সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকা-রিয়াদ আকাশপথে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটে মোট ৩ হাজার ৪৩১ জন যাত্রীর যাওয়ার কথা ছিল।
সোমবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বাতিল হওয়া ১০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট দুটি শনিবার রাতে স্থগিত করা হয়েছিল। বাতিল হওয়া এসব ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি সোমবার দুপুর ১২টার দিকে যাত্রীদের জানানো হবে বলে এর আগে জানিয়েছিল বিমান।
শনিবার রাতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ঢাকা-রিয়াদ রুটেও। রিয়াদগামী বিভিন্ন ফ্লাইট বাতিল ও অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কারণে কয়েক হাজার যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন।
রবিবার পর্যন্ত ঢাকা থেকে আটটি ফ্লাইট বাতিল হওয়ার তথ্য ছিল। তখন এসব ফ্লাইটে থাকা ২ হাজার ৯৫১ জন যাত্রীর যাত্রা ব্যাহত হয়।
সোমবার সকালে নতুন হিসাবে বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়ায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৩১।
রিয়াদের বিমানবন্দরে হামলার পর শুধু ঢাকা নয়, বিভিন্ন দেশ থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচলেও বিঘ্ন তৈরি হয়েছে। অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে, আবার কিছু ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।
এই পরিস্থিতিতে রিয়াদগামী যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরিবর্তিত সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে।