখন সুইফট কোথায়

ফোর্বসের হিসাবে ২০২৬ সালের মার্চে সুইফটের সম্পদ ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। ২০২৪ সালে ফোর্বস তার সম্পদ ধরেছিল ১.৬ বিলিয়ন ডলার।

ব্যক্তিগত জীবনেও বড় মোড়। ২০২৫ সালের আগস্টে ফুটবলার ট্র্যাভিস কেলসির সঙ্গে বাগদানের ঘোষণা দেন তিনি, আর ২০২৬ সালের ৩ জুলাই নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ে হয়, অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।

এখন তার চোখ আবার দেশীয় সংগীতে। ডিজনি-পিক্সারের ‘টয় স্টোরি ৫’-এর জন্য লেখা তার গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ এক দশকের বেশি সময়ের মধ্যে কান্ট্রি রেডিওতে তার প্রথম এক নম্বর গান। ২০২৬ সালের ১৮ নভেম্বর নাশভিলে ৬০তম সিএমএ পুরস্কার অনুষ্ঠানে ১৩ বছর পর মঞ্চে ফিরলেন তিনি। গানটির সঙ্গে জুড়ে দিলেন প্রথম অ্যালবামের ‘আওয়ার সং’, সঙ্গে বাঞ্জো হাতে কিথ আর্বান। বর্ষসেরা একক গানের লড়াইয়ে অবশ্য গানটি হেরেছে এলা ল্যাংলির ‘চুজিন টেক্সাস’-এর কাছে। নতুন ট্যুর নিয়ে গুঞ্জন আছে, তবে কোনো ঘোষণা আসেনি।

ন্যাশভিলে দরজায় দরজায় ঘুরে ফিরিয়ে দেওয়া সেই কিশোরী আজ নিজের গানের মালিক, নিজের শর্তের শিল্পী, আর অর্থনীতির হিসাবে এক ‘চলমান জিডিপি’।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে