প্রিন্ট: ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬। ০৪:৪৬ পিএম
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬। ২০:০৩ পিএম
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে সন্দেহজনক আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বলেন, জাসদ কার্যালয়ে মিছিল-স্লোগান হচ্ছিল। সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। পল্টন থানা পুলিশ সেখান থেকে সন্দেহভাজন ৩০-৪০ জনকে থানায় আনা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তবে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, “সারা দেশ থেকে আমাদের প্রতিনিধি সভায় নেতাকর্মীরা যোগ দিয়েছে। সভায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়। আমরা অফিসে অবরুদ্ধ আছি। পুলিশ আসছে, হয়তো অ্যারেস্ট করবে।”
দুপুর আড়াইটার দিকে চালানো এ অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে।
তাতে দেখা যায়, জাসদ কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে বলতে দেখা যায়, “এখানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাজ্জাদ হোসেন বলেন, “এটা মিথ্যা কথা, আমাদের প্রতিনিধি সভা চলছিল। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবে কেন, একটা কিছু বলে আমাদের উপর আক্রমণ করাটাই বিষয়।”






