Logo
Logo
×
প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি

ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

খবর ।  রাজনীতি

রাড্ডাকাণ্ড

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬। ০৩:৩০ পিএম

আপডেট: ০১ অক্টোবর ২০২৬। ১৯:১৮ পিএম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শেষমেষ পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। 

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এমন সিদ্ধান্ত নেওয়া  হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের পরই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন ফেরদৌসী আহমেদ।

সংসদ ও দলীয় সূত্রের ভাষ্য, পদত্যাগের প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে কি না, তা এখনও স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি।

দলীয় ও সরকারি সূত্র জানিয়েছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত ছিলেন এবং নেপথ্যে কারা ভূমিকা রেখেছেন, তা নিয়েও চলছে তদন্ত। ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই হামলায় ফেরদৌসী আহমেদের নিজের সরাসরি সম্পৃক্ততা এখনো প্রমাণিত হয়নি এবং তিনি অভিযোগ অস্বীকার করেছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, একজন সংসদ সদস্যের কথিত সম্পৃক্ততার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে। 

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের নামও সামনে এসেছে। তাদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশার নাম রয়েছে। উভয়েই ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

ঘটনার পর আলোচনায় আসে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’। ফেরদৌসী আহমেদ ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকার সময় ওই সমিতির সভাপতি ছিলেন। সে সময় সমিতির নামে রাড্ডা সেন্টারের জায়গা বরাদ্দ চেয়ে করা একটি আবেদনে সভাপতি হিসেবে তার সই ছিল। সংশ্লিষ্ট নথি ঘেটে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

২৫ সেপ্টেম্বর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভবনের অংশ ভেঙে ফেলা এবং সরঞ্জাম লুটের অভিযোগ ওঠে। মামলার তথ্য অনুযায়ী, হামলায় এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক বিতর্ক বাড়ার পর বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে ফেরদৌসী আহমেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রের ভাষ্য, তাকে দ্রুত পদত্যাগ করতে বলা হয়েছে। আর বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে। 

হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ নিয়ে তদন্ত ও সম্ভাব্য আইনি প্রক্রিয়া আলাদাভাবে চলবে বলেও জানা গেছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে