Logo
Logo
×

অর্থনীতি ।  পণ্যবাজার

চার দফা কমার পর সোনার ভরি বাড়ল ২,২১৬ টাকা

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬। ০১:০৯ পিএম

চার দফা কমার পর সোনার ভরি বাড়ল ২,২১৬ টাকা

টানা চার দফায় দাম কমার পর দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দেশে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে।

তার ভাষায়, দেশের সোনার বাজার পুরোপুরি বিশ্ববাজারের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও বাড়ানো হয়, আর কমলে সেই অনুযায়ী কমানো হয়।

তিনি জানান, কয়েক দিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারেও ধারাবাহিকভাবে দাম কমানো হয়েছিল। এখন বিশ্ববাজারে দাম বাড়তে শুরু করায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে দুই সপ্তাহের মধ্যে চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়েছিল বাজুস।

গত ১৩ অক্টোবর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, ২২ অক্টোবর ১ হাজার ৬৯১ টাকা, ২৩ অক্টোবর ২ হাজার ১৫৮ টাকা এবং ২৫ অক্টোবর ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়।

এরও আগে ৯ অক্টোবর একই মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।

কোন মানের সোনার দাম কত হলো

বাজুসের নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১২৫ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে এর দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

২১ ক্যারেট সোনার প্রতি ভরির নতুন দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ভরিতে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এর আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

ফলে নতুন দরে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারেও সোনার দামে অস্থিরতা

আন্তর্জাতিক বাজারে রেকর্ড উচ্চতায় ওঠার পর সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।

চলতি বছরের ২৯ জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে ৫ হাজার ৫১১ ডলার ২৮ সেন্টে পৌঁছায়। পরবর্তী সময়ে দাম ৫ হাজার ৬০০ ডলারও অতিক্রম করে।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা শুরু হয়। সাম্প্রতিক সময়ে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে আসে।

মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও বুধবার আবার কিছুটা কমেছে।

বাংলাদেশ সময় বুধবার দুপুর ১২টায় আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৩২ ডলার ৫ সেন্ট। আগের দিনের তুলনায় যা ২৯ ডলার ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ কম।

এর আগে ২৫ অক্টোবর দেশের বাজারে সোনার দাম কমানোর সময় আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৯৯৫ ডলার ৮৮ সেন্ট।

অপরিবর্তিত রুপার দাম

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

নতুন ঘোষণা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রামের দাম ৩৩০ টাকা। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম রয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে