কিশোরগঞ্জের পুরোনো স্টেডিয়ামে আজ বুধবার বিকেলে কয়েকটি ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠেয় কনসার্ট স্থগিত করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের নিবন্ধন ও লাইসেন্স না থাকায় প্রশাসন অনুমতি দেয়নি।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন জানান, স্থানীয় একটি রেস্তোরাঁর আয়োজনে কনসার্টটির জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তবে প্রতিষ্ঠানটির হোটেল নিবন্ধন ও লাইসেন্স না থাকায় আয়োজনে সম্মতি দেওয়া সম্ভব হয়নি।
এর আগে কনসার্ট বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল ‘ইমাম-উলামা পরিষদ, কিশোরগঞ্জ সদর শাখা’। সংগঠনটি পুরোনো স্টেডিয়ামে কনসার্ট আয়োজন বন্ধের দাবি জানায়।
কনসার্টে ‘অ্যাশেজ’, ‘নোবেলম্যান’সহ একাধিক ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল। স্থগিতের বিষয়টি নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে ‘অ্যাশেজ’। তারা জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কিছু কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
কনসার্ট বন্ধের দাবিতে আজ বিকেলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচিও দিয়েছিল ইমাম-উলামা পরিষদ। কনসার্ট স্থগিত হওয়ায় ওই কর্মসূচিও স্থগিত করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।