Logo
Logo
×

খবর ।  শিক্ষা

অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান রেকর্ড, উচ্চ ঝুঁকিতেই বাংলাদেশ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬। ০২:১৩ পিএম

অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান রেকর্ড, উচ্চ ঝুঁকিতেই বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। নতুন ঝুঁকি রেটিংয়েও বাংলাদেশ সর্বোচ্চ ঝুঁকির তৃতীয় স্তর বা ‘লেভেল থ্রি’-তেই রয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঝুঁকি রেটিং নির্ধারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এক বছরের ভিসা ফলাফল বিবেচনায় নেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদি ভিসা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আগস্টে অস্ট্রেলিয়ার বাইরে থেকে উচ্চশিক্ষার ভিসার জন্য আবেদন করা বাংলাদেশিদের মাত্র ২৪ শতাংশের আবেদন মঞ্জুর হয়েছে।

গত বছরের একই মাসের তুলনায় বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসার আবেদন কমেছে ৮৩ শতাংশ। একই সময়ে মঞ্জুর করা ভিসার সংখ্যা কমেছে ৯৩ শতাংশ।

বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন ও কলম্বিয়াও বর্তমানে উচ্চ ঝুঁকির তৃতীয় স্তরে রয়েছে। প্রধান উৎস দেশগুলোর মধ্যে চীন রয়েছে নিম্ন ঝুঁকির প্রথম স্তরে।

শুধু দেশের ঝুঁকি রেটিং নয়, অস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর রেটিংয়েও পরিবর্তন এসেছে। দ্বিতীয় স্তরে থাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৩ থেকে বেড়ে ২২টিতে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়া সরকার সাম্প্রতিক সময়ে অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে স্টুডেন্ট ভিসা নীতিতে কড়াকড়ি বাড়িয়েছে। এর ফলে অনেক বিশ্ববিদ্যালয় তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীর নির্ধারিত কোটা পূরণ করতে পারছে না বলে অভিযোগ উঠেছে।

দেশটির অভিবাসনমন্ত্রী টনি বার্কের ভাষ্য, আবেদনকারীদের পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করতেই কঠোর যাচাই-বাছাই করা হচ্ছে। তবে বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য উচ্চ ভিসা প্রত্যাখ্যানের হারকে অস্বচ্ছ ও ব্যাখ্যাতীত বলে সমালোচনা করেছেন।

তবে ঝুঁকির তৃতীয় স্তরে থাকা মানেই বাংলাদেশি আবেদনকারীদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে—এমন নয়। এই রেটিংয়ের ভিত্তিতে আবেদনকারীর আর্থিক সক্ষমতা, ইংরেজি দক্ষতা এবং অন্যান্য নথিপত্র কতটা কঠোরভাবে যাচাই করা হবে, তা নির্ধারিত হয়।

ফলে নতুন রেটিং ও কঠোর যাচাই প্রক্রিয়ার কারণে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার পথ আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে