মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে সাগরের মাঝখানে সাত দিন আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ করেছেন কক্সবাজারে উদ্ধার হওয়া ২৮ জন। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। ভুক্তভোগীদের দাবি, ট্রলারে আটকে রেখে খাবার না দেওয়া, মারধর ও নির্যাতনের পাশাপাশি কয়েকজনকে সাগরে ফেলে দিয়েছেন পাচারকারীরা।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন এলাকায় একটি ট্রলার আটকে গেলে স্থানীয়দের সহায়তায় ওই ২৮ জনকে উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন জানান, শুক্রবার রাতে ট্রলারটি হঠাৎ সৈকতের দিকে এগিয়ে এসে লাবণী পয়েন্টের কাছে আটকে যায়। তখন ট্রলারে থাকা কয়েকজন লাফিয়ে নেমে বিভিন্ন দিকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন ট্রলারে থাকা এক নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তাদের ট্রলারে তোলা হয়েছিল। তবে কয়েকজনকে টেকনাফ এলাকা থেকে অস্ত্রের মুখে জোর করে তুলে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
চকরিয়ার বাসিন্দা রাজমিস্ত্রি আক্তার জানান, ড্রেন নির্মাণের কাজ দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে তুলে সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হয়।
আক্তারের অভিযোগ, ট্রলারে ওঠানোর পর পাচারকারীরা তার মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্র নিয়ে নেন। এরপর মুক্তিপণের জন্য টাকা দাবি করতে থাকেন।
টাকা দেওয়ার সামর্থ্য নেই জানালে ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
আক্তার দাবি করেন, পাচারকারীদের কাছে অস্ত্র ও ছুরি ছিল। একপর্যায়ে ছয় থেকে সাতজনকে লাথি মেরে মাঝসাগরে ট্রলার থেকে ফেলে দেওয়া হয়।
অন্যদিকে টেকনাফের বাসিন্দা ইলিয়াস জানান, হাসপাতালে ভর্তি ভাইকে দেখতে যাওয়ার পথে কক্সবাজার শহরের লিংকরোড এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়।
তার অভিযোগ, সাত দিন ধরে ট্রলারে আটকে রেখে খাবার দেওয়া হয়নি। বরং বিভিন্ন সময়ে মারধর করা হয়েছে। একপর্যায়ে পাচারকারীদের মধ্যে নিজেদেরও সংঘর্ষ শুরু হয়।
ইলিয়াসের ভাষ্য অনুযায়ী, পরে কয়েকজন সাগরে ঝাঁপ দেন এবং কেউ কেউ স্পিডবোটে করে চলে যান।
উদ্ধার হওয়া আরেক ব্যক্তি হেলাল উদ্দিন জানান, ট্রলারটিতে প্রায় ৭০ জন মানুষ ছিলেন। তাদের মাছ সংরক্ষণের জন্য তৈরি কোল্ড স্টোরেজের ভেতরে আটকে রাখা হতো।
তিনি বলেন, আকাশে উড়োজাহাজ নামতে দেখে তারা বুঝতে পারেন, উপকূল কাছাকাছি রয়েছে। পরে ট্রলারটি উপকূলের দিকে নিয়ে আসেন।
তবে ট্রলারে থাকা বাকি ব্যক্তিদের অবস্থান এবং সাগরে ফেলে দেওয়ার অভিযোগের সত্যতা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, উদ্ধার হওয়া ২৮ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।