Logo
Logo
×
যুক্তরাষ্ট্রকে ঘিরে কেন যুদ্ধপ্রস্তুতি কানাডার

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানাতে ট্রাম্পের আকাঙ্ক্ষা ঘিরে উত্তেজনার সূত্রপাত। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

খবর ।  বিদেশ

যুক্তরাষ্ট্রকে ঘিরে কেন যুদ্ধপ্রস্তুতি কানাডার

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬। ০২:২৩ পিএম

আপডেট: ০৪ অক্টোবর ২০২৬। ১৯:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের শীতলতা বেশ অনেকদিন ধরেই চলছে। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির এক বক্তব্যকে ঘিরে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন রুখতে কানাডা প্রস্তুতি নিচ্ছে, কার্নির এমন মন্তব্যের পর নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মহল।

কার্নি গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসকে এমন শঙ্কার কথা জানান। তার মতে, যুক্তরাষ্ট্র তার দেশে আগ্রাসন চালাবে এমন ঝুঁকি খুব কম এবং এমন ঘটনা ঘটার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। তাই সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় নেওয়া তার দায়িত্বের অংশ।

কার্নির ভাষায়, “এটা শুধু ঝুঁকি ব্যবস্থাপনার অংশ।”

ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি ও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর আকাঙ্ক্ষা নিয়ে তার বারবার দেওয়া বক্তব্যের পর কানাডা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সামরিক মহড়া ও কৌশলগত পরিকল্পনা শুরু করেছে।

২০২৫ সালে ট্রাম্প বলেছিলেন, কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা “অত্যন্ত কম”। তবে রাজনৈতিক লক্ষ্য অর্জনে তিনি অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবেন বলে জানিয়েছিলেন।

চলতি সপ্তাহে হোয়াইট হাউস বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, “কানাডার জনগণকে রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি কেউ কিছু করেননি।”

বিবিসির সঙ্গে কথা বলা সামরিক বিশেষজ্ঞরাও মনে করেন, কানাডায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সম্ভাবনা খুবই কম। তারা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার দিকটি তুলে ধরেছেন।

তারপরও বিষয়টি যে কানাডার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, তা স্পষ্ট।

জানুয়ারিতে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর লেজারের এক জরিপে দেখা যায়, ৩০ শতাংশের বেশি কানাডীয় মনে করেন, তাদের দেশে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আশঙ্কা রয়েছে।

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অত্যন্ত জটিল হবে এবং এমন পরিস্থিতি কল্পনা করাও কঠিন; এমনটাই মনে করেন রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সে ৩৪ বছর দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ক্রিস্টোফার কোটস। সামরিক জীবনে তিনি একাধিক জ্যেষ্ঠ পদে ছিলেন।

তিনি বিবিসিকে বলেন, “আমি পুরো ক্যারিয়ারজুড়েই সামরিক অভিযানের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু কখনোই আমরা যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে সামরিক হামলা আসতে পারে; এমন সম্ভাবনা বিবেচনা করিনি।”

ন্যাটোর বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করা কোটস বলেন, সামরিক প্রতিরক্ষার বহু ক্ষেত্রে কানাডা ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করে।

দুই দেশই উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর সদস্য। জোটের নীতিমালা অনুযায়ী, কোনো সদস্যদেশ আক্রান্ত হলে অন্য সদস্যরা তার প্রতিরক্ষায় এগিয়ে আসবে।

এছাড়া নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা নোরাডের আওতায় দুই দেশ যৌথভাবে আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষা কার্যক্রম চালায় এবং নিয়মিত গোয়েন্দা তথ্যও বিনিময় করে।

এই ঘনিষ্ঠ সহযোগিতার কারণে কোটসের ধারণা, যুক্তরাষ্ট্র যদি কখনো কানাডার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ও, সেটি সরাসরি সশস্ত্র হামলা দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা কম। বরং সাইবার যুদ্ধের মতো আরও গোপন কৌশল আগে ব্যবহার করা হতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কানাডা ও যুক্তরাষ্ট্র স্বাভাবিক মিত্রে পরিণত হয়। সময়ের সঙ্গে দুই দেশের অর্থনীতি, সামরিক ব্যবস্থা ও সংস্কৃতি গভীরভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। তাই বলে সম্পর্ক সবসময় এমন ছিল না।

কানাডিয়ান ওয়ার মিউজিয়ামের গবেষক টিম ফোরানের মতে, ১৮ ও ১৯ শতকে যুক্তরাষ্ট্রের সম্প্রসারণবাদের বিরুদ্ধে প্রতিরোধ কানাডার জাতীয় পরিচয়ের অন্যতম ভিত্তি।

তার ভাষায়, “যুক্তরাষ্ট্রকে নিয়ে ভয় কানাডা নামের রাজনৈতিক প্রকল্পটির একেবারে গোড়ার অংশ।”

আজকের কানাডা গড়ে উঠেছিল ব্রিটিশ উত্তর আমেরিকার কয়েকটি উপনিবেশ নিয়ে। বর্তমান যুক্তরাষ্ট্রের উপনিবেশগুলো যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে, তখন এই অঞ্চলগুলো ব্রিটিশ ক্রাউনের প্রতি অনুগত থাকে।

কানাডা রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই যুক্তরাষ্ট্র ব্রিটিশ উত্তর আমেরিকার উপনিবেশগুলোতে হামলার চেষ্টা করেছিল। ১৭৭৫ সালে যুক্তরাষ্ট্রের বাহিনী মন্ট্রিল দখল করে এবং কুইবেক সিটি প্রায় জয় করে ফেলেছিল।

১৮১২ সালের যুদ্ধে যুক্তরাষ্ট্রের বাহিনী তৎকালীন আপার কানাডা, লোয়ার কানাডা এবং সামুদ্রিক উপনিবেশগুলোতে একাধিকবার হামলা চালায়। শেষ পর্যন্ত যুদ্ধ অমীমাংসিত অবস্থায় শেষ হয়। ওই যুদ্ধেই প্রতিশোধ হিসেবে ব্রিটিশ সেনারা হোয়াইট হাউসে আগুন ধরিয়ে দেয়।

গবেষক টিম ফোরান বলেন, সে সময় ভবিষ্যতের কানাডীয় উপনিবেশগুলো প্রতিরক্ষার জন্য মূলত গ্রেট ব্রিটেন ও রয়্যাল নেভির ওপর নির্ভর করত। পাশাপাশি বিভিন্ন বড় যুদ্ধে সামরিক নেতৃত্ব দেওয়া আদিবাসী জনগোষ্ঠীর সহায়তাও ছিল গুরুত্বপূর্ণ।

প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ক্ষমতা ও প্রভাবের প্রেক্ষাপটে কানাডা আবারও সম্ভাব্য যুদ্ধ নিয়ে চিন্তা করেছিল।

তখন কানাডীয় সেনাবাহিনীর জেনারেলরা পর্যটকের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী শহরগুলোতে গোপনে সফর করেন। গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য তারা সেতু ও মহাসড়কের ছবি তুলতেন। সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে আরও ভালোভাবে জানতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলতেন তারা।

কানাডিয়ান ওয়ার মিউজিয়ামের আরেক গবেষক অ্যান্ড্রু বার্চের মতে, তখনও যুদ্ধের সম্ভাবনা খুব কম ছিল। কিন্তু কানাডা প্রস্তুত থাকতে চেয়েছিল। তিনি বলেন, “সেনাবাহিনীর কাজেরই অংশ এটি। তারা নানা ধরনের সম্ভাব্য পরিস্থিতি কল্পনা করে।”

সম্প্রতি কানাডার প্রতিরক্ষা প্রধান সামরিক বাহিনীর আকার ব্যাপকভাবে বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সম্ভাবনা অত্যন্ত কম হলেও, কানাডার প্রস্তুতি নেওয়ার বিষয়টি বৈশ্বিক ব্যবস্থায় কতটা বড় পরিবর্তন এসেছে, তারই ইঙ্গিত বলে মনে করেন কানেকটিকাটের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেনের জাতীয় নিরাপত্তাবিষয়ক সহযোগী অধ্যাপক ম্যাথিউ শ্মিট।

তার মতে, কানাডীয় নেতাদের সামনে এখন কঠিন প্রশ্ন রয়েছে; তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে কতটা ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে চান। কারণ এই সহযোগিতা থেকে যুক্তরাষ্ট্র এমন মূল্যবান তথ্যও পেতে পারে, যা কোনোদিন কানাডার ক্ষতি করতে চাইলে কাজে লাগানো সম্ভব।

শ্মিট বলেন, “এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের সত্যিকারের ক্ষতি করছে এবং মানুষের মধ্যে কিছুটা যৌক্তিক ভয়ও তৈরি হয়েছে।”

তার মতে, যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক হয়তো কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য বানানো নিয়ে ট্রাম্পের বক্তব্য গুরুত্বের সঙ্গে নেন না। কিন্তু কানাডীয়রা বিষয়টিকে স্পষ্টতই গুরুত্ব দিচ্ছেন এবং প্রয়োজন হলে আত্মরক্ষার প্রস্তুতিও নিচ্ছেন।

তাহলে সত্যিই যদি এমন কিছু ঘটে, পরিস্থিতি কেমন হতে পারে?

যুদ্ধের প্রথম ধাপ হয়তো খুব দীর্ঘ হবে না।

চলতি বছরের শুরুতে গ্লোব অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে কানাডীয় সামরিক বাহিনীর ব্যবহৃত একটি মডেলের কথা বলা হয়। সেখানে ধারণা করা হয়, যুক্তরাষ্ট্র হামলা চালালে এক সপ্তাহের মধ্যেই কানাডার কৌশলগত অবস্থানগুলো ব্যাপকভাবে চাপের মুখে পড়তে পারে।

সংখ্যার দিক থেকে কানাডার সামরিক বাহিনী দ্রুত পিছিয়ে পড়বে। ফলে শত্রুকে ঠেকাতে কানাডীয় বাহিনীকে গেরিলা ধরনের যুদ্ধকৌশলে যেতে হতে পারে।

গত জানুয়ারিতে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে ফ্রান্স ও ব্রিটেনের মতো মিত্রদেশগুলোর কাছে সহায়তা ও প্রতিরক্ষা সহযোগিতা চাওয়া হতে পারে।

ধারণা করা হচ্ছে, গত এক শতাব্দীতে এই প্রথম কানাডা যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সম্ভাবনা ধরে এমন পরিকল্পনা করেছে।

তবে কোটস বলেন, এটি পূর্ণাঙ্গ যুদ্ধপরিকল্পনার তুলনায় অপেক্ষাকৃত প্রাথমিক পর্যায়ের মডেলিং।

তার মতে, কোনো স্থল আগ্রাসনের ক্ষেত্রে প্রতিক্রিয়া পরিকল্পনা তৈরিতে কানাডা ন্যাটোর অন্য মিত্রদের তুলনায় পিছিয়ে ছিল। অনিশ্চিত ভূরাজনীতির এই সময়ে দেশটি এখন সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে।

এরই অংশ হিসেবে সম্প্রতি কানাডার প্রতিরক্ষা প্রধান সামরিক বাহিনীর আকার ব্যাপকভাবে বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এর মধ্যে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ পাওয়া প্রায় তিন লাখ নাগরিক সৈনিক যুক্ত করার কথাও রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্যও কানাডায় আগ্রাসন খুব সহজ হবে না।

বিশাল সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও কানাডার বিরুদ্ধে যুদ্ধের জন্য অভ্যন্তরীণ সমর্থন পাওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন হবে বলে মনে করেন শ্মিট।

তিনি বলেন, “কানাডায় হামলার নির্দেশ দেওয়া হলে আমি মনে করি, যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক সামরিক কর্মকর্তা পদত্যাগ করবেন। তারা এটিকে অবৈধ ও অনৈতিক নির্দেশ হিসেবে দেখবেন।”

শ্মিট বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের সেনারা নিয়মিত একসঙ্গে প্রশিক্ষণ নেয় এবং পরস্পরের প্রতি তাদের গভীর পেশাগত শ্রদ্ধা রয়েছে।

তারপরও খুবই অসম্ভাব্য পরিস্থিতিতে যদি সম্পর্ক যুদ্ধের পর্যায়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র সম্ভবত কানাডার তেল ও খনিজের মতো মূল্যবান সম্পদের ওপর নিয়ন্ত্রণ নেওয়া এবং রাজনৈতিক নেতৃত্বকে দ্রুত অকার্যকর করে দেওয়ার দিকে মনোযোগ দেবে।

তিনি বলেন, “এ ধরনের অভিযান সম্ভবত ভেনেজুয়েলায় যা দেখা গেছে, তার সঙ্গে কিছুটা মিল থাকতে পারে।” এ বছরের শুরুতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন তিনি।

শ্মিট স্বীকার করেন, সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে। তবে তার ভাষায়, “সমমানের তুলনায়” কানাডীয় সেনারা যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে