Logo
Logo
×

হুক ।  প্রশ্ন

সাফল্যের জন্য ‘স্ট্র্যাটেজিক ডাইকোটমি’ বোঝা জরুরি কেন?

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৬। ১২:৩৯ পিএম

আপডেট: ১৯ জুলাই ২০২৬। ১৭:২১ পিএম

সাফল্যের জন্য ‘স্ট্র্যাটেজিক ডাইকোটমি’ বোঝা জরুরি কেন?

আমরা জীবনের সব ক্ষেত্রেই দেখি কিছু সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। একদিকে একটা ভালো জিনিস, অন্যদিকে আরেকটা। 

যেমন ধরুন- ব্যবসা বাড়াতে গেলে খরচ বাড়ে, আবার খরচ কমাতে গেলে ব্যবসার মান কমে যায়। 

রাজনীতি বা ব্যক্তিগত জীবনেও এমনটা ঘটে। এই যে দুটো বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে ভারসাম্য রেখে চলার লড়াই, একেই বলে ‘স্ট্র্যাটেজিক ডাইকোটমি’।

এটা একটা বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গি। 

বৈশ্বিক আর্থিক ও বিনিয়োগ বিশ্বকোষ ইনভেস্টোপিডিয়ার মতে, এটা এমন একটা কৌশল যেখানে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক রাখতে দুটো বিপরীতধর্মী উপাদানকে একসঙ্গে সামলাতে হয়।

ব্যবসায় এই কৌশলের প্রয়োগ সবচেয়ে বেশি দেখা যায়। 

হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক এবং ব্যবসায়িক কৌশল ও প্রতিযোগিতামূলক অর্থনীতির ক্ষেত্রে বিশ্বজুড়ে অত্যন্ত প্রভাবশালী মার্কিন স্ট্র্যাটেজিস্ট মাইকেল পোর্টারের মতে, বাজারের খেলায় টিকে থাকতে হলে হয় আপনাকে কম খরচে পণ্য দিতে হবে, না হয় পণ্যে এমন কিছু আলাদা বৈশিষ্ট্য রাখতে হবে যা অন্য কোথাও নেই। এই দুইয়ের মধ্যে ভারসাম্য করতে না পারলে ব্যবসা মাঝপথে আটকে যায়।

আবার চার্লস ও’রাইলি ও মাইকেল তুষম্যান তাদের অ্যাম্বিডেক্সট্রাস অর্গানাইজেশন থিওরিতে বলেছেন, একটা সফল কোম্পানি একইসঙ্গে বর্তমানের ব্যবসা থেকে মুনাফা তোলে (এক্সপ্লয়টেশন), আবার ভবিষ্যতের জন্য নতুন নতুন প্রযুক্তিতে রিস্ক নিয়ে বিনিয়োগও করে (এক্সপ্লোরেশন)। এই দুই নৌকায় পা দিয়ে চলাটাই হলো প্রকৃত স্ট্র্যাটেজিক ডাইকোটমি।

দ্য ডাইকোটমি অফ লিডারশিপ বইটিতে জকো উইলিঙ্ক এবং লিফ বাবিন মূলত নেতৃত্বের কৌশলগত দ্বিমুখীতা বা ভারসাম্য (স্ট্র্যাটেজিক ডাইকোটমি) বলতে বুঝিয়েছেন, সফলভাবে একটি বড় লক্ষ্য বা মিশন অর্জন করতে হলে একজন নেতাকে চরম কোনো অবস্থান নেওয়া যাবে না, বরং দুটি বিপরীতধর্মী কৌশলের মাঝে নিখুঁত ভারসাম্য বজায় রাখতে হবে। 

অর্থনীতির দিকে তাকালেও দেখবেন, কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার ঠিক করার সময় একই কাজ করে; মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা আর বাজারে টাকা প্রবাহ সচল রাখা- এই দুই বিপরীত লক্ষ্যকে ব্যালেন্স করাই তাদের আসল কাজ। এমনকি আজকের এআইয়ের যুগেও প্রযুক্তি বাড়ানো আর মানুষের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে এই ডাইকোটমি কাজ করছে।

তবে একটা জিনিস মাথায় রাখা দরকার- অনেক সময় আমাদের সামনে এমন পরিস্থিতি তৈরি করা হয়, যেন মনে হয় মাত্র দুটি উপায় আছে। এটাকে বলে ‘ফলস ডাইকোটমি’। সেক্ষেত্রে ভুল অপশনে পা না দিয়ে আগে দেখতে হবে এর বাইরেও কোনো ভালো সমাধান আছে কি না।

আসল কৌশল হলো- আপাতবিরোধী দুটো লক্ষ্যকে এমনভাবে মিলিয়ে নেওয়া, যাতে দুটোরই ফায়দা পাওয়া যায়। আজকের দিনে রাজনীতি, ব্যবসা কিংবা প্রযুক্তি- সবকিছু বোঝার জন্যই স্ট্র্যাটেজিক ডাইকোটমি খুব কাজের।

 

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে