দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মোট ৯০ প্লাটুন সদস্য মোতায়েনের পাশাপাশি আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেওয়া এলাকাভিত্তিক হিসাব অনুযায়ী, ঢাকা জেলায় ১৮ প্লাটুন ও ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে দুই প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং কক্সবাজারে ছয় প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।
পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করেছে বিজিবি। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
জননিরাপত্তা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের কথা জানিয়েছে বিজিবি।