প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
দেশের বাজারে ফলের দাম ক্রমেই বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। প্রতীকী চিত্র। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
দেশের বাজারে ফলের দাম বছর বছর বাড়ছে। বিদেশি ফলের ওপর উচ্চ শুল্ক–কর আরোপের ফলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে পুষ্টিকর এই খাবার। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিয়মিত ফল কেনা এখন কঠিন হয়ে পড়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) একটি প্রতিবেদনে দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরে আমদানি করা ফলের ওপর মোট শুল্ক–করভার ছিল ৮৯ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২২ শতাংশে। অর্থাৎ ১০০ টাকা আমদানিমূল্যের ফলের ওপর ১২২ টাকা পর্যন্ত শুল্ক–কর দিতে হচ্ছে।
এই উচ্চ করহারের কারণে তাজা ফল কার্যত বিলাসপণ্যের শ্রেণিতে পড়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অথচ মানুষের পুষ্টির চাহিদা পূরণে ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মূল্যবৃদ্ধির কারণে সেই প্রয়োজনীয় খাবারই অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে।
রাজধানীর বাজারে ২০২০ সালের জুলাইয়ে এক কেজি মাল্টার দাম ছিল ১২০ থেকে ১৫০ টাকা। বর্তমানে একই ফল বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। গত সেপ্টেম্বরে মাল্টার দাম আরও বেড়ে কেজিপ্রতি ৪২০ থেকে ৪৫০ টাকায় পৌঁছেছিল।
শুধু বিদেশি ফল নয়, দেশি ফলের দামও বেড়েছে। ২০২০ সালের জুলাইয়ে এক হালি সাগর কলার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। এখন তা ৪০ থেকে ৫০ টাকা। চায়ের দোকানে একটি সাগর কলা কিনতেও ১৫ টাকা পর্যন্ত খরচ হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, বিদেশি ফলের দাম বাড়লে দেশি ফলের বাজারেও তার প্রভাব পড়ে। আমদানি কমে যাওয়ায় প্রতিযোগিতা কমে এবং স্থানীয় বিক্রেতারাও বাড়তি দাম আদায়ের সুযোগ পান।
শুল্ক–কর বাড়ায় সরকারের আয় দ্বিগুণের বেশি
ট্যারিফ কমিশনের প্রতিবেদনে দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরে ফল আমদানি থেকে সরকারের রাজস্ব আয় ছিল ২ হাজার ৫৭০ কোটি টাকা। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩৮ কোটি টাকায়।
অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে ফল আমদানি থেকে সরকারের আয় দ্বিগুণের বেশি হয়েছে।
অন্যদিকে একই সময়ে ফল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে দেশে ৮ লাখ মেট্রিক টন ফল আমদানি হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৭১ হাজার টনে।
সরকারের রাজস্ব বাড়লেও আমদানির পরিমাণ কমার পেছনে উচ্চ শুল্ক–কর এবং ডলারের মূল্যবৃদ্ধিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ফল আমদানিতে করভার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি।
আপেল ও নাশপাতির ওপর ভারতে ৬০ থেকে ৬১ শতাংশ, পাকিস্তানে ৬০ থেকে ৮০ শতাংশ, নেপালে ২৫ থেকে ৩৫ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৫০ থেকে ৬০ শতাংশ শুল্ক–কর রয়েছে। সেখানে বাংলাদেশে ফলের মোট করভার ১২২ শতাংশ।
গত ৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে দেখা যায়, ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় বাংলাদেশে আপেল, মাল্টা, কমলা ও আঙুরের দাম বেশি।
ওই সময়ে ভারতে প্রতি কেজি আপেলের দাম ছিল বাংলাদেশি মুদ্রায় ১৫০ থেকে ২২০ টাকা। পাকিস্তানে ১১০ থেকে ১৭০ টাকা এবং নেপালে ১৬০ থেকে ২৪০ টাকা। অথচ বাংলাদেশে প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছিল ৩৮০ থেকে ৪৮০ টাকায়।
ফলের উচ্চ মূল্য নিয়ে গত ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের পর ৩ অক্টোবর ফল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। পরে ফলের শুল্ক–করভার ও বাজারদর পর্যালোচনা করে সুপারিশমূলক প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয় ট্যারিফ কমিশনকে।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সেই প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়।
ফলের শুল্ক–কর কমানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘বিষয়টি (ফলের কর কমানো) নিয়ে সরকারি পর্যায়ে কাজ চলছে। এর বেশি আপাতত কিছু বলতে পারছি না।’
দাম বাড়ায় পুষ্টির চাহিদা পূরণেও সংকট
পুষ্টিবিদেরা বলছেন, মানুষের শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ফল খাওয়া প্রয়োজন। কিন্তু মূল্যবৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষের পক্ষে পর্যাপ্ত ফল কেনা কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী, ২০১০ সালে দেশে মাথাপিছু দৈনিক ফল গ্রহণের পরিমাণ ছিল গড়ে ৪৫ গ্রাম। ২০১৬ সালে তা কমে দাঁড়ায় ৩৬ গ্রামে। এরপর ২০২২ সালের জরিপে তা বেড়ে ৯৫ দশমিক ৪ গ্রাম হয়।
তবে বিবিএসের এই জরিপের তথ্য নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২২ সালের পর নতুন খানা আয়-ব্যয় জরিপ না হওয়ায় বর্তমানে মানুষের ফল গ্রহণের পরিমাণ কত, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
পুষ্টিবিদ ও বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক এস কে রায় বলেছেন, নিম্ন আয়ের মানুষ মাছ, মাংস ও ডিম কম খাওয়ায় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতিতে পড়ছেন।
তিনি দৈনিক ৪০০ গ্রাম ফল গ্রহণের একটি আন্তর্জাতিক মানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ এর তুলনায় অনেক কম ফল খেতে পাচ্ছেন।
ফলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে মধ্যবিত্ত পরিবারগুলোতেও।
রাজধানীর মিরপুরের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী ওয়াহিদুর রহমান জানান, তার ছয় বছরের ছেলে আপেল খেতে পছন্দ করে। প্রায়ই বাবার কাছে আপেল কিনে আনার আবদার জানায়।
কিন্তু প্রতি কেজি আপেলের দাম ৪০০ টাকার কাছাকাছি হওয়ায় সেই আবদার পূরণ করাও কঠিন হয়ে উঠেছে।
দেশি ফলও যে খুব সস্তা নয়, তা বোঝাতে ওয়াহিদুর বলেন, তিনটি পেয়ারা কিনতেই এক কেজি হয়ে যায়। দাম ১২০ টাকা। অর্থাৎ প্রতিটি পেয়ারার দাম পড়ে প্রায় ৪০ টাকা।
অন্যদিকে অনেক মানুষ শারীরিক কারণে নির্দিষ্ট কিছু ফল ছাড়া অন্য ফল খেতে পারেন না।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি আপেল ও নাশপাতি ছাড়া অন্য ফল খেতে পারেন না।
ফলে ফলের উচ্চ দাম শুধু সাধারণ কেনাকাটার বিষয় নয়, বিশেষ খাদ্যচাহিদা রয়েছে এমন মানুষের জন্যও সমস্যা তৈরি করছে।
শুল্ক–কর কমানোর সুপারিশ
ফলের দাম সাধারণ মানুষের নাগালে আনতে শুল্ক–কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে আপেল, কমলা, আঙুর, নাশপাতি ও আনারের পর্যাপ্ত বাণিজ্যিক উৎপাদন নেই। এসব ফলের চাহিদা পূরণে মূলত আমদানির ওপর নির্ভর করতে হয়।
তাই এসব ফলের ওপর উচ্চ শুল্ক আরোপ করে দেশীয় কোনো ফল উৎপাদনশিল্পকে প্রতিযোগিতা থেকে সুরক্ষা দেওয়ার যুক্তি নেই বলে মনে করছে কমিশন।
বরং বিলাসপণ্যের মতো উচ্চ শুল্ক–কর আরোপের ফলে স্থানীয় বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। এতে পুষ্টিসমৃদ্ধ খাবার নিম্ন ও সাধারণ আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং বৈধ আমদানিও কমছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান মনে করেন, ফলকে বিলাসপণ্য হিসেবে বিবেচনার যৌক্তিকতা নেই।
তিনি বলেন, ডলার সংকটের কারণে একসময় ফল আমদানিতে শুল্ক–কর বাড়ানো হয়েছিল। বর্তমানে সেই সংকট না থাকায় ফলের ওপর আরোপিত কর কমিয়ে দেওয়া যেতে পারে।


