Logo
Logo
×
রাষ্ট্রপতির আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

খবর ।  রাজনীতি

রাষ্ট্রপতির আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬। ০১:৪১ পিএম

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬। ১৫:২৬ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহর মাথায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।

প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, “উপনির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তাকে, আর তিনজন সহকারী রিটার্নিং অফিসার থাকবেন।”

গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এ প্রার্থী পরদিন শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, “রাষ্ট্রপতি তাঁহার কার্যভারকালে সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, এবং কোন সংসদ-সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতিরূপে তাঁহার কার্যভার গ্রহণের দিনে সংসদে তাঁহার আসন শূন্য হইবে।”

আর সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ মোতাবেক সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন।

এদিকে আসনটি শূন্য ঘোষণা করার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সেখানে লড়েছিলেন।

এ উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন, বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে