Logo
Logo
×

ইনসাইট ।  এক্সপ্লেইনার

সোনার দাম কমা কি সত্যিই ভালো খবর

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬। ১২:৪৯ পিএম

আপডেট: ১৮ নভেম্বর ২০২৬। ১৮:০৪ পিএম

সোনার দাম কমা কি সত্যিই ভালো খবর

সোনার দাম বাড়া বা কমার প্রভাব শুধু গয়না ক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। খনি থেকে সোনা উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, বিনিয়োগ তহবিল থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনা বিশ্বজুড়ে বড় এক অর্থনৈতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ফলে সোনার দামের বড় পরিবর্তনে লাভ-ক্ষতির হিসাবও হয় বিভিন্ন পক্ষের জন্য ভিন্ন।

বিশ্ববাজারে সোনার দাম এখন এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে উচ্চ মুনাফা এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা, দরপতনের পেছনে এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোনার দাম কমায় নতুন ক্রেতাদের সামনে তুলনামূলক কম দামে কেনার সুযোগ তৈরি হয়েছে। বিপরীতে যারা আগে বেশি দামে সোনা কিনে রেখেছেন, তাদের সম্পদের বাজারমূল্য কমেছে। একই সঙ্গে চাপ তৈরি হয়েছে স্বর্ণখনি কোম্পানির আয় ও মুনাফা, নতুন খনিতে বিনিয়োগ এবং স্বর্ণভিত্তিক তহবিলেও।

সোনার দামের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডলার ও ফেডের সুদের হারের সম্পর্ক ঘনিষ্ঠ। সোনা থেকে সরাসরি সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না। ফলে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে বন্ডসহ সুদভিত্তিক বিনিয়োগ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তখন বিনিয়োগকারীদের একাংশ সোনা থেকে অর্থ সরিয়ে অন্য সম্পদে নিয়ে যেতে পারেন।

অন্যদিকে ডলারের বিনিময়মূল্য শক্তিশালী হলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য সোনা কেনার খরচ বেড়ে যায়। এতে সোনার চাহিদা ও দামের ওপর চাপ তৈরি হয়।

বিশ্ববাজারে দাম ওঠানামার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়ে। সর্বশেষ হিসাবে, দেশের বাজারে টানা পাঁচ দফা দাম কমানোর পর প্রতি ভরি সোনার দাম প্রায় ১২ হাজার টাকা কমেছে। সর্বশেষ শনিবারের হিসাবে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

নতুন ক্রেতার সুযোগ, পুরোনো বিনিয়োগকারীর ঝুঁকি

সোনার দাম কমলে প্রথম সুবিধা পান নতুন ক্রেতারা। গয়না, সোনার বার বা কয়েন কেনার পরিকল্পনা থাকলে তুলনামূলক কম দামে কেনার সুযোগ তৈরি হয়। বিশেষ করে বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানের জন্য যারা গয়না কেনার প্রস্তুতি নিচ্ছেন, তাদের ব্যয় কিছুটা কমতে পারে।

তবে দাম কমেছে বলেই এখন কিনলে ভবিষ্যতে লাভ নিশ্চিত এমন নয়। সুদের হার, ডলারের বিনিময়মূল্য, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে পরিবর্তন এলে দাম আরও কমতে পারে। ফলে স্বল্পমেয়াদি বিনিয়োগে ঝুঁকি থেকেই যায়।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বে বার ও কয়েনের মাধ্যমে সোনায় বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমে ২৬৮ টনে নেমেছে। উচ্চ দাম ও ভবিষ্যৎ বাজার নিয়ে অনিশ্চয়তার কারণে ব্যক্তি বিনিয়োগকারীদের একটি অংশ অপেক্ষার কৌশল নিয়েছেন।

একই সময়ে গয়না তৈরির জন্য বিশ্বব্যাপী সোনার চাহিদা ১৭ শতাংশ কমে ৩১৩ টনে দাঁড়িয়েছে। অর্থাৎ দাম কমার পর নতুন সুযোগ তৈরি হলেও বাজার কোন দিকে যাবে, তা পরিষ্কার না হওয়ায় অনেকেই নতুন বিনিয়োগে সতর্ক রয়েছেন।

আগে বেশি দামে সোনা কেনা ব্যক্তিদের ক্ষেত্রে পরিস্থিতি উল্টো। ধরা যাক, একজন বিনিয়োগকারী প্রতি আউন্স সোনা ৪ হাজার ২০০ ডলারে কিনেছেন। পরে সেই দাম কমে ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে নামলে আউন্সপ্রতি তার কাগুজে লোকসান দাঁড়াবে প্রায় ৩৫৯ ডলার ৪৮ সেন্ট, যা প্রায় ৮ দশমিক ৬ শতাংশ।

গয়নার ক্ষেত্রে লোকসানের পরিমাণ আরও বেশি হতে পারে। কারণ বিক্রির সময় তৈরির মজুরি, ভ্যাট ও অবচয়ের মতো ব্যয় সাধারণত ফেরত পাওয়া যায় না।

সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের বিনিয়োগকারীরাও দরপতনের প্রভাব থেকে মুক্ত নন। এসব তহবিলের সম্পদের বড় অংশ সোনার বাজারদরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় দাম কমলে তহবিলের সম্পদমূল্য এবং শেয়ারের বাজারদরও কমতে পারে।

তবে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর আচরণ সব সময় এক নয়। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে স্বর্ণভিত্তিক ইটিএফ থেকে বিনিয়োগ প্রত্যাহার হলেও তৃতীয় প্রান্তিকে এসব তহবিলে নতুন করে ২১১ টন সোনা যুক্ত হয়েছে। এতে ইটিএফগুলোর মোট সোনার মজুত বেড়ে রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে পৌঁছেছে।

খনি কোম্পানির মুনাফায় চাপ, কেন্দ্রীয় ব্যাংকের কেনার সুযোগ

সোনার দরপতনে স্বর্ণখনি কোম্পানিগুলোও সরাসরি চাপে পড়ে। সোনা উত্তোলনে শ্রমিকের মজুরি, জ্বালানি, বিদ্যুৎ, যন্ত্রপাতি, পরিবহন ও খনি রক্ষণাবেক্ষণে বিপুল ব্যয় হয়। বাজারে সোনার দাম কমলেও এসব ব্যয় একই হারে কমে না। ফলে বিক্রয়মূল্য ও উৎপাদন খরচের ব্যবধান সংকুচিত হয় ও মুনাফা কমে।

স্বর্ণখনি কোম্পানির উৎপাদন ব্যয় পরিমাপের গুরুত্বপূর্ণ সূচক অল-ইন সাসটেইনিং কস্ট বা এআইএসসি। এতে সোনা উত্তোলনের সরাসরি খরচের পাশাপাশি খনি সচল রাখা, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় মূলধনি ব্যয় অন্তর্ভুক্ত থাকে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যে দেখা যায়, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বে স্বর্ণখনি কোম্পানিগুলোর গড় এআইএসসি প্রতি আউন্সে ১ হাজার ৯৩০ ডলারে উঠেছে। আগের প্রান্তিকের তুলনায় এটি ৮ শতাংশ এবং আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। জ্বালানি, খনির উপকরণ ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে।

সোনার দাম কমার সময় উৎপাদন ব্যয় একই থাকলে বা বাড়লে বেশি খরচে পরিচালিত খনিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। দীর্ঘ সময় বাজারদর উৎপাদন ব্যয়ের কাছাকাছি থাকলে কিছু খনিকে উৎপাদন কমাতে হতে পারে। নতুন খনি অনুসন্ধান ও সম্প্রসারণ প্রকল্পও পিছিয়ে যেতে পারে।

আর এর প্রভাব খনি কোম্পানির শেয়ারেও পড়ে। বিনিয়োগকারীরা ভবিষ্যৎ আয় ও মুনাফা কমার আশঙ্কায় শেয়ার বিক্রি করলে দর দ্রুত নেমে যেতে পারে। অনেক ক্ষেত্রে সোনার দামের তুলনায় খনি কোম্পানির শেয়ারের ওঠানামা বেশি হয়।

ধরা যাক, কোনো কোম্পানির প্রতি আউন্স সোনা উৎপাদনে ব্যয় ১ হাজার ৯০০ ডলার এবং বিক্রয়মূল্য ৪ হাজার ডলার। সে ক্ষেত্রে উদ্বৃত্ত থাকে ২ হাজার ১০০ ডলার। বাজারদর ৩ হাজার ৫০০ ডলারে নেমে এলে উদ্বৃত্ত কমে হবে ১ হাজার ৬০০ ডলার। অর্থাৎ সোনার দাম ১২ দশমিক ৫ শতাংশ কমলেও উদ্বৃত্ত কমে যায় প্রায় ২৩ দশমিক ৮ শতাংশ।

তবে সব স্বর্ণখনি কোম্পানির অবস্থা এক নয়। উৎপাদন ব্যয়, ঋণের পরিমাণ, সোনার মজুত ও খনির সক্ষমতার পার্থক্যের কারণে কম খরচে উৎপাদন করতে সক্ষম কোম্পানিগুলো দরপতনের সময় তুলনামূলক ভালো অবস্থায় থাকতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের জন্য পরিস্থিতি কিছুটা ভিন্ন। সোনার দাম কমলে আগে থেকে থাকা সোনার বাজারমূল্য কমে যায়। তবে একই সঙ্গে তুলনামূলক কম দামে নতুন সোনা কেনার সুযোগ তৈরি হয়।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ৩ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিট ৩২১ টন সোনা কিনেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ৪২ শতাংশ বেশি। বছরের প্রথম নয় মাসে তাদের মোট কেনা সোনার পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৫ টন।

কেন্দ্রীয় ব্যাংক সাধারণত স্বল্পমেয়াদি দামের ওঠানামার চেয়ে দীর্ঘমেয়াদি রিজার্ভ ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে সোনা কেনে। ডলারের ওপর নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনা এবং ভূরাজনৈতিক ও আর্থিক ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা তৈরির উদ্দেশ্যে সোনা রাখা হয়।

বিশ্ববাজারে সোনার দাম কমলে বাংলাদেশের ক্রেতারাও কিছুটা সুবিধা পেতে পারেন। তবে ডলারের বিনিময়মূল্য, আমদানি খরচ, সরবরাহ ও শুল্কের কারণে আন্তর্জাতিক বাজারের পুরো দরপতন দেশের বাজারে প্রতিফলিত নাও হতে পারে। আবার পুরোনো গয়না বিক্রির সময় মজুরি, ভ্যাট ও অবচয়ের কারণে লোকসান আরও বাড়তে পারে।

তাই সোনার দাম কমা মানেই সবার লাভ নয়, আবার সবার ক্ষতিও নয়। ফলাফল নির্ভর করে কে সোনা কিনছেন, কে বিক্রি করছেন, কী উদ্দেশ্যে বিনিয়োগ করছেন এবং কোন বাজারে লেনদেন করছেন, এসব বিষয়ের ওপর।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে