দীর্ঘদিন ধরে সংগীতের পাশাপাশি টিভিসি, ওভিসি, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রের বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল প্রজেক্টে কাজ করছেন ব্যান্ড ‘মেঘদল’-এর গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাশিদ শরীফ শোয়েব। কাজের স্বীকৃতি পেলেও বছরের পর বছর নিজের পারিশ্রমিক আদায় করতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শোয়েব। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেছেন, সাত দিন ধরে হাসপাতালে আছেন। ২০২৪ সালের পর আবারও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ডেঙ্গু ও উচ্চমাত্রার ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতার কথাও জানিয়েছেন তিনি।
এই অবস্থাতেই দীর্ঘদিন ধরে জমে থাকা পারিশ্রমিকের বিষয়টি প্রকাশ্যে এনেছেন শোয়েব।
তিনি জানান, ২০১১ সালে নিকেতনে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে তাঁর পেশাগত কাজ শুরু। এরপর নিয়মিত টিভিসি, ওভিসিসহ বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল প্রজেক্টে কাজ করতে থাকেন। সময়মতো কাজ শেষ করা এবং সর্বোচ্চ চেষ্টা করার কারণে ধীরে ধীরে কাজের সংখ্যা ও অর্থপ্রবাহও বাড়তে থাকে বলে তাঁর ভাষ্য।
সে সময় নিকেতনের ছোট একটি একরুমের স্টুডিও থেকে কাজ করতেন তিনি। কিন্তু বিভিন্ন নির্মাতা ও পরিচালকের কাছ থেকে পাওনা অর্থ আদায়ের জন্য আলাদা কেউ না থাকায় ধীরে ধীরে বড় অঙ্কের বকেয়া জমে যায়।
শোয়েবের দাবি, ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত টিভিসি, ওভিসি, ওয়েব সিরিজ ও সিনেমার বিভিন্ন প্রজেক্টে কাজের পারিশ্রমিক মিলিয়ে তাঁর '৫০ লাখ টাকার বেশি' এখনো পাওনা রয়েছে।
চিকিৎসা ও স্টুডিওর খরচে ভাঙতে হচ্ছে মায়ের সঞ্চয়
বর্তমান আর্থিক পরিস্থিতিও তুলে ধরেছেন এই সংগীতশিল্পী। তিনি জানান, সম্প্রতি নিজের স্টুডিও আপগ্রেড করতে অর্থ ব্যয় করতে হয়েছে। এর মধ্যেই হাসপাতালে চিকিৎসার খরচও যুক্ত হয়েছে।
এসব ব্যয় মেটাতে তাঁর মায়ের জমানো অর্থ ব্যবহার করতে হচ্ছে এবং সঞ্চয়পত্রও ভাঙতে হয়েছে বলে জানিয়েছেন শোয়েব।
দীর্ঘদিন কাজ করেও নিজের উপার্জিত অর্থ সময়মতো না পাওয়ার অভিজ্ঞতাকে বিনোদন ও সংগীত অঙ্গনে কাজ করা পেশাজীবীদের প্রতি আচরণের একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন তিনি।
তবে যাঁদের কাছে তাঁর অর্থ পাওনা রয়েছে, তাঁদের কারও নাম এখনই প্রকাশ করেননি শোয়েব। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের পুরোনো হিসাব যাচাই করে বকেয়া পরিশোধের জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় দিয়েছেন তিনি।
অক্টোবরের শুরুতে তাঁর স্টুডিওতে এসে বকেয়া অর্থ পরিশোধ করার আহ্বান জানিয়েছেন শোয়েব। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা না পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ করারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
রাশিদ শরীফ শোয়েব গিটারসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে কাজ করার পাশাপাশি চলচ্চিত্রের সংগীতেও যুক্ত রয়েছেন। ‘হাওয়া’, ‘স্বপ্নজাল’ ও ‘রইদ’-এর মতো চলচ্চিত্রে সংগীতের কাজ করেছেন তিনি। তাঁর কণ্ঠেও একাধিক গান প্রকাশিত হয়েছে।