দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। শুধু অক্টোবরের প্রথম ছয় দিনেই মৃত্যু হয়েছে ৩৬ জনের।
এর আগের দিন ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ২৯৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন ভর্তি হয়েছেন।
ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮০ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২, খুলনায় ৩০২, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ১৯৯, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৬৪ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৯০ হাজার ৩৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৮৪ হাজার ২৯৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বরে। ওই মাসে ভর্তি হন ৪৩ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয় ১৪৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে।
এর মধ্যে ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।