Logo
Logo
×

খবর ।  স্বাস্থ্য

ডায়াগনস্টিক পরীক্ষা থেকে চিকিৎসকদের কমিশন কত?

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬। ০১:৫৩ পিএম

আপডেট: ১৬ নভেম্বর ২০২৬। ১৮:১৭ পিএম

ডায়াগনস্টিক পরীক্ষা থেকে চিকিৎসকদের কমিশন কত?

দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীর পরীক্ষা করাতে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন দেওয়ার পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। সম্প্রতি এমন অনুমান উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের একটি গবেষণায়।

একই প্রতিবেদনে সরকারি হাসপাতালের চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি, চিকিৎসা সরঞ্জাম কেনায় অনিয়ম, অব্যবহৃত যন্ত্রপাতি ও নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার চিত্রও তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের ১৯১ পৃষ্ঠার দ্বিবার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনের সময় সরকারি হাসপাতালগুলোর প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। প্রত্যন্ত এলাকার কিছু স্বাস্থ্যকেন্দ্রে পরিচালিত আরেক গবেষণায় এই অনুপস্থিতির হার ৭০ শতাংশেরও বেশি পাওয়া গেছে।

রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগও পর্যালোচনা করা হয়েছে প্রতিবেদনে। গবেষকদের হিসাব অনুযায়ী, বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কমিশন লেনদেন বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে।

তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, এই অঙ্কটি একটি আনুমানিক হিসাব। স্বাধীনভাবে আরও যাচাই প্রয়োজন।

স্বাস্থ্য খাতের সরকারি কেনাকাটাতেও বড় ধরনের আর্থিক ক্ষতির তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, কেন্দ্রীয় ঔষধাগারের কেনাকাটায় প্রায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। একই সঙ্গে ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার তথ্য পাওয়া গেছে।

কিছু সরঞ্জাম বাজারদরের তুলনায় সর্বোচ্চ ১৮ গুণ বেশি দামে কেনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটির সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে।

গবেষণায় স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের পেছনে দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা, তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা এবং অনিয়মকে প্রাতিষ্ঠানিকভাবে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রবণতাকে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডা. শামস এল আরেফিনের মতে, শুধু আইন প্রয়োগ করে স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। সততাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করে তোলার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতও মনে করেন, শুধু ব্যক্তিকে শাস্তি দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। পুরো স্বাস্থ্যব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন।

তার ভাষ্য, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ বা দরপত্রে কারসাজির মধ্যে সীমাবদ্ধ নয়; নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অংশ।

রোগী পাঠানোর বিনিময়ে কমিশন

প্রতিবেদনে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের প্রতিদিনের অভিজ্ঞতায় বিভিন্ন অনিয়মের কথাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দের জন্য টাকা নেওয়া, ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো।

একটি ঘটনায় দেখা যায়, অস্ত্রোপচারের তারিখ এগিয়ে দেওয়ার কথা বলে একজন বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের ব্যবস্থাই ছিল না। ওই ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছিল।

ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর ক্ষেত্রেও কমিশনভিত্তিক ব্যবস্থার কথা উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, কিছু ক্ষেত্রে পরীক্ষার মোট ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চিকিৎসককে কমিশন হিসেবে দেওয়া হয়।

এই আর্থিক সম্পর্ক চিকিৎসকের চিকিৎসা-সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে কি না, তা নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলেছে গবেষণাটি।

অনুপস্থিত চিকিৎসক ও নিয়োগে রাজনৈতিক প্রভাব

চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতির পাশাপাশি দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া তথাকথিত ‘ভুতুড়ে চিকিৎসক’ এর বিষয়ও প্রতিবেদনে এসেছে।

স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করেছেন গবেষকেরা।

প্রতিবেদনে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও উল্লেখ করা হয়েছে।

নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রায় ৯০ সদস্যের মধ্যে প্রায় ৭০ জন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পর্যালোচনার আওতায় থাকা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ জনগণের কার্যকর প্রতিনিধিত্ব পাওয়া যায়নি।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতার তথ্য উঠে এসেছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বিএমডিসিতে মোট ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি অভিযোগ তখনও নিষ্পত্তির অপেক্ষায় ছিল এবং ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

মেডিকেল কলেজের সংখ্যাও দ্রুত বেড়েছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজ ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে সংখ্যার এই সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থা শক্তিশালী হয়নি বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

কমিশন নিষিদ্ধসহ কাঠামোগত সংস্কারের সুপারিশ

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও স্বার্থের সংঘাত কমাতে রোগীকে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ।

একই সঙ্গে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি এবং ক্ষতিপূরণের বিধান রেখে আলাদা আইনি কাঠামো তৈরিরও সুপারিশ করেছে গবেষণা দল।

এ ছাড়া ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু, প্রত্যন্ত এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের জন্য বিশেষ প্রণোদনা, সরকারি কেনাকাটার সব তথ্য প্রকাশ এবং চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষার ব্যবস্থাও চেয়েছেন গবেষকেরা।

নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধ করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এবং স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।

গবেষণাটি দেখাচ্ছে, স্বাস্থ্য খাতের অনিয়ম শুধু সরকারি কেনাকাটা কিংবা কয়েকজন ব্যক্তির দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ নয়। চিকিৎসক উপস্থিতি, রোগী রেফারেল, কমিশন, নিয়োগ-পদোন্নতি, নিয়ন্ত্রক সংস্থা এবং সরকারি অর্থ ব্যয়সহ পুরো ব্যবস্থায় জবাবদিহির ঘাটতি রয়েছে। এই পরিস্থিতি বদলাতে বিচ্ছিন্ন শাস্তির বদলে কাঠামোগত সংস্কারের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে