Logo
Logo
×

লাইফস্কেপ ।  খেলা

ক্রিকেটারদের পাসপোর্ট-ডলারসহ ৮ লাগেজ চুরি, অধিকাংশ মালামাল উদ্ধার

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬। ০৩:৫৬ পিএম

ক্রিকেটারদের পাসপোর্ট-ডলারসহ ৮ লাগেজ চুরি, অধিকাংশ মালামাল উদ্ধার

জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলতে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে চুরির শিকার হয়েছেন রাজশাহী বিভাগীয় দলের ক্রিকেটাররা। দলের মালামাল বহনকারী একটি কভার্ড ভ্যান থেকে চারজনের আটটি লাগেজ চুরি হয়ে যায়। এসব লাগেজে পাসপোর্ট, আইফোন, নগদ তিন লাখ টাকা, ৩০০ মার্কিন ডলারসহ মূল্যবান সামগ্রী ছিল। পরে পুলিশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের তৎপরতায় অধিকাংশ মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে এই ঘটনা ঘটে। চুরি হওয়া লাগেজগুলোর মালিক হলেন রাজশাহী বিভাগের স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর, পেসার আলি মোহাম্মদ ওয়ালিদ এবং দলের টিম বয় আব্দুল কাদের।

জানা গেছে, মঙ্গলবার বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছান রাজশাহী বিভাগীয় দলের ক্রিকেটাররা। অন্যদিকে খেলোয়াড়দের ব্যক্তিগত মালামাল ও খেলার সরঞ্জামসহ মোট ৫৪টি লাগেজ একটি কভার্ড ভ্যানে করে রাজশাহীতে পাঠানো হয়।

কিন্তু রাজশাহীতে পৌঁছানোর পর কভার্ড ভ্যানের মালামাল নামানোর সময় আটটি লাগেজ খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ক্রিকেটার মেহেরব হাসান।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযোগপত্র অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে পুঠিয়া এলাকার একটি হোটেলে খাবারের জন্য বিরতি দিয়েছিলেন কভার্ড ভ্যানের চালক।

খাবার শেষে পুনরায় যাত্রা শুরুর সময় তিনি গাড়ির পেছনের দরজা খোলা দেখতে পান। তবে দরজা বন্ধ করে রাজশাহীর উদ্দেশে যাত্রা করেন।

পরবর্তী সময়ে রাজশাহীতে পৌঁছে লাগেজ নামানোর সময় আটটি লাগেজ চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

লাগেজে ছিল পাসপোর্ট, আইফোন ও নগদ তিন লাখ টাকা

থানায় করা সাধারণ ডায়েরিতে মেহেরব হাসান জানান, চুরি হওয়া লাগেজগুলোর মধ্যে তার ব্যক্তিগত পোশাকের পাশাপাশি পাসপোর্ট, একটি আইফোন, নগদ তিন লাখ টাকা, ৩০০ মার্কিন ডলার এবং কিছু ইলেকট্রনিক সামগ্রী ছিল।

এ ছাড়া পেসার মোহর শেখ অন্তরের লাগেজেও মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দলের টিম বয় আব্দুল কাদেরের ব্যাগে ছিল ক্রিকেট খেলার স্পাইক জুতা ও অন্যান্য সরঞ্জাম।

রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হলেও চুরির ঘটনাটি পুঠিয়া এলাকায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ ঘটনাটির তদন্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে।

পরে রাজশাহী জেলা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে।

উদ্ধার করা জিনিসপত্র রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় দলের ম্যানেজার তৌকির মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাগেজ চুরির বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ ও বিসিবিকে অবহিত করা হয়। তাদের দ্রুত তৎপরতার কারণে অল্প সময়ের মধ্যে অধিকাংশ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

এখনো উদ্ধার হয়নি একটি লাগেজ ও তিন লাখ টাকা

পুলিশের অভিযানে অধিকাংশ জিনিসপত্র উদ্ধার হলেও সব মালামাল এখনো ফেরত পাননি ভুক্তভোগীরা।

মালামাল উদ্ধারের খবর পেয়ে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান ক্রিকেটার মোহর শেখ, মেহেরব হাসানসহ অন্যরা। সেখানে উদ্ধার করা জিনিসপত্র তাদের বুঝিয়ে দেওয়া হয়।

তবে পেসার মোহর শেখ অন্তর জানিয়েছেন, অন্যদের অধিকাংশ মালামাল উদ্ধার হলেও তার নিজের লাগেজটি এখনো পাওয়া যায়নি।

একই সঙ্গে মেহেরব হাসানের লাগেজে থাকা নগদ তিন লাখ টাকারও সন্ধান মেলেনি বলে জানিয়েছেন তিনি।

চুরির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে।

অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট ক্রিকেটারদের।

সেখানে অভিযান চালিয়ে এখনো উদ্ধার না হওয়া লাগেজ ও অর্থসহ বাকি জিনিসপত্র পাওয়া যাবে বলে আশা করছেন ভুক্তভোগীরা।

এদিকে চুরির এই ঘটনার মধ্যেই জাতীয় ক্রিকেট লিগের পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী বিভাগীয় দল।

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে আগামী রবিবার (১৮ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হবে রাজশাহী।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে