Logo
Logo
×

খবর ।  অপরাধ

কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬। ১২:৫১ পিএম

আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬। ১৬:৪৪ পিএম

কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম জানাজা শেষে তাকে শেষ বিদায় জানান শিক্ষক-শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়রা। পরে কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসার পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে দুপুর আড়াইটায় প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় গন্ধমতি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। 

কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসার পাশের কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়। ছবি: সংগৃহীত

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ওই দিনই তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অপ্রতিমের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ তাকে খুঁজতে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পুলিশের ভাষ্য, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

গতকাল শনিবার রাতে ময়নাতদন্ত শেষে মরদেহ কোটবাড়ি গন্ধমতিতে তার নিজ বাড়িতে নেওয়া হয়। খবর পেয়ে সেখানে ভিড় করেন স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। প্রিয়জনদের শেষবারের মতো দেখতে এসে শোক ও কান্নায় ভেঙে পড়েন অনেকে।

এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু ক্লু পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে দুপুর আড়াইটায় প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

এদিকে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অংশ অবরোধ করেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের শতশত শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আসেন। এ সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত ফ্যাস্টুন, প্লেকার্ড নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ওসি আনিছুর রহমান বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। দুই পাশে যানজট বৃদ্ধি পাচ্ছে। তারা অবরোধ সরিয়ে নিলে যানজট কমে যাবে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে