Logo
Logo
×

অর্থনীতি ।  এনার্জি

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬। ০৭:৪৪ পিএম

আপডেট: ১৪ অক্টোবর ২০২৬। ১৯:৪৬ পিএম

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

এলপিজি বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে সারা দেশে দুই দিনের ধর্মঘটের ঘোষণা প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে কয়েক দফা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দাবিগুলো নিয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (১৪ অক্টোবর) বিইআরসির সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন এলপিজি ব্যবসায়ীরা।

এলপিজি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সেলিম খান জানান, গত দুই দিনে বিইআরসির চেয়ারম্যানের সঙ্গে তাদের একাধিক বৈঠক হয়েছে। সর্বশেষ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীদের দাবিগুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত জানানো হয়। ওই শুনানির মাধ্যমে ব্যবসায়ীদের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মো. সেলিম খান বলেন, বিইআরসির পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর তারা পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত সোমবার (১২ অক্টোবর) কমিশন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন ব্যবসায়ীরা।

দুই দিনের ওই কর্মসূচিতে দেশের সব এলপিজির দোকান বন্ধ রাখার কথা ছিল। তবে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনায় সমঝোতার পথ তৈরি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ধর্মঘট প্রত্যাহার করা হলো।

এদিকে বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।

এ সময় জ্বালানিমন্ত্রী সতর্ক করে বলেন, ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের এই অবস্থানের মধ্যেই বিকেলে বিইআরসির সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গণশুনানির সিদ্ধান্ত ও দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।

ফলে ১৫ ও ১৬ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি আর কার্যকর হচ্ছে না।

তবে ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধিসহ দাবিগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আগামী ২৯ অক্টোবরের গণশুনানিতে এসব দাবি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে