পশ্চিমবঙ্গের প্রয়াত বাউলশিল্পী কানাই দাস বাউলের কণ্ঠে ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটি প্রকাশ পেয়েছে। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার জন্য বিশেষভাবে ধারণ করা গানটি শিল্পীর মৃত্যুর ১৮ দিন পর, গত ৭ মে মুক্তি পায়। এটি সিনেমায় কানাই দাস বাউলের প্রথম ও একমাত্র প্লেব্যাক গান হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলার লোকসংগীতের প্রখ্যাত সাধক ও মহাজনী পদাবলির রচয়িতা মাতান চাঁদ গোস্বাইনের লেখা গানটির নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। দেশীয় লোকবাদ্যের আবহের সঙ্গে আধুনিক ওয়েস্টার্ন ট্র্যাকের সংমিশ্রণে গানটিতে শিকড়নির্ভর একটি সমকালীন সংগীতভাষা তৈরি করা হয়েছে।
গানটির কণ্ঠ দিয়েছেন কানাই দাস বাউল। সংগীতায়োজন ও প্রযোজনায় ইমন চৌধুরী। কোরাসে রয়েছেন আলেয়া বেগম, বেবি আক্তার ও বেঙ্গল সিম্ফনি। সরেঙ্গিতে শৌনক দেবনাথ, উইক সারিন্দায় সাজল, আর স্ট্রিংস, রিদম ও পারকাশনে রয়েছে বেঙ্গল সিম্ফনি। রাবাব, দোতারা ও একতারায় ছিলেন ইমন চৌধুরী। গানটির মিক্স ও মাস্টারও করেছেন তিনি। রেকর্ডিং হয়েছে এম রেকর্ডস স্টুডিওতে।
কানাই দাস বাউল গত ১৮ এপ্রিল মারা যান। মৃত্যুর আগে গত বছর ‘রইদ’ সিনেমার জন্য গানটি রেকর্ড করেছিলেন তিনি। নির্মাতা মেজবাউর রহমান সুমন জানিয়েছিলেন, গানটির সম্পূর্ণ রূপ শোনার আগ্রহ ছিল শিল্পীর। তবে প্রকাশের আগেই তার মৃত্যু হয়।
মেজবাউর রহমান সুমনের কাছে গানটি দীর্ঘদিনের প্রিয়। ‘রইদ’-এর চিত্রনাট্য লেখা ও সিনেমাটির উন্নয়নপর্বে তিনি গানটি বারবার শুনতেন। কানাই দাস বাউলের কণ্ঠে গানটির আবেগ ও মায়া তাকে বিশেষভাবে টেনেছিল বলে জানিয়েছেন নির্মাতা। শিল্পীর মৃত্যুর পর গানটি প্রকাশ পাওয়ায় তার কণ্ঠকে সিনেমার মধ্য দিয়ে ধরে রাখার বিষয়টিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
‘রইদ’-এর গল্প আবর্তিত হয়েছে সাধু, তার স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অন্যরা। গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্যে ছিলেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ, সুকর্ণ শাহেদ ধীমান ও রফিকুল ইসলাম পল্টু।
সিনেমাটি মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র পর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘রইদ’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। এর সংগীত ও শব্দ পরিকল্পনায় গ্রামীণ আবহ, লোকসংগীত এবং সমকালীন নির্মাণশৈলীর সমন্বয় রয়েছে।
‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটি কানাই দাস বাউলের সংগীতজীবনের একটি বিশেষ সংযোজন হয়ে এসেছে। মৃত্যুর পর প্রকাশ পাওয়া এই গানটি একদিকে যেমন তার কণ্ঠের নতুন স্মারক, অন্যদিকে ‘রইদ’ সিনেমার সংগীতভুবনেও যোগ করেছে বাউল ঐতিহ্যের গভীর উপস্থিতি।
সংবাদের অডিও শুনতে ক্লিক করুন