Logo
Logo
×
একটি উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে ভোট হবে: ইসি সচিব

নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

খবর ।  সরকার

একটি উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে ভোট হবে: ইসি সচিব

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬। ০৫:২৭ পিএম

আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬। ১৯:৩৬ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ক্ষেত্রে একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘‘ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। পাঁচ ধাপে নাকি ছয় ধাপে নির্বাচন হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যত ইউনিয়ন রয়েছে, সেগুলো একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।’’

তিনি বলেন, ‘‘এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলো আর বাকিগুলো অন্য ধাপে হলো, তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে এবং কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।’’

তফসিল ঘোষণার বিষয়ে আখতার আহমেদ বলেন, ‘‘এ বিষয়টি কমিশন নির্ধারণ করবেন। এটি আমি জানি না।’’

স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে তিনি বলেন, ‘‘পোস্টার থাকবে না যতটুকু জানি। এ ছাড়া কিছু পরিবর্তন এসেছে যেগুলো দেখে বলতে হবে।’’

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল এ সপ্তাহে ঘোষণা হবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হবে।’’

গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা শাখা ইতিমধ্যে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছে। আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা থাকায় সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।

এদিকে জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ ক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসিসহ (আরএফডি) অন্যান্য অংশীজনের মতামতের ভিত্তিতে একটি সফটওয়্যার প্রস্তুতের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

ইসি সচিব বলেন, ‘‘আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তারা একটি প্রতিবেদন দেবে, যার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে