নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার দুই দিন পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িও রয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। তবে উপজেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর ও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল চারটার দিকে বেন্দারচর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান তারা। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করায় ফায়ার সার্ভিসের গাড়ি আটকে যায়।
সড়কের বাধা সরিয়ে রাত আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামে পৌঁছান। ততক্ষণে আগুনের বেশির ভাগ অংশ নিভে গিয়েছিল।
হুমায়ুন কবির জানান, গ্রামের ২০ থেকে ২৫টি বাড়ির অন্তত অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। পাশাপাশি বড়দিয়াবাজারের কয়েকটি দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলীও বেন্দারচর গ্রামে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমের বাড়ি রয়েছে।
হামলার সময় বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে বলেও স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে গ্রামের বিভিন্ন বাড়িঘরে আগুন জ্বলতে দেখা গেছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি থানার ওসিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে।
হামলায় কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
এ বিষয়ে কালিয়া থানার ওসি ইদ্রিস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জানান, ঘটনার বিস্তারিত তুলে ধরে পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হবে।
দুই বিএনপি নেতার মৃত্যুর পর হামলা
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন বিএনপির নেতাকর্মীরা।
শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) আহত হন।
আহত ব্যক্তিদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লার মৃত্যু হয়।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ওই দুজন নিহত হয়েছেন।
ওই ঘটনার দুই দিন পর বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে শুক্রবারের হামলার সঙ্গে বুধবারের হত্যাকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।