Logo
Logo
×

খবর ।  রাজনীতি

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬। ০১:৪০ পিএম

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনের এই পর্ব।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের পাঁচ ধাপের ভোটের তারিখ জানান।

তিনি বলেন, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি দেশের ৮০টি উপজেলার ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে।

এরপর দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি। কিছুটা বিরতির পর ২৯ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের ভোট নির্ধারণ করা হয়েছে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

পাঁচ ধাপের ভোটের সময়সূচি হলো—

প্রথম ধাপ: ২১ জানুয়ারি ২০২৭ — ৮০ উপজেলার ৮১৫ ইউপি

দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭

তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল ২০২৭

চতুর্থ ধাপ: ১৩ মে ২০২৭

পঞ্চম ধাপ: ২৭ মে ২০২৭

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এর আগে জানিয়েছিলেন, কেন্দ্রীয়ভাবে কমিশন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করবে না। কোন সময়ে বা কোন ‘স্লটে’ নির্বাচন হবে, কমিশন তা নির্ধারণ করে দেবে। পরে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ এলাকার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে