Logo
Logo
×

খবর ।  প্রবাস

বিদেশগামী কর্মীদের তথ্য সংশোধন হবে জেলা অফিসেই, ঢাকায় আসার ভোগান্তি কমবে

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬। ০৪:০৫ পিএম

বিদেশগামী কর্মীদের তথ্য সংশোধন হবে জেলা অফিসেই, ঢাকায় আসার ভোগান্তি কমবে

বিদেশগামী কর্মীদের অনলাইন নিবন্ধনের তথ্য সংশোধনের প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। এখন থেকে নিবন্ধনের ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় মূল কাগজপত্র নিজ নিজ জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিসেই যাচাই-বাছাই করা যাবে। ফলে সামান্য ভুল সংশোধনের জন্য কর্মীদের আর ঢাকায় বিএমইটির প্রধান কার্যালয়ে যেতে হবে না।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকে জেলা পর্যায়ে এ কার্যক্রম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমইটি জানিয়েছে, বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমানো এবং সেবা সহজলভ্য করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বিদেশগামী কর্মীরা বিএমইটির অনলাইন এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) সিস্টেমে নিবন্ধনের সময় প্রায়ই ভুল তথ্য দিয়ে থাকেন। পরে এসব ভুল সংশোধনের জন্য তাদের ঢাকায় বিএমইটির প্রধান কার্যালয়ে আসতে হয়।

এতে কর্মীদের যাতায়াতের খরচ বাড়ার পাশাপাশি সময়ও নষ্ট হয়। অনেক ক্ষেত্রে সংশোধন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দেয়।

এসব সমস্যা দূর করতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসগুলোতে তথ্য সংশোধনসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের ব্যবস্থা চালু করা হচ্ছে।

তবে সব ধরনের সংশোধনের চূড়ান্ত অনুমোদন জেলা পর্যায়ে দেওয়া হবে না। সংশোধনের ধরন অনুযায়ী কিছু ক্ষেত্রে জেলা অফিস থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে, আর কিছু ক্ষেত্রে বিএমইটির প্রধান কার্যালয়ের অনুমোদন লাগবে।

যেভাবে সংশোধন করা যাবে নিবন্ধনের তথ্য

বিএমইটির নির্দেশনা অনুযায়ী, বিদেশগামী কর্মীদের নিবন্ধনের তথ্য সংশোধনে তিন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে তৈরি পাসপোর্টের ক্ষেত্রে কর্মীর নাম ও বাবার নামের বানানে সামান্য ভুল থাকলে তা সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমেই সংশোধন করা যাবে।

তবে পাসপোর্টে কর্মীর নাম কিংবা বাবার নাম সম্পূর্ণ পরিবর্তনের প্রয়োজন হলে জেলা অফিস থেকে সরাসরি সংশোধন করা যাবে না। এ ক্ষেত্রে বিএমইটির ওইপি সিস্টেমে একটি সাপোর্ট টিকিট তৈরি করতে হবে।

একইভাবে জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে তৈরি পাসপোর্টের যেকোনো তথ্য সংশোধনের ক্ষেত্রেও জেলা অফিসের মাধ্যমে সাপোর্ট টিকিট তৈরি করতে হবে।

এসব ক্ষেত্রে জেলা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মীর মূল কাগজপত্র যাচাই-বাছাই করবেন।

কাগজপত্র সঠিক পাওয়া গেলে কর্মকর্তা তা যাচাই করা হয়েছে মর্মে প্রত্যয়ন দিয়ে প্রয়োজনীয় তথ্য ওইপি সিস্টেমে আপলোড করবেন।

এরপর বিএমইটির প্রধান কার্যালয় থেকে সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

অর্থাৎ যেসব সংশোধনে প্রধান কার্যালয়ের অনুমোদন প্রয়োজন, সেসব ক্ষেত্রেও কর্মীরা নিজ জেলায় কাগজপত্র জমা ও যাচাইয়ের কাজ সম্পন্ন করতে পারবেন।

সময় ও অর্থ সাশ্রয়ের আশা বিএমইটির

বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ জানিয়েছেন, বিদেশগামী কর্মীদের নিবন্ধনের তথ্য সংশোধনের সুযোগ জেলা পর্যায়ে দেওয়ার দাবি দীর্ঘদিনের।

তিনি বলেন, নিবন্ধনের সামান্য ভুল সংশোধনের জন্যও অনেক কর্মীকে ঢাকায় আসতে হতো। এতে তাদের সময় ও অর্থ দুটোই ব্যয় হতো।

একই সঙ্গে বিএমইটির প্রধান কার্যালয়েও জনবলসংকট রয়েছে বলে জানান তিনি।

মহাপরিচালকের মতে, নতুন ব্যবস্থা চালু হলে জেলা পর্যায়ের বিদেশগামী কর্মীদের তথ্য সংশোধনের জন্য ঢাকায় আসার প্রয়োজন হবে না। এতে সেবাগ্রহীতাদের ভোগান্তি ও আর্থিক অপচয় অনেকাংশে কমে আসবে।

এ উদ্যোগের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় সেবা স্থানীয় পর্যায়ে পৌঁছে দেওয়া এবং তথ্য সংশোধন প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্য নিয়েছে বিএমইটি।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে