ইন্দোনেশিয়ায় শিশুদের নামকরণের ক্ষেত্রে অনেকে বেছে নিচ্ছেন জাপানি মাঙ্গা বা অ্যানিমে চরিত্রের নাম। এর মধ্যে ডোরেমন, নারুতো, নোবিতা ও লুফির মতো পরিচিত নামও রয়েছে। জাপান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার বাসিন্দা নিবন্ধন-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে অন্তত ১৬ জনের নাম ডোরেমন।
তিনি গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য প্রকাশ করেন। সেখানে বলা হয়, জাপানি পপ সংস্কৃতি ইন্দোনেশিয়ার নাগরিকদের নাম রাখার ক্ষেত্রেও প্রভাব ফেলছে।
ওই কর্মকর্তা বলেন, জাপানি অ্যানিমে সিরিজ ‘ডোরেমন’-এর প্রধান চরিত্র ডোরেমন একটি কানহীন রোবট বিড়াল। বিশ্বজুড়ে জনপ্রিয় এ চরিত্রের নামই কয়েকজন ইন্দোনেশীয় নাগরিকের পরিচয়ের অংশ হয়ে গেছে।
শুধু ডোরেমন নয়, একই সিরিজের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র নোবিতার নামেও নাম রয়েছে অনেকের। ইন্দোনেশিয়ায় ১৮১ জনের নাম নোবিতা। তবে সবচেয়ে বেশি দেখা যায় ‘নারুতো’ সিরিজের চরিত্রের নাম। নারুতো উজুমাকি এ সিরিজের প্রধান চরিত্র। ইন্দোনেশিয়ায় মোট ৩৪৭ জনের নাম উজুমাকি অথবা নারুতো।
আরেক জনপ্রিয় জাপানি সিরিজ ‘ওয়ান পিস’। সিরিজটির প্রধান চরিত্র ডি. লুফির নামেও ইন্দোনেশিয়ায় ৭৯ জনের নাম রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সময়ের সঙ্গে মানুষের নাম রাখার প্রবণতাও বদলে যাচ্ছে। তরুণ প্রজন্মের অনেকেই সন্তানের নামের ক্ষেত্রে শুধু ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় নামকে গুরুত্বপূর্ণ মনে করছেন না। জনপ্রিয় সংস্কৃতি, বিশেষ করে মাঙ্গা ও অ্যানিমের চরিত্রগুলোও তাদের পছন্দে জায়গা করে নিচ্ছে।