জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়ার সময় বোতল নিক্ষেপের ঘটনায় মুখ খুলেছেন আর্ক ব্যান্ডের প্রধান হাসান। অপ্রীতিকর এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে ক্ষোভ দেখা দিলেও পুরো বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান এই সংগীতশিল্পী।
বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি কনসার্টে গান গেয়েছে ব্যান্ড আর্ক। শুক্রবার ঢাকায় ফিরে সকালে এ বিষয়ে কথা বলেন হাসান।
ঘটনাটিকে নিজের দীর্ঘ সংগীতজীবনের একটি অপ্রত্যাশিত অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে হাসান বলেন, মঞ্চে কোনো শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমন ঘটনা তিনি কখনো দেখেননি বা ভাবেননি।
তিনি বলেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’
এ সময় শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানান হাসান। তাঁর ভাষ্য, একজন শিল্পীকে কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত নয়।
হাসান বলেন, ‘ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তাঁরা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তাঁরা শুধু মানুষের ভালোবাসা চান।’
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। এ কারণে কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের সঙ্গে শিল্পীকে মিলিয়ে দেখা ঠিক নয়।
হাসানের ভাষায়, ‘একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’
মঞ্চে শিল্পীর সঙ্গে এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটেএটাই তাঁর প্রত্যাশা।