প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ এএম
সরকারি মানবিক সহায়তা বিতরণের বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র মানুষের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে সরকার। সহায়তার পরিমাণ বাড়ানোর পাশাপাশি সুবিধাভোগী নির্বাচনে কঠোর মানদণ্ড, ডিজিটাল তথ্যভান্ডার ও অভিযোগ নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা চালু করা হয়েছে।
দুর্যোগে ঘর হারানো একটি পরিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা পেতে পারে। পরিবারের কেউ মারা গেলে মিলতে পারে আরও ৫০ হাজার টাকা। কিন্তু সরকারি মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে এখন শুধু দারিদ্র্য কিংবা অসহায়ত্বের দাবি যথেষ্ট নয়। দুস্থ ও অতিদরিদ্র পরিবার হিসেবে বিবেচিত হতে পূরণ করতে হবে সরকারের নির্ধারিত ১২টি শর্তের অন্তত চারটি।
বাংলাদেশে সরকারি মানবিক সহায়তা বিতরণের নিয়মে এমন পরিবর্তন এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় কারা সহায়তা পাবেন, কতটা পাবেন এবং কত দিনের মধ্যে তা বিতরণ করতে হবে, সবকিছুর জন্য নির্দিষ্ট কাঠামো তৈরি করা হয়েছে।
‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ নামে নতুন নীতিমালাটি গত ১২ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়। গেজেটে প্রকাশিত হয় ১০ নভেম্বর। ২০১২-১৩ সালের নির্দেশিকা সংশোধন করে তৈরি নতুন ব্যবস্থায় খাদ্য, নগদ অর্থ, শীতবস্ত্র, শিশুখাদ্য, পশুখাদ্য ও ঘর নির্মাণের উপকরণ বিতরণের নিয়ম পুনর্নির্ধারণ করা হয়েছে।
পরিবর্তন কেবল সহায়তার পরিমাণে সীমাবদ্ধ নয়। সুবিধাভোগীদের ডিজিটাল তথ্যভান্ডার তৈরি, স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাই এবং অভিযোগ নিষ্পত্তির জন্যও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করতে হবে। তালিকা নিয়ে আপত্তি উঠলে তা নিষ্পত্তি করতে হবে সর্বোচ্চ ১৫ কার্যদিবসে।
কারা পাবেন সরকারি মানবিক সহায়তা
নতুন নির্দেশিকায় স্বাভাবিক সময়ে দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ এবং সাময়িক খাদ্যসংকটে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার আওতায় রাখা হয়েছে।
সহায়তা পাবেন অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক স্তরের শিক্ষার্থী, ধর্মীয় উৎসব পালনে আর্থিকভাবে অসচ্ছল মানুষ, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, বেদে ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠী।
নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলোকেও সরকারি মানবিক সহায়তার আওতায় আনা হয়েছে। প্রয়োজন বিবেচনায় সরকার অন্য ব্যক্তি, পরিবার কিংবা জনগোষ্ঠীকেও কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে পারবে।
তবে দুস্থ ও অতিদরিদ্র পরিবার চিহ্নিত করার জন্য নির্ধারিত ১২টি মানদণ্ডের অন্তত চারটি পূরণ করতে হবে।
দারিদ্র্য নির্ধারণে যে ১২ শর্ত
সরকারি সহায়তার যোগ্যতা নির্ধারণে পরিবারের জমি, আয়, খাদ্যনিরাপত্তা, উপার্জনক্ষম সদস্য ও সামাজিক অবস্থান বিবেচনায় নেওয়া হবে।
নির্দেশিকায় নির্ধারিত মানদণ্ডগুলো হলো:
১. পরিবারের মালিকানায় কোনো জমি না থাকা অথবা বসতভিটা ছাড়া কৃষিজমি না থাকা।
২. পরিবারের জীবিকা দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল হওয়া।
৩. পরিবারের প্রধান নারী শ্রমিক হওয়া অথবা পরিবার ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হওয়া।
৪. পরিবারে উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষ সদস্য না থাকা।
৫. অর্থসংকটের কারণে স্কুলগামী শিশুকে উপার্জনের কাজে পাঠাতে বাধ্য হওয়া।
৬. পরিবারের আয় করার মতো স্থায়ী সম্পদ না থাকা।
৭. স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা নারীর অসচ্ছল পরিবার হওয়া।
৮. অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা অথবা তাদের পরিবারের সদস্য হওয়া।
৯. পরিবারে প্রতিবন্ধী সদস্য থাকা।
১০. অন্য কোনো নিয়মিত সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্থায়ী সুবিধাভোগী না হওয়া।
১১. প্রাকৃতিক দুর্যোগে চরম খাদ্যসংকট বা অর্থসংকটে পড়া।
১২. বছরের অধিকাংশ সময় দুবেলা খাবারের ব্যবস্থা করতে না পারা।
অন্তত চারটি শর্ত পূরণকারী পরিবারকে দুস্থ বা অতিদরিদ্র হিসেবে বিবেচনা করা হবে। তবে সহায়তা পাওয়ার ক্ষেত্রে নির্ধারিত তালিকাভুক্তি ও যাচাই-বাছাই প্রক্রিয়াও অনুসরণ করতে হবে।
খাদ্য সহায়তায় পরিবারপ্রতি সর্বোচ্চ ৩০ কেজি
সরকারের ভালনারেবল গ্রুপ ফিডিং বা ভিজিএফ কর্মসূচিতে পরিবারপ্রতি সর্বোচ্চ ৩০ কেজি চাল বা গম দেওয়ার বিধান রাখা হয়েছে।
স্বাভাবিক সময়ে খাদ্য কিনতে অক্ষম পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ এবং কৃষিসহ অন্যান্য খাতে মৌসুমি কর্মহীনতার কারণে খাদ্যসংকটে পড়া জনগোষ্ঠী এ সুবিধা পাবে।
জনস্বার্থে কোনো বিশেষ পেশায় নিয়োজিত অতিদরিদ্র মানুষকে সাময়িকভাবে কাজ থেকে বিরত রাখা হলে তাদেরও খাদ্য সহায়তা দেওয়া যাবে।
মহামারির মতো পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারপ্রতি মাসে ২০ থেকে ৩০ কেজি চাল বা গম কিংবা দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
শিশুদের পুষ্টি নিশ্চিত করতেও বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৈনিক ৫০ গ্রাম সয়া প্রোটিন অথবা ১০০ গ্রাম সয়া দুধ পেতে পারে। বিকল্প হিসেবে সরকার নির্ধারিত অন্য খাবারও দেওয়া যাবে।
দুর্যোগে মৃত্যু, আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য কত টাকা
দুর্যোগে প্রাণহানি বা আহত হওয়ার ঘটনায় সরকারি আর্থিক সহায়তার পরিমাণ নির্দিষ্ট করা হয়েছে। দুর্যোগে কোনো ব্যক্তির মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে। আহত ব্যক্তির চিকিৎসায় সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়ার বিধান রয়েছে।
ক্ষতিগ্রস্ত অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় প্রতিষ্ঠান, পাঠাগার ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার বা মেরামতে সর্বোচ্চ ২০ হাজার টাকা দেওয়া যাবে। বিশেষ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বরাদ্দ ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।
দুর্যোগে গবাদিপশু হারানো পরিবারও সহায়তা পাবে। গরু বা মহিষ মারা গেলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং ভেড়া বা ছাগল মারা গেলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আহত গবাদিপশুর চিকিৎসার জন্যও সহায়তার সুযোগ রয়েছে।
ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়ের জন্য সর্বোচ্চ ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া যাবে। চরাঞ্চলের স্কুল-কলেজগামী মেয়েদের যাতায়াত সহজ করতে সাইকেল কেনার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা বরাদ্দের বিধান রাখা হয়েছে।
শিশুখাদ্য ও পশুখাদ্যে বিশেষ বরাদ্দ
দুস্থ ও অতিদরিদ্র পরিবারের শিশুদের খাবার কেনার জন্য বছরে একবার সর্বোচ্চ তিন হাজার টাকা দেওয়া যাবে।
দুধ, হরলিক্স, সাগু, সুজি, বার্লি, চিনি ও নুডলসসহ প্রয়োজনীয় শিশুখাদ্য কেনার জন্য অর্থ ব্যবহার করা যাবে।
গবাদিপশুর খাদ্যসংকট মোকাবিলায় অসচ্ছল পরিবারকে বছরে একবার সর্বোচ্চ দুই হাজার টাকা দেওয়ার বিধান রয়েছে। খৈল, ভুসি, খড়, কুড়ো ও ঘাসসহ পশুখাদ্য কেনার কাজে অর্থ ব্যয় করা যাবে।
শীতবস্ত্র ও ঢেউটিন পাওয়ার নিয়মেও পরিবর্তন
শীতবস্ত্র বিতরণে ব্যক্তি ও পরিবারভিত্তিক সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে সরকার। একজন ব্যক্তি একটি কম্বল, চাদর বা কমফোর্টার পাবেন। পরিবারপ্রতি সর্বোচ্চ দুটি বিতরণ করা যাবে। অন্য ধরনের বস্ত্র ব্যক্তি পর্যায়ে একটি এবং পরিবারপ্রতি সর্বোচ্চ তিনটি দেওয়া যাবে।
তীব্র শীত, কুয়াশা বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে তারপলিন বা তাঁবু দেওয়া যাবে। তবে আগের বছর সরকারি সহায়তায় কম্বল, চাদর, কমফোর্টার, তাঁবু বা তারপলিন পাওয়া ব্যক্তি ও পরিবার পরবর্তী সময়ে একই ধরনের সহায়তার যোগ্য হবে না।
ঘর নির্মাণের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। দুস্থ বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র ব্যক্তির নতুন ঘর নির্মাণে সর্বোচ্চ ছয় বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। পুনর্নির্মাণের জন্য বরাদ্দ থাকবে সর্বোচ্চ চার বান্ডিল। সাধারণভাবে ১০ বছরে একবার সুবিধা পাওয়া যাবে।
দুর্যোগে আংশিক ক্ষতিগ্রস্ত বসতঘর বা নিজস্বভাবে নির্মিত দোকান মেরামতের জন্য সর্বোচ্চ দুই বান্ডিল এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ তিন বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদনে বরাদ্দ পাঁচ বান্ডিল পর্যন্ত বাড়ানো সম্ভব।
দোকানের মালিক ও ব্যবসায়ী, উভয়েই নির্ধারিত শর্তে সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।
ক্ষতিগ্রস্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে সর্বোচ্চ ১৫ বান্ডিল এবং অন্যান্য নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ সাত বান্ডিল ঢেউটিন বরাদ্দের বিধান রয়েছে।
ঘর পুনর্নির্মাণে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
দুর্যোগে আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য পরিবারপ্রতি সর্বোচ্চ ২০ হাজার টাকা দেওয়া যাবে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণে সহায়তার পরিমাণ সর্বোচ্চ ৫০ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও অন্যান্য নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের মেরামত বা নির্মাণের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে।
সরকারি জিআর ঢেউটিন পাওয়া পরিবারগুলো প্রতি বান্ডিলের বিপরীতে ছয় হাজার টাকা করে নগদ সহায়তাও পেতে পারে। ঢেউটিনের সঙ্গে নগদ অর্থ দেওয়ার সুবিধা ১০ বছরে একবারের বেশি পাওয়া যাবে না।
আগের নির্দেশিকায় প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে তিন হাজার টাকা দেওয়া হতো। নতুন ব্যবস্থায় পরিমাণ বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে।
সুবিধাভোগী নির্বাচন করবেন কারা
সরকারি সহায়তা বিতরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো সুবিধাভোগী নির্বাচন ও তালিকা তৈরির প্রক্রিয়া। নতুন নির্দেশিকা অনুযায়ী, ওয়ার্ড পর্যায়ের বাস্তবায়ন কমিটি পাড়া ও গ্রামভিত্তিক দুস্থ এবং অতিদরিদ্র পরিবারের প্রাথমিক তালিকা তৈরি করবে।
ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের কমিটি তালিকা যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য পাঠাবে। ইউনিয়নের তালিকা উপজেলা কমিটির মাধ্যমে এবং পৌরসভার তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে অনুমোদিত হবে।
জেলার সব উপজেলার অনুমোদিত তালিকা একত্র করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠানো হবে। অধিদপ্তর সারা দেশের তথ্য সমন্বয় করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে এবং তা মন্ত্রণালয়ে পাঠাবে।
দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা, আক্রান্ত এলাকার পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের সংখ্যা বিশ্লেষণ করে মানবিক সহায়তার বরাদ্দ নির্ধারণ করবে মন্ত্রণালয়।
তালিকায় নাম না থাকলে অভিযোগের সুযোগ
সরকারি সহায়তার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তি কিংবা সহায়তা নিয়ে আপত্তি থাকা প্রতিষ্ঠান অভিযোগ জানাতে পারবে। সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা কমিটির সভাপতির কাছে প্রাথমিক আপত্তি জানাতে হবে। ইউনিয়ন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং পৌরসভা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে।
অভিযোগ পাওয়ার সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। ফলে সহায়তার তালিকা তৈরির পাশাপাশি তালিকা নিয়ে ওঠা আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রেও স্থানীয় প্রশাসনের নির্দিষ্ট দায়িত্ব থাকবে।
সাত কর্মদিবসে বিতরণ, তথ্য থাকবে ডিজিটাল ব্যবস্থায়
সরকারি বরাদ্দ পাওয়ার পর সহায়তা বিতরণে দীর্ঘসূত্রতা ঠেকাতে সাত কর্মদিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিতরণ শেষ হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। প্রকৃত সুবিধাভোগীর কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
নির্দেশিকায় সুবিধাভোগী নির্বাচন ও বরাদ্দ বিতরণে স্বজনপ্রীতি এবং দুর্নীতি নিষিদ্ধ করা হয়েছে।
বিতরণ কার্যক্রম তদারকির জন্য ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক সহায়তা বিতরণব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বাড়িতে সহায়তা পৌঁছে দিতে হবে। পরিবহন খাতে বরাদ্দ অর্থ থেকে সংশ্লিষ্ট ব্যয় সমন্বয় করা যাবে।
অনুমোদিত সুবিধাভোগীদের তথ্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে রেজিস্ট্রারে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি কম্পিউটারে বাংলা নিকষ বা ইউনিকোড ফন্ট ব্যবহার করে তথ্য সংরক্ষণের বিধান রয়েছে।
সুবিধাভোগীদের তথ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এসএনএসপি ও এমআইএস ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে সারা দেশের সুবিধাভোগীদের তথ্যভান্ডার সংরক্ষণ করবে।
নতুন নিয়মে স্বচ্ছতা কতটা নিশ্চিত হবে
সরকারের দাবি, নতুন নির্দেশিকার প্রধান উদ্দেশ্য মানবিক সহায়তা বিতরণে স্বচ্ছতা বাড়ানো এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি বরাদ্দ পৌঁছে দেওয়া।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখার যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ জানিয়েছেন, আগের নির্দেশিকার তুলনায় বেশ কিছু ক্ষেত্রে সহায়তার পরিমাণ ও আওতা বাড়ানো হয়েছে।
বিশেষ করে ঢেউটিনের বিপরীতে নগদ বরাদ্দ তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে। নির্ধারিত ক্ষেত্রে ঢেউটিনের সর্বোচ্চ বরাদ্দও দুই বান্ডিল থেকে ছয় বান্ডিল পর্যন্ত উন্নীত করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, সুবিধাভোগী চিহ্নিত করার জন্য ১২টি মানদণ্ড নির্ধারণের উদ্দেশ্য হলো সহায়তা বিতরণে আরও সুনির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলা।
তবে নীতিমালায় পরিবর্তন আনলেই স্বচ্ছতা নিশ্চিত হবে, এমন নিশ্চয়তা দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তাও।
সেখ ফরিদ আহমেদ বলেছেন, ‘স্বচ্ছতা বাড়ানোর জন্যই মূলত নতুন নির্দেশিকা করা হয়েছে। তবে স্বচ্ছতা নির্ভর করে মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের ওপর।’
তার বক্তব্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আন্তরিকতার সঙ্গে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করলেই প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা পাবেন।
নতুন নির্দেশিকা সরকারি মানবিক সহায়তা বিতরণের জন্য আরও বিস্তারিত নিয়ম তৈরি করেছে। কিন্তু নিয়মের কার্যকারিতা শেষ পর্যন্ত নির্ভর করবে স্থানীয় পর্যায়ে সঠিক পরিবার চিহ্নিত করা, অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তি এবং নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দ পৌঁছে দেওয়ার ওপর।
দুর্যোগে সবকিছু হারানো কিংবা দীর্ঘদিন খাদ্যসংকটে থাকা মানুষের জন্য পার্থক্যটি গুরুত্বপূর্ণ। সরকারি সহায়তার প্রতিশ্রুতি নয়, সময়মতো সেই সহায়তা হাতে পাওয়াই তাদের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে।
